একটি অভিজ্ঞতা এবং কয়েকটি স্থায়ী প্রশ্ন : ঊর্মিমালা
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২৬ জুলাই ২০২০ | ৪৩৫০ বার পঠিত | মন্তব্য : ১১
এর মধ্যে নতুন উপদ্রব করোনা সেন্টার এবং মানুষের আতঙ্কে বিকারগ্রস্ত আচরণ। বাড়ির পাশের হস্পিটাল সামান্য জ্বর কাশি হলেও পাঠিয়ে দিচ্ছে করোনা সেন্টারে। সেখানে সুস্থ স্বাভাবিক কোনো মেন্টেনেন্স নেই। যে কেউ, যার সরকারি হস্পিটালের অভিজ্ঞতা আছে, সে আন্দাজ করতে পারবে সরকারি কোয়ারেন্টাইন সেন্টার কিরকম হতে পারে। শুধু অব্যবস্থা তো নয়, সাথে জড়িয়ে আছে ভয়। যে ভর্তি তারও মানসিক অবস্থার অবনতি হবে। যারা কাজ করছে ওই সেন্টারে, তারাও ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দার হয়ে দুরুদুরু বুকে কতটাই বা পরিষেবা দেবে। এরপর আশে পাশের মানুষজন যদি শোনে কোভিড সেন্টারে গেছে, রোগী এবং তার পরিবারের করোনা হোক না হোক, বাড়িতে-এলাকায় স্বাভাবিক ভাবে থাকা যে আর হবেনা এটা নিশ্চিত। যদি বাড়ি বয়ে একদল আতঙ্কগ্রস্ত কুসংস্কারাচ্ছন্ন লোকজন মারতেও আসে, মৃত্যুর আগে যে প্রশাসন এসে পৌঁছাবে না এ গ্যারান্টি দেওয়াই যায়। পৌঁছালেও সেটা ওই ১-২% ব্যতিক্রম লিস্টে। ফলে বাবা এবং বাবার মতো বহু মানুষ যে কোনো ধরনের অসুখই অত্যন্ত যত্নে লুকিয়ে রাখছে। এমনকি নিজের বাড়ির লোকের থেকেও।