এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • গোমতীর মতি

    Prasun Das লেখকের গ্রাহক হোন
    ১২ আগস্ট ২০২৬ | ১১১ বার পঠিত
  • সব কাণ্ড কাল্পনিক#৫

    গোমতীর জীবনে উচ্চাকাঙ্ক্ষা বলিতে বিশেষ কিছুই ছিল না—প্রভাতে খানিক ঘাস, মধ্যাহ্নে জাবর, সন্ধ্যায় গোয়ালে প্রত্যাবর্তন; ইহার অধিক জীবন সম্বন্ধে তাহার কোনো কৌতূহল ছিল না। হ্যাঁ, ঠিকই ধরিয়াছেন, রামুকাকার বাড়ির গাভীর নাম গোমতী।

    দুঃখের বিষয় কিন্তু মানুষ তাহাকে আর সুখে থাকিতে দিল না।

    একদিন এক খবরসংগ্রাহক আসিয়া গোমতীর সম্মুখে দাঁড়াইয়া কহিলেন,
    “মা, আর কতদিন ঘাস খাইবে?”

    গোমতী ঢুলু ঢুলু চক্ষে জাবর কাটিতে কাটিতে কহিল,
    “কেন?”

    চপল লোকটি কহিলো “দেশ এগাইতেছে। এখন গাড়ি চলে E20 পেট্রোলে। অতি শীঘ্রই CU20 আসিবে—অর্থাৎ Cow Urine Twenty। তোমার অবদান ছাড়া দেশের উন্নতি অসম্ভব। তোমার মূত্রে গাড়ি চলিবে, দেশ চলিবে, এমনকি এমনকি...." চক্ষু বিস্ফারিত করিয়া গদগদ হইয়া আরও কিছু বলিতে গিয়ে তাহার জিভ জড়িয়া গেল।

    চর্বণ বন্ধ করিয়া গোমতী কিছুক্ষণ তাহার মুখের প্রতি চাহিয়া রহিল।

    “তাহা হইলে,” সে কহিল, “আমার দুধের কী হইবে?”

    “দুধ অমূল্য।”

    “গোবর?”

    “অতিশয় মূল্যবান।”

    “আর আমি?”

    ছোকরা একটু চিন্তা করিয়া কহিলো
    “তুমি তো মা!”

    গোমতী প্রমাদ গুনিলো; মানুষ যখন অতি ভক্তি দেখায় তখন তাহার পশ্চাতে নিশ্চয়ই কোনো না কোনো অভিসন্ধি রহিয়াছে - ইহা তাহার পুর্ব অভিজ্ঞতা থেকে জ্ঞাত।

    এহেন গোমতীর খ্যাতি চারিদিকে ছড়াইয়া পড়িল। কেহ কহিলেন, গোমূত্রে গাড়ি চলিবে; কেহ কহিলেন, ইহা দেশের জ্বালানি-সংকট দূর করিবে; কেহ আবার আরও এক ধাপ অগ্রসর হইয়া ঘোষণা করিলেন—ভবিষ্যতে ইহা দ্বারা মহাকাশযানও চালানো সম্ভব!
    উঠতি রসায়নবিদরাও কেন পিছিয়ে রহিবেন। তাহারা আনিলেন গোমূত্রের গোলগাপ্পা, গোইসক্রিম সঙ্গে গোবরের toppings, গায়ে মাখার জন্য গ্যালোভেরা ইত্যাদি ইত্যাদি।

    ইহার পর আর-এক সংবাদ আসিল—গরুর সংসদে প্রতিনিধিত্ব থাকা উচিত।

    গোমতী মনে মনে অত্যন্ত প্রীত হইল।

    “এতদিনে,” সে ভাবিল, “আমার কথাও বুঝি কেহ শুনিবে।”

    তাহাকে রাজধানীতে লইয়া যাওয়া হইল। সাংবাদিকেরা চারিদিক হইতে ঘিরিয়া ধরিল।

    একজন জিজ্ঞাসা করিল,
    “মাননীয়া গোমতী দেবী, সংসদে আপনার প্রথম দাবি কী?”

    গোমতী গম্ভীর মুখে কহিল,
    “ঘাসের দাম কমাও।”

    “দ্বিতীয় দাবি?”

    “আমাকে শান্তিতে ঘাস খাইতে দাও।”

    “তৃতীয় দাবি?”

    গোমতী শান্ত চোখে জাবর কাটিতে রহিল। বেলা গড়িয়ে গেল। জাবর কাটা চলিতেই লাগিল।
    সবাই হতাশ হইয়া ফিরিয়া গেল।
    শুধু এক উচ্চাকাঙ্ক্ষী খবরদাতা রহিয়া গেল ধৈর্য ধরে।
    তারপর, সুযোগ বুঝিয়া সে তার প্রশ্নের ডালা খুলিয়া বসিল।

    “আপনি কি রাজনীতিতে সক্রিয় হইতে চান?”
    গোমতী চোখ বড় বড় করিয়া কহিল,
    “না বাবা, আমরা রাজনীতি বুঝি না। শুধু এটুকু বুঝি—আমাদের নামে ভোট চাওয়া হয়, আমাদের নামে প্রকল্প হয়, আমাদের নামে বক্তৃতা হয়; কিন্তু শেষে ঘাসটা কোথায় গেল, তাহা কেহ জানে না।”

    "দেশের জ্বালানি নীতি সম্পর্কে...”

    প্রশ্ন শেষ করিতে না দিয়ে গোমতী কহিল,
    “আমি গাভী; পেট্রোল পাম্প নহি।”

    সাংবাদিকেরা তাহা লিখিয়া লইল। কিন্তু পরদিন কাগজে প্রকাশিত হইল—
    “গোমতী দেবী দেশের জ্বালানি-নীতির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করিয়াছেন।”

    গোমতী সংবাদপত্র চিবিয়া থুড়ি পড়িয়া কিছুক্ষণ নীরব থাকিল।

    তখনই এক ব্যক্তি দৌড়াইয়া আসিয়া কহিল,
    “মা! আরও একটি সুখবর। বাজারে নতুন পানীয় বাহির হইয়াছে—Cow-ka Cola!”

    “কী দিয়া প্রস্তুত?”

    “দেশীয় গোবরের ফ্লেভার।”

    গোমতী ভ্রূ কুঞ্চিত করিয়া কহিল,
    “গোবরের আবার ফ্লেভার কী?”

    লোকটি কহিল, “দেশীয় স্বাদ।”

    “তবে তুমি পান কর।”

    “আমি প্রচারের লোক”

    “অর্থাৎ তুমি মানুষকে ভুল পথে চালনা করিয়া লইয়া চলো মস্তিষ্ক প্রক্ষ্যালক যন্ত্রে” গোমতী বলিল।

    লোকটি আর কোনো উত্তর না দিয়া চলিয়া গেল।

    কিন্তু আশ্চর্যের এখানেই শেষ নহে।

    কয়েক দিন পরে গোমতী শুনিল, পৃথিবীর গণ্ডি তাহার গোমূত্রের প্রতিভার পক্ষে নাকি অতি সংকীর্ণ; অতএব তাহাকে মহাকাশে প্রেরণের কথাও ভাবা হইতেছে।

    গোমতী আকাশের দিকে চাহিয়া দীর্ঘনিশ্বাস ফেলিল।
    "মানুষ বড় বিচিত্র," সে ভাবিল। ‘আমাকে প্রথমে মা করিল, পরে দেবী, তারপরে জ্বালানী। এবার মহাকাশে পাঠাইবে। আর একটু দিন গেলে বুঝি চাঁদের গায়ে লিখিবে—“এখানে গোমতীর গোচারণভূমি।"

    গোমতীর সন্তান পাশে দাঁড়াইয়া কহিল,
    “মা, আমরা কি তবে বাড়ি ফিরিব?”

    গোমতী কহিল,
    “চল।”

    “সংসদ?”

    “থাক।”

    “মহাকাশ?”

    “থাক।”

    “CU20?”

    গোমতী তাহার বাছুরের মাথায় সস্নেহে চাটি দিয়া কহিল,
    “সে সকল মহৎ কর্ম মানুষের জন্যই থাক। আমরা বরং মাঠে যাই।”

    বাছুর কহিল,
    “তুমি তবে মহৎ নও?”

    গোমতী মৃদু হাসিয়া কহিল,
    “না রে। আমি কেবল গরু। মহৎ হইবার ভার মানুষ নিজেই লইয়াছে।”

    এই বলিয়া গোমতী ধীরে ধীরে মাঠের দিকে চলিয়া গেল।
     
    প্রসূন দাশ
    ১২/০৮/২৬

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন