ফরাসি পারফিউমগুলো আসলে যে কারখানা দুটোতে তৈরি হয়, হয়তো আগেও বলেছি এ ব্যাপারে, উভয়েই ফরাসি দেশের প্রায় সীমান্ত ঘেঁষে আমাদের এই পাড়াতেই। একটায় তো একবার চাকরিই করতে যাচ্ছিলাম প্রায়, কিন্তু সে একেবারে অজ পাড়া গাঁ অঞ্চলে পাহাড়ি শহর ভার্নিয়ে তে। ভার্নিয়ে র নামের সঙ্গে আগে ফিজিক্স প্র্যাকটিকাল ক্লাসে পরিচিত হলেও এঁর নামে যে একটা জায়গাই আছে তা জানতাম না। সেই ভার্নিয়েতে বিশাল কোম্পানি জিভদঁ। তারা সমস্ত বিখ্যাত ফরাসি সুগন্ধি বানায়। শানেল থেকে ইভ সঁ লরঁ, গতিয়ে টতিয়ে, মোট কথা সমস্ত নিশ ব্র্যান্ডের যাবতীয় প্রোডাক্ট। আরো অন্যান্য সুগন্ধিও তৈরি করে। নির্জন সেই জায়গায় গেলে কেমন একটা ভয় ভয় করে। সেখানেই ল্যাবরেটরিতে নতুন নতুন সুগন্ধি তৈরি হয়, পরেনাম দেওয়া হয় মেড ইন ফ্রান্স।
তবে যেটা সেবারে জেনেছিলাম দেড়শো দুশো ফ্রাঙ্কের বিনিময়ে একটা ছোট্ট শিশিতে যে সুগন্ধি আমরা কিনি সেগুলোর আসল দাম মেরেকেটে চার পাঁচ ফ্রাংক হওয়া উচিত। কিন্তু তা হয় না। সবচেয়ে বেশি খরচটা চলে যায় শিশির ডিজাইন তৈরির পেছনে, বিজ্ঞাপনের পেছনে, আরও অনেক ফালতু বিষয়ে, অথচ মূল সুগন্ধিটুকুর দাম নিতান্তই কম। কেন কম? কারণ পুরোটাই সিনথেটিক। গোলাপের গন্ধ বানাতে একটি গোলাপ ও লাগে না। অর্থাৎ নিহত গোলাপও নেই, তাই বাছ বিচার ও নেই।
তো এইসব কথা বললাম এই কারণে, যে দামি সুগন্ধির কতগুলো বৈশিষ্ট্য থাকে। প্রধাণত তার আকর্ষণীয় সুগন্ধ তো বটেই, কিন্তু আরো দুটো দরকারি জিনিস হচ্ছে ব্যাপ্তি এবং দীর্ঘস্থায়ী হওয়া। অর্থাৎ sillage এবং longevity.
কোনও গন্ধ হয়ত ৬ থেকে ৮ ঘন্টা দিব্যি ভুরভুর করে মাতিয়ে রাখল। কোনওটা আরো বেশি সময় জানান দিলে যে সে মরে যায় নি। খুব বেশি দীর্ঘস্থায়ী হওয়া বা কম স্থায়ী হওয়া দুটোরই ঝামেলা আছে। স্বল্পস্থায়ী হলে দুতিন ঘন্টা পরপর সুযোগ বুঝে স্প্রে করে নিতে হবে। খরচ বেশি হবে। আবার দশ বারো ঘন্টা ধরে যদি গন্ধ দাপিয়ে বেড়ায় তাহলেও সমস্যা হতে পারে, শার্টের কলারে বা জামায় গন্ধ যদি না উবে যায় পুরোপুরি তবে কেচে ধুয়ে তার থেকে রেহাই পাওয়া ছাড়া উপায় নেই।
আরেকটা ভজঘট ব্যাপার হচ্ছে সিয়াজ বা ব্যাপ্তি। সিয়াজ কম থাকলে পাশের লোকজন গন্ধ পাবে, কিন্তু তা যদি বেশ বেশিরকমের হয়, তবে ওরকম সেন্ট মেখে ঘরে ঢুকলে সবাই সেই গন্ধমাদনের তেজ টের পাবে। হয়ত যে মেখেছে সে নিজে কিছুই টের পাচ্ছে না, তার নাকে বিন্দুমাত্র গন্ধও অনুভূত হচ্ছে না, এই ঘটনাকে বলে নোজ ব্লাইন্ডনেস। সে হয়ত ভাবছে গন্ধ হয়ত উবে গেছে, ঝপ করে সুযোগ বুঝে আরেকটু স্প্রে করে নিলো, তাহলেই কেলেঙ্কারি একশেষ হবে। তাই এই সমস্ত কিছুই মাথায় রাখা দরকার। যত ভালো গন্ধই হোক না কেন, মাত্রাতিরিক্ত হয়ে গেলে সকলের মাথা ধরে যাবে।
এই মাত্রাতিরিক্ত সিয়াজ এবং দীর্ঘস্থায়িত্ব একটু বেশিই দেখা যায় আরবী সুগন্ধির মধ্যে। পশ্চিমের দিকে এই ব্যালেন্সটা ঠিকঠাক। বিশেষ করে আরবী সুগন্ধির ক্ষেত্রে এই বাড়াবাড়ি রকমের সিয়াজের কারণ আমার মনে হয়েছে বেস নোটের মধ্যে আগর উড ( বাংলায় যাকে অগরু বলে থাকি) এর ব্যবহার। তাও সত্যিকারের অগরু তো নয়, সবই সিনথেটিক অর্থাৎ ল্যাবরেটরিতে তৈরি। এবং মধ্যপ্রাচ্যের অধিকাংশ সুগন্ধিতেই অ্যাম্বার, মাস্ক, জেসমিন, রোজ, চন্দন, ইত্যাদির সঙ্গে উড ( অগরুর সংক্ষিপ্ত জাকনাম) না মেশালে যেন চলেই না।
এরপরে বিবিধ নোট সম্পর্কেও বলাই যায়। নোটের পিরামিডে মূলতঃ তিনটি স্তর। বেস নোট, যেটা সবচেয়ে ভারি, যেটা হৃদগগনের পবনকে সৌরভে মন্থর করে দেবার ক্ষমতা রাখে, তার ওপরের স্তরে মিডল নেট বা হার্ট নোট, বুকে ছুরি বসিয়ে দিতে পারার মতো। এবং একদম ওপরের চুড়ায় বসে থাকে টপ নোট। তবে সস্তার পারফিউমে সবসময় এই তিনটে লেয়ার থাকে না।
পরে লিখছি। হাতে ব্যাথা করছে।