এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  রাজনীতি

  • একুশ শতকে মার্ক্সঃ পুঁজি ও রাষ্ট্রের চেহারা 

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    আলোচনা | রাজনীতি | ০৪ নভেম্বর ২০২৬ | ৭৬৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • একুশ শতকে মার্ক্সঃ পুঁজি ও রাষ্ট্রের চেহারা
    [ নভেম্বর বিপ্লবের বার্ষিকীতে কিছু বিতর্কিত প্রশ্ন নিয়ে এলোমেলো চিন্তা]

    আমরা যারা রাঙা সূর্যের স্বপ্ন দেখেছিলামঃ

    স্বাধীনতার ঠিক পরে পরেই জন্মেছে আমাদের প্রজন্ম। আমাদের কাছে মার্ক্সবাদের আবেদন ছিল নৈতিক। মায়ের পেটের থেকে মানবশিশুরা জন্মায় সমান বৈশিষ্ট্য নিয়ে। তাহলে এই পৃথিবীর মাটিতে এবং জল-জঙ্গল-আলো-বাতাসে ওদের সমান অধিকার কেন হবে না?
    আমার জন্মের কয়েক বছর আগেই ঘটে গেছে কৃষকদের তেভাগা তেলেঙ্গানা অভুত্থান, জন্মের পর জামশেদপুরে একমাস ধরে শ্রমিকদের হরতাল, কোলকাতায় ট্রামভাড়া বৃদ্ধির প্রতিবাদে মধ্যবিত্তের পথে নামা এবং খাদ্য আন্দোলন।

    এদিকে রাশিয়া ও চিনে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকারের অর্থনৈতিক সাফল্য এবং সাধারণ মানুষের জন্যে অন্ন-বস্ত্র-স্বাস্থ্যের এবং শিক্ষার নিশ্চিতি ভরসা দিল যে বিশ্বে “বিপর্যস্ত ধনতন্ত্র, মুখে তার রুদ্ধ আর্তনাদ,
    আসে শত্রুজয়ের সংবাদ”।

    সত্যিই তো, কিউবা, উত্তর কোরিয়া, আলবেনিয়া—সমাজতান্ত্রিক শিবিরের সদস্য সংখ্যা যে বেড়েই চলেছে। আমেরিকার বোমারু বিমান থেকে ফেলা নাপাম বোমায় বাতাসে আগুন ধরছে, তবু বীরের মত প্রতিরোধ করছে ভিয়েতনাম, লাওস ও কাম্বোডিয়া। ওদিকে ব্রহ্মদেশে, মালয়ে, ইন্দোনেশিয়ায়, ফিলিপাইন্সে গেরিলাদের সজীব উপস্থিতি। তাহলে বিশ্ববিপ্লবের ভরকেন্দ্র এখন ইউরোপ থেকে সরে এসেছে এশিয়ায়?
    “মরুভূমির কড়াইতে টগবগ টগবগ করছে ফুটন্ত তেল—
    ভাগো!
    রবারের বনে বনে ঝুলছে দড়ির ফাঁস—
    পালাও”।
    তাই আমরা একে অন্যকে বলছিলাম—‘একটু পা চালিয়ে ভাই’!
    কিন্তু ভেতরে ভেতরে কি কোথাও গাঁথনিতে চিড় ধরছিল, ঘুণপোকার কুর কুর শব্দ শোনা যাচ্ছিল? গেলেও বা, আমরা কান দিইনি ?
    আমরা দেখছিলাম বিজ্ঞানের জয়য়াত্রা, চিন্তায় যুক্তিবাদের অগ্রগতি—চাঁদের মাটিতে মানুষ পা রেখেছে। মানুষের গড় আয়ু বেড়ে যাচ্ছে। দেশের পিছিয়ে থাকা অন্ধকার জনবসতিতেও শিক্ষার আলোক পৌঁছুচ্চে, যদিও ধীমে গতিতে।
    কিন্তু গত শতাব্দীর শেষে নব্বইয়ের দশকে এল ভুমিকম্পের ঝাঁকুনি—গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকার সেই কম্পন কোন রিখটার স্কেলে মাপা যায় নি। তবে সমাজতান্ত্রিক শিবির ধুলিসাৎ!

    “শূন্যপথে চাই,
    আজ তার কোন চিহ্ন নাই”।

    উসুরি নদীর নির্জন দ্বীপ চেনপাওয়ের দখল নিয়ে বরফের ওপর রক্ত ঝরল দুই সমাজতান্ত্রিক দেশের সৈনিকের। কমিউনিস্ট ভিয়েতনাম আক্রমণ করল রেড খমের সরকারের কাম্বোডিয়াকে। কাম্বোডিয়ার তান্ত্রিক সাম্যবাদের পরীক্ষা নিরীক্ষা শেষ হল ‘কিলিং ফিল্ডে’ উদাসীবাবার নরকরোটির স্তুপে।

    কিন্তু আমরা যে কবি সুভাষের ‘মুখুজ্জের সঙ্গে আলাপ’ কবিতায় উচ্চারিত ভবিষ্যবাণীর প্রতিটি শব্দকে বিশ্বাস করেছিলাম।
    “কিন্তু ভয়ের কিছু নেই
    যুদ্ধ না হওয়ার দিকে।
    আমাদের মুঠোয় আকাশ,
    চাঁদ হাতে এসে যাবে”।

    আজ গোটা বিশ্ব জুড়ে মানুষ আঁকড়ে ধরছে নিজের নিজের ধর্মীয়, জাতিগত এবং ভাষাগত পরিচয়কে, তার জন্যে যদি প্রতিবেশি সহ-নাগরিকের রক্ত ঝরে তো ঝরুক। মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতার অধিকার যদি আস্তাকুঁড়ে যায় তো যাক।

    আজ ধর্ম-নিরপেক্ষতা (সেকুলারিজম) একটি চার অক্ষরের শব্দ, আর সমাজতন্ত্র? সে তো কবেই বনবাসে গেছে।
    আজ নতুন করে লেখা হচ্ছে ইতিহাস, তাতে তথ্য-যুক্তি-সাক্ষ্যকে হঠিয়ে দিচ্ছে চারণ ও ভাটদের বীরগাথা ও হৃত অতীতের জন্যে রুদালিদের বুক-চাপড়ানো মর্সিয়া বা শোকগাথা।

    কিন্তু চিতাভস্মেও তো জল ঢালতে হয়। ভুমিকম্পের ধ্বংসস্তুপ সরিয়ে মানুষ আবার গড়ে তোলে জনবসতি। সময় এগিয়ে যায়।
    তাই শুরু হয়েছে আগের সমস্ত মার্ক্সীয় উপপাদ্যকে আজকের সময়ের নিরিখে ফের পরীক্ষা করে দেখা, দরকার মত সংশোধন করে নেওয়া। দেকার্ত বলেছিলেন—সমস্ত আপ্তবাক্যকে আগে বাজিয়ে দেখতে হবে, চ্যালেঞ্জ করতে হবে। তারপর উপলব্ধ সাক্ষ্যের ভিত্তিতে ঘেঁটে দেখতে হবে কোন আপেলগুলোয় পচন ধরেছে আর কোনগুলো অক্ষত।
    ডারউইন শিখিয়েছেন যে প্রবল প্রতাপশালী ডাইনোসর- কুল বিলুপ্ত হয়ে গেছে সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারায়, আর এই জন্যেই মানুষ রয়ে গেছে।

    ফলে বিশ্বজুড়েই প্রশ্ন উঠছে, নতুন করে ভাবা হচ্ছে। ঋত্বিক বলেছিলেন না—ভাবো, ভাবা প্র্যাক্টিস কর?

    প্রথমে দরকার প্রশ্ন তোলা, তবে তো উত্তর খোঁজা শুরু হবে। প্রথমে দরকার রোগনির্ণয়, তবে তো চিকিৎসা শুরু হবে। আর যদি ভাবি, সবকিছু ঠিক আছে, শুধু মানুষ বদলে গেছে, বড্ড ভোগবাদী ও আত্মকেন্দ্রিক হয়ে গেছে—তাহলে ভগবান মার্ক্স আমাদের রক্ষা করুন!

    প্রশ্নগুলো কী?
    এক, মার্ক্সবাদ কি বিজ্ঞান?
    দুই, মার্ক্স তাঁর সমসাময়িক সমাজ -- মূলতঃ উনবিংশ শতাব্দীর ইউরোপের শিল্পবিপ্লবের পরবর্তী- দেখে পুঁজির চরিত্র ও চলন সম্বন্ধে যা লিখেছিলেন আজ একুশ শতাব্দীর তথ্যবিপ্লবের পর সেই চরিত্র অক্ষুণ্ন আছে কি নেই?
    তিন, রাষ্ট্রের চরিত্র এবং তার ভবিতব্যের ব্যাপারে মার্ক্স ও লেনিনের অনুমান আজ কতটুকু বাস্তব সম্মত?
    প্রশ্ন আরও আছে। কিন্তু স্বল্প পরিসরে ওই তিনটি মৌলিক প্রশ্ন নিয়ে আলোচনাই যথেষ্ট বিতর্কের জন্ম দেবে বলে আমার ব্যক্তিগত ধারণা।

    মার্ক্সবাদ কি বিজ্ঞান?
    এক, কোন নামের সঙ্গে ‘বাদ’ প্রত্যয় জুড়ে দিলে সেটি একটি চিন্তাধারা ও তার অনুগমন বোঝায়, অর্থাৎ সেটা এক স্থান-কালের অতীত একটি ‘ক্লোজড্‌ মডেল’ হয়ে যায়। কোন ধর্মের আদি গ্রন্থের মত( বেদ-গীতা-কুর্‌আন-বাইবেল, জেন্দ্‌ আবেস্তা) তার একটি অক্ষরও পরিবর্ত ন করা সম্ভব নয়। করলে সেটা হবে ঈশ্বর-নিন্দা বা ব্লাসফেমির সমতুল্য।

    কিন্তু বিজ্ঞানে তো চরম এবং পরম বলে কিছু নেই। নতুন আবিষ্কার বা তথ্যের প্রভাবে পুরনো তত্ত্ব ও ধারণা বদলে যেতে পারে। যেমন আলোর চলন নিয়ে নিউটনের সরলরৈখিক তত্ত্বকে খারিজ করে হিউজেনের তরঙ্গ তত্ত্ব এবং তাকেও পেছনে ফেলে দিল ম্যাক্সওয়েলের ইলেক্ট্রোম্যাগনেটিক তত্ত্ব এবং ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তার মানে এই নয় যে পুরনো তত্ত্বগুলো একেবারে ভুল। বরং বলা উচিত ওরা কিছু সংকীর্ণ পরিস্থিতিতে সত্য। অর্থাৎ ওদের সত্যি নিশ্চিত কিছু পরিস্থিতির শর্তাধীন।

    দেখাই যাচ্ছে, বিজ্ঞানের সত্য হল কন্টিনজেন্ট ট্রুথ, যে সত্য স্থান-কাল-পরিস্থিতি নির্ভর।
    লেনিন তাঁর ‘মেটেরিয়ালিজম অ্যান্ড এম্পিরিও-ক্রিটিসিজম’ গ্রন্থে (১৯০৯) স্পষ্ট করে দেখিয়েছেন যে বিজ্ঞানের সত্য আসলে সময়ের অধীন অসংখ্য রিলেটিভ ট্রুথ বা আপেক্ষিক সত্যের চলমান সিরিজ মাত্র। যেমন ধরুন, ফ্রান্সের রাজধানীর নাম প্যারিস –এটা বিষয়গত সত্য (অব্জেক্টিভ ট্রুথ), কিন্তু অ্যাবসলুট ট্রুথ বা পরম সত্য হতে পারে না।[1]
    ভবিষ্যতে ফ্রান্সের রাজধানীর নাম বদলে যাবে কিনা, বা অন্য কোন শহর ফ্রান্সের রাজধানী হবে কিনা তার গ্যারান্টি আছে কি?

    দুই, এই ব্যাপারটিকেই কার্ল পপার তাঁর বিজ্ঞানের দর্শন নিয়ে লেখায় অন্যভাবে বলেছেন যে কোন থিওরি বৈজ্ঞানিক কিনা তার যাচাইয়ের কষ্টিপাথর হল সেই থিওরি ভবিষ্যতে ভুল প্রমাণিত হতে পারে কিনা (ফলসিফিকেশন থিওরি)।
    তাহলে মার্ক্সবাদ যদি বিজ্ঞান হয়, তার ভুল হওয়ার বা তাঁর কোন কোন উক্তি বা প্রেডিকশন বদলে যাওয়া সময়ের নিরিখে ভুল হতে পারে—এই সম্ভাবনা প্রায় স্বতঃসিদ্ধ(অ্যাক্সিওম্যাটিক)।

    তিন, প্রখ্যাত অর্থনীতিবিদ জোয়ান রবিনসন কেরালার সেন্টার ফর ডেভলপমেন্ট স্টাডিজ থেকে প্রকাশিত তাঁর প্রবন্ধ সংকলনের একটি লেখায় লিখেছিলেন যে ১৯৬৫ সালে রাশিয়ায় ওদের অ্যাকাডেমিশিয়ানদের সঙ্গে একটি বৈঠকে উনি প্রশ্ন করেন যে মার্ক্স কি সর্বজ্ঞ ভগবান ছিলেন?
    -না, কখনই নয়। উনি একজন মানুষ।
    --তাহলে উনিও ভুল করতে পারেন।
    --হ্যাঁ, করতেই পারেন-- মানুষ যখন।
    --বেশ, তাহলে ওনার দু’একটা ভুলের কথা বলবেন কি?
    সবাই নিরুত্তর।

    মার্ক্স কথিত পুঁজির চরিত্র এবং একবিংশ শতাব্দী

    কার্ল মার্ক্সের মহাগ্রন্থ 'পুঁজি"র প্রকাশনার পর দেড়শ' বছর পেরিয়ে গেছে।
    বইটি যে পুঁজিবাদের বিকাশের অন্তর্লীন চালিকাশক্তির শ্রেষ্ঠ বিশ্লেষণ এ নিয়ে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে অ্যাকাডেমিক অর্থনীতিবিদ --প্রায় সবাই সহমত।
    যদিও মার্ক্সের সমসাময়িক অস্ট্রিয়ান স্কুল ( বম বাওয়ের,হায়েক ইত্যাদি) -- যাঁরা গণিতের ডিফারেনশিয়াল ক্যালকুলাস ও ইউলারের পার্শিয়াল ডেরিভেটিভের অর্থশাস্ত্রে প্রয়োগের মাধ্যমে কথিত মার্জিনালিস্ট রেভোলুশন ঘটিয়ে আজকের নিও-ক্ল্যাসিক্যাল স্কুলের ভিত তৈরি করেছিলেন— মার্ক্সের বিশ্লেষণের অ্যাবস্ট্রাকশন এবং অনুসন্ধানের সুবিধের জন্যে আবশ্যক অ্যাপ্রক্সিমেশনকে ধরতে না পেরে একে একধরণের অব্যবহারিক ভ্রান্ত বুদ্ধিবিলাস বলে খারিজ করার চেষ্টা করেছিলেন।(মার্ক্সের ক্যাপিটাল, খন্ড ৩ নিয়ে অস্ট্রিয়ান স্কুলের অধ্যাপক বম বাওয়েরের ব্যঙ্গোক্তি প্রসিদ্ধ)।[2]

    পুঁজিবাদি অর্থনীতির বিশ্লেষণের তিনটি আলাদা অভিমুখ বা অ্যাপ্রোচঃ

    আসলে ওঁদের উৎসাহ ছিল বাজার অর্থনীতির একটি ইউনিট (micro economics)--উপভোক্তা হোক বা উৎপাদক--কে দূরবীক্ষণের নীচে ফেলে তার গতিপ্রকৃতি অনুধাবন করা। উদ্দেশ্য ছিল এটা প্রমাণ করা যে বাজারের অদৃশ্যশক্তি যে সবকিছুকে শুধু সাম্যাবস্থায় (ইকুইলিব্রিয়াম) নিয়ে আসে তাই নয়, শেষ বিচারে শ্রমিক/মালিক সবাইকে তাঁদের উৎপাদনে যোগদানের ভিত্তিতে উপযুক্ত পুরষ্কার দিয়ে সমাজে ন্যায়ের শাসনকে শক্তপোক্ত করে। অর্থাৎ, মার্ক্সের যে মূল নৈতিক অবস্থান—পুঁজির মালিক কেবল মালিক হওয়ার সুবাদে শ্রমের ফসল যে উদ্বৃত্ত মূল্য সেটা আত্মসাৎ করে শ্রমিককে বঞ্চিত করে—সেটাকে আক্রমণ করা।

    এদিকে লর্ড কেইন্সের যোগদান হল বাজারের (মার্কেট সিস্টেম) অর্থব্যবস্থায় সাম্য ফিরিয়ে আনার "অদৃশ্য হাত"এর ক্ষমতার তত্ত্বকে খারিজ করা এবং আয়বৃদ্ধির ও ক্রয়ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাজারে প্রভাবী চাহিদা কীভাবে পূর্ণ রোজগারকে (ফুল এমপ্লয়মেন্ট) প্রভাবিত করে তা খুঁটিয়ে দেখা।এই বিশ্লেষণ অবশ্যই অল্পকালীন। ওঁর বিখ্যাত উক্তিটি হল—ইন দ্য লং রান, উই আর অল ডেড!

    আবার মার্ক্সের অধ্যয়নের অভিমুখ হল সমগ্র পুঁজিবাদী অর্থনীতির (macro-economics) চালিকাশক্তিকে খুঁজে বের করা। সেই অর্থে মার্ক্সের অধ্যয়ন এক দীর্ঘকালীন গতিশীলতার (long term dynamics) বিশ্লেষণও বটে।

    কিন্তু বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে তিনটে ব্যাপার ঘটল।
    এক, তিরিশের দশকের বিশ্বজোড়া মন্দার ফলে দেখা গেল বাজারের চাহিদা/যোগান দাঁড়িপাল্লার ওঠানামার পেছনে কোন অদৃশ্য নিয়ন্তা নেই আর বাজারের ভরসায় ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হওয়ার দিন শেষ।

    দুই, নবগঠিত সোভিয়েত যুক্তরাষ্ট্রের সাতশালা পরিকল্পনার সফলতা সকলের চোখ টানল সংকটমোচন হিসেবে রাষ্ট্রের ভূমিকার দিকে।

    এদিকে কেইন্স তাত্ত্বিক ভাবে বাজারের অন্ধশক্তিকে নিয়ন্ত্রণ করে কল্যাণকারী রাষ্ট্র (welfare state) ব্যবস্থার মডেল তৈরির ভিত্তি স্থাপন করলেন। ক্রমশঃ রাষ্ট্রের অর্থনীতির বা পুঁজির বৃদ্ধির (গ্রোথ) জায়গায় বিকাশ (ডেভেলপমেন্ট) শব্দটির গুরুত্ব বাড়ল এবং গড় রাষ্ট্রীয় আয় (ন্যাশনাল ইনকাম) বা সমগ্র ঘরোয়া উৎপাদন (জিডিপি) আর্থিক প্রগতির বড় মাপকাঠির স্বীকৃতি পেল। এরপরে অন্য অনেক সূচক , যেমন মানব উন্নয়নের বিভিন্ন সূচক ( যাতে মাথাপিছু স্বাস্থ্য ও শিক্ষার ব্যয়, ভোজনে পুষ্টি ও ক্যালোরি) সামনে এল।

    তিন, এইসব ব্যববহারিক টোটকার প্রয়োগের পাশাপাশি মার্ক্সের পুঁজির ও শ্রমের গতিপ্রকৃতি নিয়ে বিশ্লেষণ অ্যাকাডেমিক স্বীকৃতি পেল।

    জোয়ান রবিনসন লেবার থিওরি অফ ভ্যালু বা উৎপাদনে মূল্য সৃজনে শ্রমের বিশিষ্ট ভূমিকার তত্ত্ব না মানলেও মার্ক্সের অর্থনীতির বাকিটুকু মানেন। আর্থিক শোষণের তত্ত্বটূকু মানেন। [3]
    কেউ কেউ মার্ক্সের পুঁজির শক্তির বিশ্লেষণের পদ্ধতিতে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির অ্যাপ্রক্সিমেশন টেকনিকের প্রয়োগ প্রথমে ধরতে পারেন নি।
    (পল সুইজি[4] ও মরিস ডব[5] এগুলো পাখিপড়ার মত করে বুঝিয়ে দিয়েছেন)।

    এর পরে এল মার্ক্সের ক্যাপিটাল গুডস/ কন্জিউমার গুডস ( উৎপাদক পণ্য ও উপভোগ পণ্য) আদি দুই সেকটর মডেলে র ট্রান্স্ফর্মেশন প্রবলেম বা ভ্যালু ও প্রাইস (মূল্য ও দাম) এ অনায়াস বিচরণ/পরিবর্তনের সমস্যা।
    এর সবচেয়ে সফল সমাধান করলেন বিশ্বযুদ্ধের সময় ইতালি থেকে প্রাণ নিয়ে কেম্ব্রিজে পালিয়ে আসা প্রতিভাবান মার্ক্সবাদী অর্থনীতিবিদ পিয়েরো স্রাফা তাঁর Production of Commodities by means of Commodities[6] গ্রন্থটিতে;( বইটি অন্তর্জালে পাওয়া যায়।)

    কিন্তু এহ বাহ্য। মার্ক্সের দর্শন সবকিছুর ব্যাখ্যা করে ডায়নামিক ভাবে, পরিবর্তন ঘটানোর আশায়। তাই পুঁজি গ্রন্থটি শুধু পুঁজিবাদী অর্থনীতির নাড়ি দেখে রোগনির্ণয় করে ক্ষান্ত নয়, সে পথ দেখায় পরিবর্তনের। ক্ষয়িষ্ণু পুঁজিবাদী সমাজের মৃত্যুঘন্টা বাজিয়ে নতুন সমাজ গঠনের যেখানে প্রথমে শ্রমিক শ্রেণী ও পরে সমগ্র মানবজাতি উত্তীর্ণ হবে নিয়ন্ত্রিত থেকে নিয়ন্তার ভূমিকায়।; হবে মজুরিদাস থেকে মুক্ত স্বাধীন মানুষ।

    এই বইয়ের প্রথম প্রকাশনের ৫০ বছর পরে নতুন সোভিয়েত রাষ্ট্র জন্ম নিল; ব্যক্তি পুঁজি বাজেয়াপ্ত হয়ে রাষ্ট্রীয় পুঁজি হল। আমরা জানতাম এ হল প্রথম হাঁটি হাঁটি পা পা। স্বপ্ন দেখেছিলাম যে অচিরেই আমাদের জীবত্কালেই "মিলাবে মানবজাত"। কিন্তু তার পরেও এক্শ বছর কেটে গেল। স্বপ্ন সফল হল না। লেনিনের সাম্রাজ্যবাদ বা মুমুর্ষু পুঁজিবাদ রক্তবীজের বংশধর হয়ে দেখা দিল। মে দিবসে শিকাগোর হে মার্কেটে রক্তের বিনিময়ে অর্জিত "আট ঘন্টা কাজের দাবি" আজ এক অলীক রূপকথা।
    তাই এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আত্মবিশ্লেষণ দরকার গলদ কোথায়?

    এই সামান্য লেখাটি এক অক্ষম প্রচেষ্টা মাত্র। আশা আছে, যোগ্য লোকজন আলোচনার রাশ ধরে তাকে একটি উপলব্ধিতে পৌঁছতে সাহায্য করবেন। এই মাত্র।

    আমরা যা শিখেছিলামঃ
    ব্ছর পঞ্চাশেক আগে অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায় একটি প্রবন্ধে দাস ক্যাপিটাল গ্রন্থটি সম্বন্ধে মন্তব্য করেছিলেন--'বহু আলোচিত, কিন্তু স্বল্পই পঠিত'। কথাটি বোধহয় আজ আরও বেশি সত্যি।
    আমাদের প্রজন্মও মার্ক্সের অর্থনৈতিক বিশ্লেষণের পাঠ নিয়েছে দুটি চটি বই থেকে--"মূল্য দাম মুনাফা" এবং "মজুরি দাম মুনাফা" থেকে-- যা আসলে ক্যাপিটালের প্রথম খন্ড লেখার সময় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে মার্ক্সের দুটি বক্তৃতা মাত্র।(যেমন হিন্দুধর্মের অধিকাংশ অনুগামীরা গীতা পড়েই সন্তুষ্ট, উপনিষদের ধার দিয়েও যান না।)আমার মত মোল্লার দৌড়ও মসজিদ পর্য্যন্ত!

    আমরা জেনেছিঃ
    ১ অ্যাকাডেমিক ইকনমিক্স উৎপাদনের জন্যে ভূমি, শ্রম, পুঁজি ও সংগঠন-- এই চারটিকে উপাদান হিসেবে গণ্য করে। কিন্তু মার্ক্সের মতে কেবল শ্রমশক্তিই হল আসল উৎপাদক। কারণ কেবল শ্রমশক্তিরই ক্ষমতা রয়েছে নিজের আবশ্যিক উপভোগের চেয়ে অতিরিক্ত (সারপ্লাস) উৎপাদন করবার। শুধু ভূমি, পুঁজি ও সংগঠন নিজে একলা একলা ভোগ্যবস্তু বা মূল্য ( ধরুন ব্যবহার মূল্য) সৃষ্টি করতে পারেনা।এইক্ষমতা স্পষ্টতঃ শুধু শ্রমশক্তিরই আছে।

    ২ প্রচলিত ধারণা অনুযায়ী মালিকশ্রেণী মুনাফা কামায় বাজারের চাহিদা-যোগানের ওঠানামা বা অস্থিরতার সুযোগ নিয়ে বেশি দামে জিনিস বিক্রি করে। কিন্তু মার্ক্স দেখিয়েছেন যে তা নয়; ওটা মাত্র অল্পকালীন ঘটনা, অতিরিক্ত মুনাফা বা ফাটকার ফল। আসলে স্বাভাবিক মুনাফার (নর্মাল প্রফিট) মূল নিহিত রয়েছে উৎপাদন প্রক্রিয়ার মধ্যেই; পণ্যদ্রব্যের মধ্যে সমাহিত গড়পড়তা সামাজিক শ্রমের সমান মূল্যে বিক্রি করেই; অর্থাৎ পণ্যটির শ্রমশক্তির সমতুল্য দামে বিক্রির মধ্যেই; বেশি দামে বিক্রি করে নয়।

    এখানে মার্ক্স কাঁচামাল যন্ত্রপাতি শ্রমশক্তি--সবগুলোকেই বিশ্লেষণের সুবিধার জন্যে একটি কমন ডিনোমিটারে পরিবর্তিত করে নিয়েছেন। তাহল সেগুলো উৎপাদনের জন্যে আবশ্যক গড়পড়তা সামাজিক শ্রমশক্তি।
    এইখানে কিন্তু অ্যাকাডেমিক ইকনমিক্সের দীর্ঘকালীন স্থিতিতে নর্মাল প্রফিট এর অবধারণা প্রায় তাই বলছে, যা মার্ক্সের পূর্ববর্তী রিকার্ডো আদি অর্থনীতিবিদ বলছিলেন -- অর্থাৎ, দীর্ঘকালে দাম ও উৎপাদন ব্যয় সমান সমান হয়। আর এর মধ্যেই থাকে নর্মাল প্রফিট। কাজেই মার্ক্স খুব উদ্ভট কিছু বলছিলেন না।

    ৩ কিন্তু মার্ক্সের মৌলিকতা হল উনি দেখিয়েছেন যে শ্রমিক পায় শ্রমশক্তির বদলে মজুরি। কতটুকু ? যতটা মূল্য সে দেয় বা উৎপাদন করে, ততটুকু? আদৌ নয়। তাকে দেওয়া হয় তার জীবনধারণের জন্যে সামাজিক ভাবে নির্ধারিত যতটুকু মূল্য দরকার --ঠিক ততটুকু।
    দেখা যায় যে কোন একটি দেশে একটি নির্ধারিত টেকনলজি (ক্যাপিটলের ব্যবহার) ও সামাজিক ভাবে খেটে খাওয়া মানুষের জন্যে আবশ্যক মূল্য উৎপাদন করতে কমবেশি আদ্দেক শ্রমসময় লাগে। বাকিটা সময় মজুরের শ্রম উদ্বৃত্ত মূল্য উৎপাদনে ব্যয় হয়। এই অতিরিক্ত সময়ে উৎপাদিত মূল্য বা উদ্বৃত্ত মূল্যই হল মুনাফার আধার। ওই মুনাফার বাঁটোয়ারা হিসেবে জমির মালিক পায় ভাড়া, পুঁজির মালিক পায় সুদ এবং সংগঠনের বা অন্তেপ্রেনেউরের পুরষ্কার হল লাভ।

    নিও-ক্ল্যাসিক্যাল অর্থনীতির “নৈতিক” যুক্তিঃ
    এখানে নিও-ক্ল্যাসিকাল অর্থনীতি ইউলারের পার্শিয়াল ডেরিভেটিভ এর সাহায্যে দেখায় যে যদি জমি, পুঁজি, মজুর ও সাংগ্ঠনিক মালিককে তাদের সীমান্ত উৎপাদনের (মার্জিনাল প্রোডাক্টিভিটি) হিসেবে মোট উৎপাদনের বাঁটোয়ারা করে দেয় তাহলে উদ্বৃত্ত কিছুই থাকে না। এবং এই বিতরণটি ন্যায় সংগত হয়। দেখুনঃ
    ধরা যাক, P হল উৎপাদনের সমগ্র আউটপুট, এবং p হল তার ইনপুটের সমন্বয়ের একটি হোমোজিনিয়াস ফাংশন, অর্থাৎ জমি (X ), পুঁজি(K) ও শ্রমের (L) এক ফার্স্ট অর্ডার হোমোজিনিয়াস ফাংশন— p = f(X, K, L)। তাহলে ইউলার থিওরেম অনুযায়ী
    P= X.dp/dx + K.dp/dK+ L. dp/dL।
    এখানে, dp/dx = জমির প্রান্তিক উৎপাদকতা ; X. dp/dx = জমির প্রান্তিক উৎপাদকতাকে গোটা জমির পরিমাণ দিয়ে গুণ করে যা পাই, অর্থাৎ উৎপাদনে জমির যোগদান। তাহলে জমির মালিককে যদি খাজনা বাবদ X. dp/dx এর সমান মূল্য ধরে দেওয়া হয় তা এই তত্ত্ব অনুযায়ী ন্যায়োচিত হবে।
    একইভাবে, dp /dL = শ্রমের প্রান্তিক উৎপাদকতা; L. dp /dL মানে উৎপাদনে সমগ্র শ্রমের যোগদান যা শ্রমের প্রান্তিক উৎপাদকতাকে শ্রমের সম্পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে পেলাম। এখন এই L. dp /dL এর সমান মজুরি যদি সব শ্রমিকদের দিয়ে দেয়া হয় তাহলে নালিশের কি আছে? বাপু, তোমরা এই উৎপাদন প্রক্রিয়ায় যা দিয়েছ, তাইতো পেয়েছ!
    একইভাবে dp/dK হল পুঁজির প্রান্তিক উৎপাদকতা; তাহলে K.dp/dK হল সমগ্র পুঁজিকে তার প্রান্তিক উৎপাদকতা দিয়ে গুণ করে যা পাই, অর্থাৎ পুঁজির সমগ্র উৎপাদকতা। তাই K.dp/dK এর সমান অংশ পুঁজির মালিকদের দিলে তা হবে ন্যায়োচিত সমগ্র মুনাফা।
    কারণ, এসবের যোগফল অর্থাৎX.dp/dx + K.dp/dK+ L. dp/dL হল মোট উৎপাদন P এর সমান। কাজেই এভাবে সমগ্র উৎপাদন বা আউটপুট ওই অনুপাতে সমগ্র ইনপুট মালিকদের ( ভুস্বামী, পুঁজিপতি ও শ্রমিক) মধ্যে বন্টন করে দিলে অবশেষ আর কিছুই থাকবে না। সবাই তাদের প্রান্তিক যোগদানের অনুপাতে ভাগ পেয়েছে।
    অর্থাৎ, যদি সমগ্র উৎপাদন জমি, শ্রম, পুঁজি, সংগঠনের সমন্বয়ের ফল হয় তবে সেই উৎপাদন খাজনা, মজুরি, সুদ ও লাভ হিসেবে ওদের মধ্যে বন্টনের ভিত্তি হওয়া উচিত প্রত্যেকটি উপাদানের প্রান্তিক উৎপাদকতা--তাহলেই কারও কোন নালিশ থাকবে না।
    যুক্তিটির মধ্যে রয়েছে মস্ত বড় ফাঁক। ষাটের দশকের রুশী অর্থনীতিবিদেরা তা ধরে ফেলেছিলেন।

    মজুরির কথাই ধরুন। মজদুরের প্রান্তিক উৎপাদকতা হল শেষ নিযুক্ত মজদুরটির শ্রমে মোট উৎপাদন কতটুকু বাড়ল। এখন একই দক্ষতা সত্ত্বেও একের পর এক মজদুর নিযুক্ত হলে প্রান্তিক মজদুরের উৎপাদকতা ক্রমাগত কমতেই থাকবে। এর জন্যে সে দায়ী নয়। দায়ী হল অর্থনীতির একটি বেসিক নিয়ম-- প্রান্তিক উৎপাদনের ক্রমহ্রাসমান নিয়ম ( Law of diminishing returns) -- উৎপাদনের অন্য উপাদানগুলি স্থির রেখে কোন একটির বিনিয়োগ বাড়ালে উৎপাদন বাড়বে, কিন্তু ঘটমান দরে।
    (জোয়ান রবিনসন অধ্যাপক স্যামুয়েলসনের সঙ্গে আলোচনায় দেখিয়েছিলেন প্রান্তিক মজদুরের উৎপাদকতার হিসেব কষতে যেহেতু ক্যাপিটালকে 'স্থির' ধরা হয়, তাই ওটিকে আদৌ প্রান্তিক মজদুরের উৎপাদকতা বলা সংগত নয়। উদাহরণস্বরূপ, তিনজন মজুরকে যদি দুটো কোদাল দিয়ে কাজ করতে হয়, তাহলে শেষ মজুরটির উৎপাদকতা কমবেই।)[7]

    অথচ, একটি নির্দিষ্ট ধরণের শ্রমশক্তির জন্যে সবাইকে একটি গড় মজুরি দেওয়া হয়, কখনই এক একজনকে তার উৎপাদকতা অনুযায়ী আলাদা আলাদা মজুরি দেওয়া হয় না। ফলে যখন মালিক শ্রমিকদের প্রান্তিক শ্রমিকটির উৎপাদন ক্ষমতার হিসেবে মজুরি দেবে তখন স্বভাবতই আগের শ্রমিকদের (যারা প্রান্তিক ও গড় উৎপাদকতার চেয়ে বেশি উৎপাদন করেছে) ন্যায্য পাওনার চেয়ে কম মজুরি দেওয়া হবে, এবং বাকি উদ্বৃত্ত উৎপাদন মালিকের পকেটে অতিরিক্ত লাভ হিসেবে পড়ে থাকবে।
    কারণ, সংগঠক-মালিকের মুনাফা হল সবাইকে দিয়ে শেষ পড়ে থাকা অংশটি (residual)।

    মার্ক্স এবং টেকনোলজির বিকাশ
    এসব ছেড়ে আবার মার্ক্সের মূল আলোচনায় আসি। উনি এবং বহু পরে শ্যুমপেটার উৎপাদনে টেকনিক্যাল উন্নতির ফল নিয়ে আলোচনা করেছেন। মার্ক্সের মতে যত প্রযুক্তির উন্নতি হবে তত শ্রমশক্তির জীবনধারণের জন্য আবশ্যক মূল্য উৎপাদনের সময় কমবে। পুরনো প্রযুক্তিতে যতটুকু সময়ে (ধরুন চার ঘন্টা) একটি নির্দিষ্ট মূল্য উৎপাদিত হত, এখন। মানে বিংশ শতাব্দীর শেষে, দুই বা তিন ঘন্টাতেই সেই পরিমাণ উৎপাদন হচ্ছে। কিন্তু শ্রমিক তো একটি নির্দিষ্ট শ্রমসময় ( ধরুন আট ঘন্টা) ধরে উৎপাদন করতে চুক্তিবদ্ধ। ফলে একই মজুরিতে সে আরও বেশি সময় মালিকের জন্যে উদ্বৃত্ত উৎপাদন করতে পরিশ্রম করছে।

    কিন্তু মার্ক্স আয়রন ল' অফ ওয়েজে বিশ্বাস করতেন না। সমসাময়িক সমাজতন্ত্রীরা ভাবতেন যে জীবনধারণের জন্যে আবশ্যিক মূল্যের সমপরিমাণ মজুরি পেলেই যথেষ্ট। এর বেশি চেয়ে আন্দোলন করে লাভ নেই। কিন্তু মার্ক্স দেখিয়েদিলেন যে মালিক বাস্তবে শ্রমিকের উৎপাদিত উদ্বৃত্ত মূল্যের পুরোটাই আত্মসাৎ করছে। তাই ট্রেড ইউনিয়নের লক্ষ্য হবে ক) মজুরি বৃদ্ধির জন্যে এবং খ) কাজের ঘন্টা কমানোর জন্যে লড়াই করা।
    ক) এর ফলে মালিকের আত্মসাৎ করা উদ্বৃত্ত মূল্যের কিছুটা শ্রমিক ফিরে পাবে, আর খ) এর ফলশ্রুতিতে মালিকের জন্যে উদ্বৃত্ত মূল্য নির্মাণে ব্যয়িত শ্রমিকের শ্রম কিছুটা কমবে।

    মার্ক্স সেই সময়ের এম্পিরিক্যাল ডেটা নিয়ে দেখিয়েছেন যে মজুরি বাড়লেই জিনিসের দাম বাড়বে এমন আশংকা অমূলক। বাস্তবে দাম বাড়ে অনেকগুলো কারণে। এর মধ্যে ক্ষমতাসীন সরকারের নীতিরও বিশেষ ভূমিকা থাকে। তবে মজুরি বাড়লে মালিকের মুনাফার হার কিছুটা কমে, মার্ক্সের তাই অভীষ্ট।
    এদিকে শ্রমিকশ্রেণীর জীবনধারণের স্তর বা গড়পড়তা আবশ্যক মূল্যের অনুমান দেশকাল নির্ভর। সেই সময়েই এবং এখনও আম্রিকা ও দ্বিতীয় বিশ্বের দেশের শ্রমিকদের ন্যুনতম জীবনযাত্রার মান ও তৃতীয় বিশ্বের শ্রমিকদের মান সমান নয়।
    আবার প্রযুক্তিগত উন্নতি উন্নততর ভোগ্যপণ্যের নির্মাণের মাধ্যমে শ্রমিকদের মধ্যেও নতুন নতুন আবশ্যকতা বা চাহিদা তৈরি করে।
    আজ একটি বেসিক মোবাইল শ্রমের সচলতার বৃদ্ধি ও উন্নত কম্যুনিকেশনের কারণে সাধারণ মজুরের জীবনেও আবশ্যক বস্তু।
    বাস্তবে কী দেখছিঃ
    পুঁজি ও শ্রমের সংঘর্ষ বা শ্রেণীসংগ্রামের মাধ্যমে অচিরেই শ্রমশক্তি বিক্রির আবশ্যক সময় কমানো,--মার্ক্স যেমন চেয়েছিলেন যে একটি সামাজিক ভাবে নির্ধারিত গড় চুক্তিবদ্ধ সময়—তা’ দু'দশকের মধ্যে বাস্তব হল। সম্ভব হল শিকাগোর হে মার্কেটের রক্তরাঙা লড়াইয়ের মধ্য দিয়ে, যার পুরোভাগে ছিলেন নারীশ্রমিকেরা। আটঘন্টা কাজের সময় নির্ধারিত হল আর শ্রমিক পেল আন্তর্জাতিক শ্রমিক দিবস ও রক্তে রাঙা লাল পতাকা।

    এদিকে মজুরি বৃদ্ধির আন্দোলন হয়ে গেল ট্রেড ইউনিয়নের মুখ্য কাজ। শুধু নমিনাল ওয়েজ বা টাকার মূল্যে মজুরি বৃদ্ধি নয়, আবশ্যক দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, বোনাস, স্বাস্থ্য/শিক্ষা/মাতৃত্ব/ মাগ্গীভাতা/ অবসরের সুবিধা/ পিএফ/ পেনশন/বীমা ইত্যাদি সুবিধা আদায়ের মাধ্যমে রিয়েল ওয়েজ বৃদ্ধির লড়াইয়েও তৎপর হল শ্রমিকশ্রেণী।

    কিন্তু "পুঁজি" রচনার দেড়শ' বছর পরে বিজ্ঞান ও প্রযুক্তির যে উন্নতি হয়েছে তা মার্ক্স দেখে যেতে পারেন নি। এর ফলে শ্রমিকের জীবনে এসেছে বিশাল পরিবর্তন। যে পরিমাণ ভোগ্যদ্রব্য আজ নিত্য জীবনযাত্রার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে তা অভাবিত। ডিজিটাল ও ন্যানো টেকনলজির যুগে দক্ষ শ্রমিকের মজুরি বেড়েছে।
    পশ্চিম ইউরোপের সমাজবাদী আন্দোলনের প্রতিফলনে ও কেইনসের নীতির প্রত্যক্ষ এবং মার্ক্সের পরোক্ষ প্রভাবে কিছু দেশে প্রচলন হয়েছে কল্যাণকারী রাষ্ট্রের অবধারণার। অনেক দেশে রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে বেকার যুবকের ও অবসরপ্রাপ্ত বৃদ্ধের এবং সমস্ত নাগরিকের বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা প্রদান করার।

    তাতে ডাস ক্যাপিটাল কথিত পুঁজিবাদের মূল সমস্যা, অর্থাৎ শ্রমিকের দ্বারা উৎপন্ন উদ্বৃত্ত মূল্যে ক্রমশঃ শ্রমিকের অংশীদারী কমে যাওয়া, উৎপন্ন বস্তু ও উৎপাদন প্রক্রিয়া থেকে শ্রমিকের বিচ্ছিন্নতা, ফলে মানুষের সমাজবিচ্ছিন্ন একাকী নিউরোটিক হয়ে যাওয়া এসব কি শেষ হয়ে গেছে? না শুধু আড়াল হয়েছে?

    নতুন বোতলে পুরনো মদঃ
    একটু খতিয়ে দেখুন। শুধু আইটি ইন্ডাস্ট্রির কথাই ধরুন, বিশ্বে ভারতীয়দের জন্যে নাকি এই ক্ষেত্রে বিশেষ চাহিদা রয়েছে।
    এখন আইটি কর্মীদের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কাজ করতে হয়, ঘরে বসেও অনেক সময় করা যায়। জীবনযাত্রার মান অনেক উন্নত। কোথায় দেড়শ' বছর আগের কারখানার ভোঁ শুনে লাইন দিয়ে অস্বাস্থ্যকর ফ্যাক্টরি শেডে ঢোকার দিন? চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমসে দেখানো ভেড়ার পালের দিনগত পাপক্ষয় কি আজ ঠাকুমার ঝুলিতে সেঁধিয়ে গেছে?

    --উঁহু, প্রোজেক্টের কাজে কেউ কেউ বিদেশে ঘুরে আসেন বটে, ছ'মাসে ন'মাসে; হয়ে যায় লোন নিয়ে বাড়ি গাড়ি।
    কিন্তু, কিছু সুবিধের বদলে ওই সিনেমায় দেখানো 'বিগ ব্রাদার ইজ ওয়াচিং' আজ আরও বড় সত্যি। কথায় কথায় হায়ার অ্যান্ড ফায়ার পলিসি আজ আরও বেশি নির্মম।
    কারণ, আইটি সেক্টরে ট্রেড ইউনিয়ন? ইন্ডাস্ট্রিয়াল রাইটস? হাসালেন মশাই। এইভাবে এই সেক্টরে প্রোডাকশন প্রসেস থেকে আইটি শ্রমিকেরা হয়ে যান আরও বেশি বিচ্ছিন্ন,।

    আর কাজের সময় কমানো? মার্ক্স যে দেখিয়েছিলেন উন্নত প্রযুক্তির ফলে আবশ্যক মূল্য নির্মাণে আবশ্যক সময় কমবে, তাই ট্রেড ইউনিয়নের দাবি শুধু মজুরি বৃদ্ধি নয়, কাজের সময় কমানোও হওয়া উচিত।
    কিন্তু, কমা তো দূরের কথা, পুঁজি লেখার পরবর্তী দেড় শতকের মধ্যে অর্জিত আট ঘন্টা কাজের অধিকার আমরা হারিয়েছি। শুধু আইটি কেন, ব্যাংক, বীমা ও অন্যান্য সেক্টরে সামান্য ক'টি টাকা অ্যালাউন্সের নামে ধরিয়ে কাজের সময় বাড়িয়ে ১২ ঘন্টা করে দেওয়া হয়। সবাই মেনে নেয়, যেন এটাই স্বাভাবিক।

    মার্ক্স দেখিয়েছিলেন যে Capitalist production also has a “general tendency” to extend the working day.। আর The increased productivity generated by capitalist development means that capital can in fact simultaneously concede increased “real wages” and increase the rate of exploitation.
    সত্যি কি তাই?
    বেড়েছে কি রিয়েল ওয়েজ বা বাস্তব মজুরি? আর একই সঙ্গে বেড়েছে কি শোষণের দর? বা শ্রমিকের কাজের সময়ে উদ্বৃত্ত মূল্য তৈরির অনুপাত?

    কোন সন্দেহ নেই যে বর্তমান শতাব্দীতে বাস্তবিক মজুরি ও জীবনযাত্রার মান বেড়েছে। হয়ত আমরা এতেই সন্তুষ্ট হয়ে তাকিয়ে দেখতে চাইনা যে উন্নত প্রযুক্তির ফলে এবং কাজের সময় বাড়ানোর ফলে উদ্বৃত্ত মূল্যের অনুপাত কতখানি বেড়েছে।

    এই নিয়ে দাঁড়ি টানার আগে একটু সমসাময়িক এম্পিরিক্যাল স্টাডির দিকে তাকানো যাক।
    ৪)পুঁজি গ্রন্থের ২২তম অধ্যায়ে মার্ক্স দেখিয়েছিলেন যে উন্নত পুঁজিবাদী দেশে গড় মজুরির দর অন্য দেশগুলোর চেয়ে বেশি হয়; কিন্তু গড় মজুরি-ব্যয় ( unit labour cost) কম হয়। কারণ উচ্চ উৎপাদকতার দর বাড়তি মজুরির দরের থেকে বেশি হয়।
    মার্ক্স তাঁর পুঁজি গ্রন্থে এংগেলসের দেওয়া সমসাময়িক অধ্যয়নের ভিত্তিতে শোষণের দর (rate of exploitation) ১০০% ধরেছিলেন।
    কিন্তু বর্তমান বিশ্ববাজারে স্ট্যাটিসটিক্যাল তথ্যের ভিত্তিতে ফ্রেড মোসলে বলছেন যে আমেরিকায় শোষণের দর ৩০০% ছুঁয়েছে[8]। মিশেল হাসন এর বিশ্লেষণও বলছে যে শোষণের দর বেড়েছে। যদিও শ্রমিকেরা ২০১২তে যে পরিমাণ পণ্য কিনতে পারছে তা শুধু পুঁজি রচনার দিনগুলোতেই নয়, বিগত সত্তরের দশকেও অসম্ভব ছিল।

    তাহলে? ফিরে এসেছে পুরনো মদ নতুন বোতলে নতুন লেবেল লাগিয়ে। আরও কড়া, আরও নির্মম। নিশ্চিত নয় কাজের সময়, নিশ্চিতি নেই রোজগারের। দুর্বল হচ্ছে শ্রম আইন, গুটিয়ে নেওয়া হচ্ছে পেনশন, প্রভিডেন্ট ফান্ডে দেয় সুদের হার। সরকার পিছিয়ে যাচ্ছে তার কল্যাণকারী ভূমিকা থেকে। শিক্ষা ও চিকিৎসায় বাড়ছে পুঁজির অনুপ্রবেশ; সুবিধাগুলো ক্রমশঃ চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে।

    একে কী বলব? ল' অফ নেগেশন অফ নেগেশন? নাকি মার্ক্স কথিত ইতিহাসের নির্মম পুনরাবৃত্তি--- প্রথমে ট্র্যাজেডি, পরে প্রহসন?
    গন্ডগোলটা কোথায়?
    কেউ কি ঠিক ঠিক জানি? ২০১৭ সালে নভেম্বর বিপ্লবের শতবর্ষে বিভিন্ন বামপন্থী বড় ছোট অনেক দলের ( কমিউনিস্ট, মার্ক্সিস্ট, মাঅর্ক্সিস্ট-লেনিনিস্ট, মাওইস্ট ) লেখায় হরদম চোখে পড়ছে একটি পংক্তি--'নভেম্বর বিপ্লবের শিক্ষা নিয়ে আমাদের এগোতে হবে'।
    কিন্তু সেই শিক্ষা বলিতে কবি কী বুঝিয়াছেন তা কোথাও স্পষ্ট করে চোখে পড়ে না।

    দুটো কথা মনে হয়।
    ১৯১৯ সালে চারদিকে শক্তিশালী সাম্রাজ্যবাদী শক্তি দিয়ে ঘেরা সোভিয়েত শিশুরাষ্ট্রকে সাময়িক ভাবে গ্রহণ করতে হয়েছে NEP বা নতুন আর্থিক নীতি। নতুন সমাজতান্ত্রিক রাষ্ট্রযন্ত্র ব্যবহারিক দিক দিয়ে হয়ে উঠেছে পুঁজিবাদী রাষ্ট্রযন্ত্রের অনুকরণ। নির্বাচিত গণ মিলিশিয়ার বদলে পেলাম সেই মাইনে পাওয়া যান্ত্রিক পুলিশ ও সৈন্যবাহিনী।

    একই ভাবে ব্যক্তি পুঁজি বাজেয়াপ্ত হলেও পুঁজির মালিক সমাজ হল না, হল রাষ্ট্রযন্ত্র। শ্রমিক পুঁজির মালিক না হয়ে মজুরি-দাস হয়েই রইল। ক্রমশঃ উৎপাদন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন হল মানুষ, যার উদ্বৃত্ত শ্রমের মালিক সমাজ না হয়ে হল রাষ্ট্র, বকলমে অ্যাপার্তচিকিদের সুবিধাভোগী শ্রেণী তৈরি হল। অর্থাৎ পুঁজির সামাজিকরণ না হয়ে হল রাষ্ট্রীকরণ, বাস্তবে এল রাষ্ট্রীয় পুঁজিবাদ।
    এই বিশ্লেষণ আরও বড় পরিসরের অপেক্ষা রাখে।

    কিন্তু, আমরা বামপন্থীরা, কি পহেলা কদম হিসেবে শুধু মজুরি বৃদ্ধির বদলে কাজের ঘন্টা কমানোর দাবিতে সোচ্চার হতে পারি না? সেই চার দশক আগের শিকাগোর মতন?




    [1] ভি আই লেনিন, ‘মেটেরিয়ালিজম অ্যান্ড এম্পিরিও ক্রিটিসিজম’(৮ম অধ্যায়, রেভলুশন ইন ফিজিক্স)।

    [2] বম বাউয়ের, “কার্ল মার্ক্স অ্যান্ড দ্য ক্লোজ অফ হিজ সিস্টেম” (১৮৯৬)।

    [3] জোয়ান রবিন্সন, “ অ্যান এসে অন মার্ক্সিয়ান ইকনমিক্স” (১৯৪২)।

    [4] পল সুইজি, “থিওরি অফ ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট”(১৯৭০)।

    [5] মরিস ডব, “ স্টাডিজ ইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজন” (১৯৭৬)

    [6] পিয়েরো স্রাফা, “ প্রোডাকশন্স অফ কমোডিটিজ বাই মীন্স অফ কমোডিটিজ” (১৯৬০)।

    [7] জোয়ান রবিন্সন, “ দ্য সেকেন্ড ক্রাইসিস অফ ইকনমিক থিওরি এন্ড আদার রাইটিংস”, ত্রিবান্দ্রমের সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজ দ্বারা প্রকাশিত, ১৯৭৫।

    [8] প্রফেসর ফ্রেড মোসলে,” মানি এন্ড টোটালিটি”, ২০১৬।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা : ১২
  • তরমুজ | ০৭ নভেম্বর ২০২৬ ১১:৪০748799
  • //দেড়শো বছরে সমাজতন্ত্র???//

    মার্কসবাদী পদ্ধতির কথা বলতে গেলে আর একটি বিষয়ের উল্লেখ করতে হয়। যেটা হল ঐতিহাসিক বস্তুবাদ। অর্থাৎ বৈজ্ঞানিকভাবে প্রমানিত সত্যগুলিকে তারা স্টাডি করেছিল, এবং তার ভিত্তিতে সিদ্ধান্তে এসেছিল। সুতরাং সেই দিক থেকে মার্কসবাদ একশো শতাংশ বিজ্ঞান। .... কিন্তু আপনি আপনার প্রশ্নগুলিতে যাদের রেফারেন্স দিলেন, তারা কি বিজ্ঞানী ছিল? না দার্শনিক? এবং প্রশ্নগুলির ভিত্তি কি বৈজ্ঞানিক ছিল না দার্শনিক? দর্শন দিয়ে তো বিজ্ঞানকে কাটাছেড়া করা যাবে না। বিজ্ঞানকে বিজ্ঞান দিয়েই কাটাছেড়া করতে হয়। .... এছাড়া 150 বছরে সমাজতন্ত্র এটা আমার দার্শনিক সিদ্ধান্ত। যা কম্যুনিজমের উপর ভিত্তি করে গঠিত হয়েছে। মার্কসবাদ বলতে শুধু কম্যুনিজম বোঝায় না। কম্যুনিজম মার্কসবাদের একটি দার্শনিক সিদ্ধান্ত। যেখানে তিনি মনে করেছেন যে সমাজ আস্তে আস্তে সাম্যবাদী হবে। এটা একটা প্রেডিকশন। আমি কম্যুনিজমে বিশ্বাসী, সুতরাং আমিও তাই মনে করি। এটা ঠিকও হতে পারে বা ভুল। এবং সেটা উপরে আমি বার বার বলেছি। কিন্তু বিবর্তন বৈজ্ঞানিক সিদ্ধান্ত। সেক্ষেত্রে যদি কখনো কম্যুনিজম ভুলও প্রমানিত হয়। তবুও মার্কসবাদ সঠিক এবং সমাজের ওপর সমানভাবে ক্রিয়াশীল।
  • Ranjan Roy | ০৭ নভেম্বর ২০২৬ ১৭:১৮748805
  • "কিন্তু আপনি আপনার প্রশ্নগুলিতে যাদের রেফারেন্স দিলেন, তারা কি বিজ্ঞানী ছিল? না দার্শনিক? এবং প্রশ্নগুলির ভিত্তি কি বৈজ্ঞানিক ছিল না দার্শনিক? দর্শন দিয়ে তো বিজ্ঞানকে কাটাছেড়া করা যাবে না। বিজ্ঞানকে বিজ্ঞান দিয়েই কাটাছেড়া করতে হয়।"
     
    --এবার আপনি ছেলেমানুষি কথা বলছেন।
     
    আগুস্ত কোঁতে, হার্বার্ট স্পেন্সার, মর্গান, জন স্টুয়ার্ট মিল, দুর্খহেম---এঁরা সবাই সমাজবিজ্ঞানী। সমাজবিজ্ঞানের সমস্ত শাখায়—দর্শন, ইতিহাস, সামাজিক বিবর্তনের তত্ত্ব—এঁদের তাত্ত্বিক ও বৌদ্ধিক আবশ্যকতা অনুযায়ী অবাধ বিচরণ।
    মার্ক্সও তাই—একজন সমাজবিজ্ঞানী, কোন পদার্থ, রসায়ন বা জৈব বিজ্ঞানী নন।

    মার্ক্সের তত্ত্বের তিনটি পিলার—দর্শন, ইতিহাস ও অর্থনীতি।

    দর্শন—দ্বান্দ্বিক বস্তুবাদ ( দুই বিপরীতের ঐক্য, নেতির নেতি নিয়ম ইত্যাদি)।

    ইতিহাস ও সামাজিক বিবর্তন—উনি মানব ইতিহাসে তাঁর দার্শনিক ধারণা প্রয়োগ করে নির্মাণ করলেন ঐতিহাসিক বস্তুবাদের তত্ত্ব। যার মূলকথা –প্রত্যেক সমাজে মানুষ নিজেদের মধ্যে উৎপাদন প্রক্রিয়ায় ভূমিকা পালনের মাধ্যমে নির্দিষ্ট সামাজিক বন্ধনে আবদ্ধ। এগুলোকে শ্রেণী আখ্যা দেয়া হয়েছে। এটাকে বলা হয় উৎপাদন সম্পর্ক।
    একদিকে চলে এদের মধ্যে উৎপাদনের খাতিরে ঐক্য এবং অন্যদিকে উৎপাদনের ভাগ পাওয়ার ব্যাপারে দ্বন্দ্ব। যাকে এককথায় বলা হয় শ্রেণীসংগ্রাম। এটাই ঐতিহাসিক বস্তুবাদ।

    মার্ক্সের তত্ত্ব অনুযায়ী আদিম সাম্যবাদী সমাজের কথা বাদ দিলে সমস্ত সামাজিক পরিবর্তনের চালিকা শক্তি হল—শ্রেণী সংগ্রাম। যখন এমন কোন সামাজিক অবস্থায় মানুষ পৌঁছবে যাতে উৎপাদন শক্তির ব্যক্তি মালিকানা সামাজিক হবে, শ্রেণী বৈষম্য থাকবে না—তখন শ্রেণী সংগ্রামও রূপকথা হয়ে যাবে। আম্পায়ার হিসেবে রাষ্ট্রও তার অস্তিত্ব হারিয়ে ফেলবে।

    অর্থনীতি –এই ভাবে মার্ক্স পুঁজিবাদী অর্থনীতির কাটাছেঁড়া করে তৈরি করলেন শ্রমশক্তির সারপ্লাস ভ্যালুর তত্ব্ এবং শোষণের তত্ত্ব। তারচেয়ে বড় কথা উনি দেখালেন পুঁজির নিয়ম হোল ক্রমাগত নিজেকে বাড়িয়ে চলা (accumulation of capital). এর ফলে পুঁজির কেন্দ্রীকরণ ও অন্যদিকে বিরাট অ-নিযুক্ত শ্রমিকদের রিজার্ভ ফোর্স তৈরি হওয়া অবশ্যম্ভাবী।
    ফল – শ্রেণী সংগ্রামের মাধ্যমে একদিন মুষ্টিমেয় শোষকের হাত থেকে সর্বহারার দল (সমাজের ব্যাপক অংশ) ক্ষমতা ছিনিয়ে নিয়ে নিজেরাই পুঁজির মালিক হবে। এটা খুব সংক্ষেপে অতি সরল ব্যাখ্যা মাত্র।

    সবমিলিয়ে দেখলে মার্ক্স অন্যান্য পূর্বসুরী ও সমসাময়িকদের মত একজন সমাজবিজ্ঞানী। সমাজের বিবর্তনে চালিকা শক্তি হিসেবে শ্রেণীসংগ্রামকে চিহ্নিত করা তাঁকে অন্যদের থেকে বিশিষ্ট করেছে। এবং তিনি ইতিহাস, সমাজ ও অর্থনীতি --সব ক্ষেত্রেই তাঁর দার্শনিক তত্ত্ব দিয়েই বিশ্লেষণ করেছেন।
    তিনি না জ্যোতিষী, না ত্রিকালজ্ঞ—কাজেই তাঁর তত্ত্বে দেশ-কালের সীমাবদ্ধতার প্রকাশ থাকতেই পারে।

    চিনের সমাজ বিবর্তনের ক্ষেত্রে চিনের পার্টি এবং অধ্যাপক জোসেফ নীডহ্যাম দাসসয়াজের স্তরকে খারিজ করেছেন। ভারতে ডি ডি কোশাম্বী এবং আরও অনেকে মার্ক্সের সরলীকৃত ইউরোপকেন্দ্রিক বিবর্তনের মডেল নিয়ে প্রশ্ন তুলেছেন—যেমন মার্ক্স কথিত এশিয়াটিক মোড অফ প্রোডাকশন।
     
    ক্যাপিটালিজমের আবশ্যকতা অনুযায়ী মিউটেশনের ক্ষমতা মার্ক্স ভাবতে পারেন নি। টেকনোলজির বিরাট অগ্রগতির ফলে শ্রমিকের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। ওয়েলফেয়ার স্টেট অনেক ক্ষেত্রে শ্রমিকের সামাজিক সুরক্ষার দায়িত্ব (মার্ক্সের সময়ের তুলনায়) নিজের কাঁধে নিয়েছে।
     
    কিন্তু শোষণের হার অনেক বেড়ে গেছে। শ্রমিক এবং মধ্যবিত্ত আট ঘন্টার চেয়ে বেশি সময় খাটে।
     
  • তরমুজ | ০৭ নভেম্বর ২০২৬ ১৯:২১748806
  • আপনি প্রচুর পড়াশোনা করেছেন, সেটা বুঝতে পারছি।
  • Ranjan Roy | ০৭ নভেম্বর ২০২৬ ২০:০৫748807
  • অহো ভাগ্য !!!
  • তরমুজ | ০৭ নভেম্বর ২০২৬ ২০:৩৯748808
  • ড্যাশেদের সমাহার।
  • কৌতূহলী | ০৮ নভেম্বর ২০২৬ ১০:০৪748819
  • কী হল আবার !!! লাস্ট কমেন্টদুটো দেখে হতাশ হলাম। সুন্দর এগোচ্ছিল তো আলোচনাটা। আর তরমুজ, রঞ্জনবাবু পড়াশুনা করেছেন এটা তো ভালই। পড়াশুনা না করে আলোচনা করলে কি আপনারও ভাল্লাগত? যাজ্ঞে, এসব লঘু মন্তব্য বাদ্দিয়ে প্লিজ আলোচনাটা কন্টিনিউ করুন।
  • সত্যেন্দু সান্যাল | ১০ নভেম্বর ২০২৬ ২০:৩৫748830
  • @রঞ্জন রায়,
    এক আশি বছরের প্রবীন হিসেবে আমাদের বাল্য ও যুবা বয়সের নতুন যুগের সূর্য্যের বিষয়ে আস্থা এবং ততপরে স্বপ্ন-ভঙ্গের বিষয়ে একমত।
    আমি আপনার লেখা উতসাহ ভরে পড়ে থাকি (সব সময় একমত না হ'লেও)
    কিন্তু এই লেখাটির drift এবং ততপরবর্ত্তী আলোচনা কেমন astray হয়ে গেছে মনে হয়।
    মার্ক্সবাদ বৈজ্ঞানিক কি না, Karl Popper বা Keynes, বা Austrian School কি বলেছে এই নিয়ে কচকচি কি খুব জরুরী?
    আপনার পঠনের ব্যাপ্তি আছে, অধীত জ্ঞান এবং ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে একটি Leninesque "What Is To Be Done" পড়তে পাঠক আগ্রহী হবে।
    এই বিশ্ব-ব্যাপী ফাটকা বাজারি মনোভাব, Crony Capitalism এবং কৃত্তিম বুদ্ধিমত্তার আগ্রাসন, চতুর্দিকে Fake Video-র ছড়াছড়ি এই অস্থির সময়ে এক শোষনমুক্ত Equal Society নির্মানের সঠিক পথ কি?
    বিষয়টি জটিল। শঙ্খ-দা লিখেছিলেন ~
    হাওড়া ব্রিজের চুড়োয় উঠুন
    নীচে তাকান, উর্দ্ধে চান
    দুটোই মাত্র সম্প্রদায়
    নির্বোধ আর বুদ্ধিমান
    As a permanently confused নির্বোব, আপনার সমাধান সূত্র পাঠের আগ্রহ রইলো।
    নমস্কারান্তে
  • Ranjan Roy | ১১ নভেম্বর ২০২৬ ১৩:০৯748834
  • আপনার সঙ্গে সহমত l
    কিন্তু সমাধান জানা নেই l আমার ক্ষমতার বাইরে l
    এটুকু বুঝেছি "ইহা বিজ্ঞান" লিখলেই কোন কিছু বিজ্ঞান হয়ে যায় না l
    চিরাচরিত আপত্ বাক্য আওড়ানো কোন সমাধান নয়, সমাধান খোঁজার sincere চেষ্টাও নয় l
    বরং নতুন প্রজন্ম, দেশে এবং বিদেশে, আশা জাগাচ্ছে l সেদিন আমি থাকব না l
     
    সুকান্ত লিখেছিলেন
    আকাশে আকাশে ধ্রুব তারায়
    কারা বিদ্রোহে পথ মাড়ায়
    ভরে দিগন্ত দ্রুত साড়য়
    জানে না কেউ l
    উদ্যম हीन मूढ़ কারায়
    পুরোনো বুলির মাছি তা ড়।য়
    যারা তারা নিয়ে ঘোরে পাড়ায়
    স্মৃতির ফে উ ll
  • সত্যেন্দু সান্যাল | ১১ নভেম্বর ২০২৬ ২০:৪৭748835
  • রঞ্জন বাবু,
    আপনার সমাধান জানা নেই Candid Confession আপনার সততার পরিচায়ক।
    আসলে, "মার্ক্সবাদ বৈজ্ঞানিক দর্শন" এবং "ব্যাদে সব আছে" দুইটিই গভীর ভাঁওতা।
    সুকান্ত ভট্টাচার্য্যের মরনোত্তর "ছাড়পত্র"-র সাত বছর পর, ১৯৫৬ সালের 20th Party Congress-এ নিকিতা ক্রুশ্চেভ এর সত্য উদঘাটনের ফল স্বরূপ ঐ "বিদ্রোহে পথ মাড়ানো" অনেকে আত্মহত্যা করেন, অনেকে পার্টি ছাড়েন। বিশ্ব জুড়ে এর প্রতিক্রিয়া হয়। হাঙ্গারী এবং চেক প্রতিবাদ এর কথা স্মর্ত্তব্য।
    তবে হীরেন বাবু উল্লিখিত apparatchik-রা তখনো রাষ্ট্রযন্ত্র সামলেছেন।
    On a personal note, খড়গপুরে পড়ার সময়, ১৯৬৫-৬৬ সালে Arthur Koestler এর "Darkness At Noon" পড়ে, রুশ ইতিহাসে আমার আগ্রহ জন্মায়। তবে আপনার মতো আমি মার্ক্সবাদ নিয়ে পড়াশোনার চেষ্টা করিনি।
    "সমাজ আস্তে আস্তে সাম্যবাদী হবে" এই আশাবাদী বিশ্বাস রাখা ভালো।
    কিন্তু এইখানে আমাদের দেশের চারিত্রিক বৈশিষ্ট ও খেয়াল রাখা উচিত।
    আমাদের Corruption Level, সর্বব্যাপী আত্মপরায়নতা, বহুল অংশে কাম-চোর জনসংখ্যা একটি অন্তরায়।
    As a counterpint to your "নতুন প্রজন্ম, দেশে এবং বিদেশে, আশা জাগাচ্ছে" I am reminded of another Kgp alumnus, twenty years our junior ~ Calcutta born Ashok Khemka. Do these new আশা জাগাচ্ছে icons demonstrate the same kind of steely resilience? Or do they belong to the বুদ্ধিমান সম্প্রদায় compared to the নির্বোধ Ashok Khemka?
    And again as a counterpoint to সুকান্ত, my favorite বরিশালী poet.
    সুচেতনা, এই পথে আলো জ্বেলে— এ-পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে;
    সে অনেক শতাব্দীর মনীষীর কাজ;
    এ-বাতাস কি পরম সূর্যকরোজ্জ্বল;
    প্রায় তত দূর ভালো মানব-সমাজ
    আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে
    গ’ড়ে দেবো, আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে।
    মাটি-পৃথিবীর টানে মানবজন্মের ঘরে কখন এসেছি,
    না এলেই ভালো হ’তো অনুভব ক’রে;
    এসে যে গভীরতর লাভ হ’লো সে-সব বুঝেছি
    শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে;
    দেখেছি যা হ’লো হবে মানুষের যা হবার নয়—
    শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়।
     
    সেদিন আপনি বা আমি কেউই থাকবোনা, meanwhile, take care.
  • কৌতূহলী | ১১ নভেম্বর ২০২৬ ২১:৩৪748836
  • কিন্তু এইখানে আমাদের দেশের চারিত্রিক বৈশিষ্ট ও খেয়াল রাখা উচিত।
    আমাদের Corruption Level, সর্বব্যাপী আত্মপরায়নতা, বহুল অংশে কাম-চোর জনসংখ্যা একটি অন্তরায়।
     
    এই ব্যাপারে একটা প্রশ্ন আছে। কোন দেশের সমস্ত লোকের চারিত্রিক বৈশিষ্ট্য কি আদৌ ডিফাইন করা যায়? দেশ তো একটা ভূখণ্ড। একটা ভূখণ্ডের সকলে, এমনকি একটা বড় অংশও একটা বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হবে, এটা তো অনেকটা ইউজেনিক্স এঁর ছাঁচে চিন্তা।
  • সত্যেন্দু সান্যাল | ১১ নভেম্বর ২০২৬ ২২:৪৯748838
  • @ কৌতুহলী,
    হ্যাঁ, আপনার আপত্তি যথাযথ, that was a very sweeping statement.
    ভারতবর্ষে যথেষ্ট শুভবুদ্ধি সম্পন্ন, উদার মনস্ক, ভালো মানুষ আছেন।
    আবার অনেক শঠ, স্বার্থপর মানুষ ও আছেন। আমরা সবাই এই দুই সম্প্রদায়ের সঙ্গে পরিচিত।
    আমি কখনো বিদেশে বসবাস করিনি, খুচরো আলাপে বিদেশে স্থিত বন্ধুবর্গের কাছে শুনে যা বুঝেছি, Corruption Level বা ঘুষখোরি বিদেশে সমস্যা নয়। অর্থাত, ঐ দ্বিতীয় সম্প্রদায় নগন্য।
    আমার মতামত Eugenics ভিত্তিক ছিলোনা, এই ভিন্নতার প্রেক্ষিতে লেখা।
    But that discussion opens another interesting tangent ~ কোন ভূখণ্ডের Common Characteristics কি আদৌ নির্ধারন সম্ভব? ঐ যে Pew Survey ইত্যাদি নানান Sample Survey কিছু মতামত প্রকাশ করে তাদের অর্থবহতা কি?
    বাংলার বাঁকুড়া আর গুজরাতের বনস্কন্ঠের জনগনের Sample Survey করে কি কোনো Freakonomic জ্ঞানলাভ হতে পারে আদৌ? Individual এবং Aggregate এর ভিন্নতার Dispersion-ই বা কি?
  • তরমুজ | ১১ নভেম্বর ২০২৬ ২৩:০৫748840
  • মার্কসবাদ যদি মূর্খতাও হয়, তবুও বেদ ও মার্কসবাদ সমান?! প্রসঙ্গত মার্কসবাদ, সমাজতন্ত্র, সাম্যবাদ, লেনিন, স্তালিন, মাও, সিপিএম - প্রতিটি বিষয় আলাদা। মার্কস ও এঙ্গেলসের সাথেই মার্কসবাদ বিলিন হয়। কিন্তু কম্যুনিজম ও সমাজতন্ত্রের পরিবর্তিত ধারনা এখনো বহমান। সেক্ষেত্রে মার্কসবাদ বুঝতে হলে কেবল মার্কস এঙ্গেলস দিয়েই বুঝতে হবে। কারন তারপর থেকে এপর্যন্ত আর কোনো কাজ হয় নি। আমি নিজে কংগ্রেসী। তবুও মার্কসবাদী কারন মার্কস এঙ্গেলসের সিদ্ধান্তকে অস্বীকার করতে পারি না। এবং এটা কোন অসুবিধার বিষয় নয় বলে আমি মনে করি। কারন এটা একটি সামাজিক ধারনা। কোন রাজনৈতিক ধারনা নয়। যেমন অনেকে কংগ্রেসী হয়েও আরএসএস হতে পারে। সেরকমভাবে মার্কসবাদীও হওয়া যায়।
     
    .... কোন মানুষ যদি মনে করে যে সে নারীবাদী নয়। তাহলেও একটা সময়ে সে মানতে বাধ্য হবে, সে নারীবাদী। কোন মানুষ যদি মনে করে যে সে পরিবেশবাদী নয়। তবুও একটা জায়গায় এসে মানতে বাধ্য হবে, সে পরিবেশবাদী। যদি কেউ মনে করে, সে মার্কসবাদী নয়। তবুও একটা বিন্দুতে এসে মানতে বাধ্য হবে, সে মার্কসবাদী।
  • কৌতূহলী | ১১ নভেম্বর ২০২৬ ২৩:৩২748841
  • কোন মানুষ যদি মনে করে যে সে নারীবাদী নয়। তাহলেও একটা সময়ে সে মানতে বাধ্য হবে, সে নারীবাদী।
     
    এটা একটু ব্যাখা করবেন?
  • তরমুজ | ১১ নভেম্বর ২০২৬ ২৩:৫১748842
  • @কৌতূহলী
     
  • কৌতূহলী | ১১ নভেম্বর ২০২৬ ২৩:৫৭748843
  • আমি হিন্দি বুঝি না। একটু সহজ বাংলায় লিখে দিন প্লিজ। মুল বক্তব্যটা।
  • সত্যেন্দু সান্যাল | ১২ নভেম্বর ২০২৬ ০০:২৬748844
  • @ তরমুজ,
    মার্কসবাদ যদি মূর্খতাও হয়, তবুও বেদ ও মার্কসবাদ সমান?
     
    I think you missed the intent of my comment.
    "ব্যাদে সব আছে" was the sarcastic comment made by মেঘনাদ সাহা on a wise pundit who dismissed his যুগান্তকারী Saha Ionization Equation.
    "মার্ক্সবাদ বৈজ্ঞানিক দর্শন" is also a credo which the Dedicated Marxist proclaims.
    আমি মার্ক্সবাদ-কে মুর্খতা বলিনি, ঐটিকে "বৈজ্ঞানিক" বলায় আমার সায় নেই।
    আমার মতে দুইটিই কিঞ্চিত বাড়িয়ে বলা।
    বেদ এ নাসদীয় সূক্ত আছে, which a scientist like Carl Sagan has raved about. That does not mean that বেদ-কে "বৈজ্ঞানিক" বলে লম্ফঝম্প করা উচিত।
    মার্ক্সবাদী দর্শন আমি পড়িনি, রঞ্জন বাবু পড়েছেন, সেই প্রেক্ষিতেই সাম্যবাদী সমাধান-টি কি শুধিয়েছিলাম।
    মার্ক্সবাদ মূর্খতা এমন আমি বলিনি। বেদ ও মূর্খতা নয়, বরঞ্চ ঐটির underlying spirit is one of constant enquiry.
    I believe that would also be true of True Marxism.
    কিন্তু "রাত কতো হইলো, উত্তর মিলে না" style-এ আমরা এক গোলকধাঁধায় ঘুরছি।
    আপনার মতে, "মার্কসবাদ বুঝতে হলে কেবল মার্কস এঙ্গেলস দিয়েই বুঝতে হবে। কারন তারপর থেকে এপর্যন্ত আর কোনো কাজ হয় নি।"
    অর্থাত মৎলিখিত spirit of constant enquiry is missing in মার্ক্সবাদী দর্শন।
    Do others agree?
  • তরমুজ | ১২ নভেম্বর ২০২৬ ০০:৪৩748845
  • আমি বেদ পড়িনি। আরো ভালো করে বলতে গেলে, বেদ পড়ার আগ্রহ এপর্যন্ত তৈরি হয় নি। কারন পলিটিক্স, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিষ্ট্রিকে যেভাবে অনুভব করি। বেদকে সেভাবে অনুভব করি না। কিন্তু মার্কসবাদকে অন্যসব বিজ্ঞানের মতই অনুভব করি। কিছুটা এখানে আলোচনা করেছি। আরো জানতে হলে মার্কসবাদ পড়ুন।
  • তরমুজ | ১২ নভেম্বর ২০২৬ ০০:৫১748846
  • .... মার্কস এঙ্গেলসের বৈজ্ঞানিক কাজ খুব স্পেসিফিক। এবিরাট জগৎ, বিরাট সমাজ তথা বিশ্বসংসার নিয়ে তারা আলোচনা করেনি। .... একটা রাজনৈতিক দর্শন আছে। কম্যুনিজম, যেখানে সমাজের একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে। কিন্তু সেটা সমগ্র মার্কসবাদ নয়। মার্কস এঙ্গেলসের মূল কাজ হল, সামাজিক কারনের ফলে ঘটিত বস্তুগত বিবর্তন। যার একটা বৈজ্ঞানিক ও বস্তুগত দৃষ্টিভঙ্গি রয়েছে।
  • তরমুজ | ১২ নভেম্বর ২০২৬ ০১:১০748847
  • কৌতূহলী ধ্রুব রাঠির ভিডিয়োটায় শুধু ফেমিনিজম নয়। ফেমিনিজমের সাথে সাম্যবাদের সম্পর্কটাও খুব সুন্দরভাবে ছুঁয়ে গেছে।
  • Aditi Dasgupta | ১২ নভেম্বর ২০২৬ ১৮:৩৮748849
  • পড়ছি ভাবছি শুনছি। ধন্যবাদ।
  • পাতা : ১২
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন।