এর পরের ঘটনা এইরকম।সিঁড়িতে তেমন আলো ঢোকে না। কোনও লাইটও জ্বলছে না। প্রায়ন্ধকার সেই সিঁড়ির মুখে আমি মেঝেতে বসলাম। চিন্তা করছি। অতঃ কিম্?
বাবু মরে গেলেও মেঝেয় বসবে না। কথোপকথন নিম্নরূপ।
— শোনো, লক্ষ্মীসোনা, একটু মাথা ঠাণ্ডা করো। আমরা কিন্তু জলে পড়ি নি।
— তুমি বোসো, আমি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ওভাবে তোমাকে দেখতে পারছি না।
— দেখতে হবে না। বলছি যে, নীচে চলো, আমরা একটা হোটেল খুঁজে নিই।
— আর এরা যে আমাদের টাকাটা মেরে দিলো? সেটার কী হবে?
— আহা, টাকা নিয়ে ভেবো না, আমার কাছে কার্ড আছে, ক্যাশ আছে।
— তুমি ফের আমাকে লুকিয়ে গোপনে আরও ক্যাশ এনেছো?
— এখানে কতক্ষণ এভাবে বসে থাকবে? আমরা বরং নীচে গিয়ে একটা হোটেল খুঁজি।
— কীভাবে? মানে পদ্ধতিটা একটু শুনি।
— আরে বাবা, একটা ট্যাক্সি ডেকে বলব হোটেল কী আছে এখানে, মানে আমিও এ দেশ চিনি না, তুমিও না...
— তারপর?
— আর কিছু না, এটাই।
আমি চুপ করে থাকি কিছুক্ষণ।
হঠাৎ খুট করে সেই দরজাটা খুলে গেল, মেয়েগুলো উঁকি মেরে আমাদের দেখছে।
বাবু তাদের সঙ্গে কথা বলতে যায়, তারা হুড়মুড় করে পালায়। এত ভয় পাচ্ছে কেন, সেটাই সন্দেহজনক ঠেকছে আমার।
বাবু বলল তাদের, আচ্ছা কিছু একটা সমস্যা হয়েছে, এই অ্যাপার্টমেন্ট কিন্তু আমাদের নামে বুক করা।
— নো!
— আপনারা কোন দেশ থেকে এসেছেন?
— টার্কি।
মেয়েগুলো দরজা বন্ধ করার আগে বাবুর মরিয়া চেষ্টা, আপনারা যদি একটু ফোন করে কথা বলেন মালিকের সঙ্গে...
— না।
মেয়েগুলো দরজা বন্ধ করে দিলো।
— চলো। আর কোনও উপায় নেই। আমাদের কাছে তো এখানকার ফোন নেই। আর কী করবে?
— দাঁড়াও। একটা লাস্ট চেষ্টা করি।
আমি সেই কাগজগুলো আবার দেখতে চেষ্টা করি মোবাইলের আলোয়। ওয়াইফাই এর ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ। এইতো সেই নেটওয়ার্ক! পাসকোড দিতেই কানেক্ট হয়ে গেল!
অর্থ হচ্ছে যে ওটাই আমাদের অ্যাপার্টমেন্ট। ওরা ওখানে গ্যাঁড়াকল করে ঢুকেছে। কিন্তু কেন এমন করল? ভয় পেল কেন?
— তুমি একটা কাজ করো, মালিককে একটা ফোন করো।
— করছি। কিন্তু তার আগে এই জায়গাটার কয়েকটা ফোটো তুলি ফটাফট। আমি দরজার সামনে বসে আছি সেটাও তুলে দাও তো।
বাবু ফোটো তুলে দিলো, করুণ মুখে মালপত্র সমেত আমি দরজার সামনে বসে আঙুল দিয়ে অ্যাপার্টনেন্টের নম্বরটা দেখাচ্ছি।
ভেরি গুড। এবার ফোন করা হলো। ফোন কেউ ধরছে না। তখন এয়ার বি এনবিকে সব জানানো হবে বলে একটা মেসেজ করলাম। কয়েকটা ফোটোও পাঠালাম।
পরমুহূর্তেই ফোন বেজে উঠল। ইংরেজি প্রায় বলতেই পারে না, তবু অ্যাকসেন্ট দেবার সে কী চেষ্টা!
— আপনারা বাড়ি খুঁজে পান নি?
— আমরা কোথায় আছি ফোটোয় দেখে নিন।
— ওখানে কেন?
— ইয়ার্কি হচ্ছে? চারজন তুর্কি তরুণী এই অ্যাপার্টমেন্টে রয়েছে, আমাদের ঢুকতে দিচ্ছে না।
— কী? চারজন? ওটাতো দুজনের জন্য!
— আমি আপনার ব্যাপারে রিপোর্ট করব তো? যে আপনি এরকম করেছেন? আমার কাছে সব ফোটো এবং প্রমাণ আছে।
— আমি এক্ষুনি আসছি। পাঁচ মিনিটের মধ্যে।
আমরা পাঁচমিনিট অপেক্ষা করলাম। আবার ফোন।
— আপনারা কোথায়?
— আপনি জানেন না?
— না। আমি ওনার ভাইপো।
— আপনার আঙ্কল জানেন।
— আমি তো গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আপনারা কোথায়? আপনাদের দেখতে পাচ্ছি না।
— আমরা নীচে যাবো কেন? আমাদের সঙ্গে লাগেজ আছে।
এবার দেখলাম আঙ্কলের ভাইপো ওপরে উঠে আসছে। লাগেজ নিতে সাহায্য করল এবং গাড়ি করে সেই প্রথম যে বাড়িটার সামনে নেমেছিলাম, সেই বাড়িতেই নিয়ে গেল। চাবি টাবি সব বুঝিয়ে দিলো, অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকিয়ে, তারপরে বিদায় নিলো। ফ্রিজে ছ ক্যান বিয়ার রেখে গেছে। ঘুষ।
ক্কী অ্যাপার্টমেন্টরে ভাই! মাথা ঘুরে যাবে দেখতে, পুরো সমুদ্র ফেসিং। বি শা ল এরিয়া। আরামসে পাঁচ ছজন থাকতে পারে। দুর্ধর্ষ কিচেন, প্রকান্ড বাথরুম, তেমনি সব বেডরুম, মারকাটারি হল, বারান্দা, মানে লাক্সারির একশেষ। দেয়ালজোড়া টিভি, ওয়াশিং মেশিন, মানে কী নেই সেটাই ভাববার বিষয়। এবং তেমনি সাজানে গোছানো। এরকম জানলে দুটো দিন অতিরিক্ত থাকা যেত ভার্নায়। কিন্তু আমরা থাকবো মোটে দুটো রাত। নীচেই সার দিয়ে ফাস্টফুডের দোকান এবং রেস্টুরেন্ট। আজ আর রাঁধারাঁধির ঝামেলায় যাবো না। নীচেই সব দোকানপাট রয়েছে। খেয়ে দেয়ে এসে টানা ঘুমোতে হবে। বেড়াবো তো বটেই দুদিন, তবে কাল সমুদ্রে চান না করা পর্যন্ত শান্তি নেই।