এই মুহূর্তে মনে পড়ে গেল দুটো ব্যাপার যা ওদেশে দেখিনি।এক — পথে ঘাটে সর্বত্র সাবলীলভাবে চলাফেরা করবার স্বাধীনতা পেয়েছিলাম, কারণ মেয়েদের ওখানে টিটকিরি দেওয়া বা শারীরিকভাবে হেনস্থা করার ব্যাপারটা ছিলো না। এটা তো হুট করে একদিনেই বুঝতে পারি নি। বুঝতে পেরেছি বছর শেষে ছুটিতে বাড়িতে এসে। আমাদের যে সেমস্ত সময়টা নিজেকে রক্ষা করতে করতে পথে ঘাটে বাসে ট্রামে চলতে হতো ভারতবর্ষে, যে কোনও সময়ে কানে গরল ঢেলে দেবে কেউ, কিংবা সুযোগ বুঝে গায়ে হাত চালাবে, সেজন্য সদা সতর্ক হয়ে থাকতে হবে, সেই অভ্যাসটাই চলে গেছল। প্রথম ছুটিতে দেশে ফিরে ফের নিজের শরীরটার জন্য বড্ড খারাপ লেগেছিল। খারাপের চেয়েও যেটা বেশি সেটা হচ্ছে এক ধরনের দুঃখ। ঠিক বোঝাতে পারব না।
দুই — প্লাস্টিকের ব্যবহার ওদেশে যে প্রায় ছিলোই না, সেটাও পরে অনুভব করেছি। একমাত্র ব্যতিক্রম হচ্ছে পিরামিডাকৃতি দুধের প্যাকেট, যেটায় একটা প্লাস্টিক লেয়ার থাকবেই। টেট্রাপ্যাকের সেই বিখ্যাত পিরামিড। এছাড়া আর কোনওখানে প্লাস্টিক দেখেছি বলে মনে পড়ে না। যাবতীয় বোতল কাঁচের। দুধের বোতলও ছিল। সমস্ত রকমের সফট ড্রিংক, সব রকমের মিনারেল ওয়াটার, ভোজ্য তেল, মানে সব রকমের তরল যা বিক্রি হতো সবই কাঁচের বোতলে। শ্যাম্পুও।
বাজারের থলে হতো কাপড়ের, সুতির। ঠোঙা পয়সা দিয়ে কিনতে হতো, তাও ব্রাউন পেপারের। এমনকি কাঁচা বাজারের জন্য অনেক সময়ে আমারা এনামেল করা লোহার বালতি করে হয়ত দুতিন কিলো স্ট্রবেরি কিনে এনেছি। থলেয় ভরে আনলে চাপ লেগে গলে যাবে বলে।
তবে হ্যাঁ, প্লাস্টিকের বালতি পরের দিকে এসেছিলো সম্ভবত দেশটা টুকরো হবার প্রাক্কালে। বাসনপত্র সবই ছিল অ্যালুমিনিয়াম বা ইস্পাতের, বা কলাই করা লোহার। থালা বাটি গেলাস কাপ প্লেট সমস্তই চিনেমাটির বা কাঁচের। আমরা সবাই কলের জল খেতাম, সাধারণ ট্যাপ ওয়াটার। না ফুটিয়ে। তবে যে সব অঞ্চলে কলের জলের স্বাদ ও কোয়ালিটি ভালো ছিল না সেসব শহরে তারা জল ফুটিয়ে খেত বা বোতলের জল। যেমন আজারবাইজানের ও তুর্কমেনিস্তানের কিছু কিছু জায়গায় জলের মধ্যে পেট্রোলিয়ামের গন্ধ পাওয়া যেত, কাস্পি তীরবর্তী অঞ্চলে। কাস্পির জলেও পেট্রোলিয়াম।
যাইহোক, ঐ দুটো ব্যাপারে আমরা বঞ্চিত থেকেছি।
এর পরে পরীক্ষা নেবার সিস্টেম যেটা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোয় ছিল, তার সঙ্গে ভারত বা পশ্চিমের সিস্টেম মিলবে না। আলাদা আলাদা প্রশ্নপত্র যেমন প্রত্যেকের জন্য, তেমনি একসঙ্গে সকলের পরীক্ষাও নয়। চার পাঁচজন করে ঘরে ঢুকবে। প্রশ্নের কার্ড টেনে নিয়ে কাগজে তার উত্তর লিখবে বা পয়েন্টগুলে লিখে রাখবে। এর পরে পরীক্ষকের সামনে বসে উত্তর তাকে বুঝিয়ে দিতে হবে। তারপরে পরীক্ষক নিজের ইচ্ছেমত আরও প্রশ্ন করবেন। তার পরে তার রেজাল্ট বুকে বিষয়-পয়েন্ট-তারিখ লিখে দিলেই পরীক্ষার্থীর ছুটি। পাশ করতে না পারলে আর রেজাল্ট বুকে কিছু লেখা হবে না। সে পরে আরেকদিন এসে ফের পরীক্ষায় বসবে। একজন দুজন করে বাইরে বেরোলে একজন দুজন করে ঘরে ঢুকে প্রশ্নের কার্ড টেনে নিয়ে উত্তর দিতে বসবে। সকাল আটটায় পরীক্ষক পৌঁছে গেলে পরীক্ষা শুরু। দশ পনেরো জনের কি বড়োজোর বিশজনের একটা ক্লাসের পরীক্ষা শেষ হতে হতে দুপুর বারোটা বড়জোর। সমস্যা ছিল না। ছাত্র শিক্ষক রেশিও সম্ভবত সবচেয়ে বেশি ছিল পৃথিবীর মধ্যে ছয় থেকে আট জন ছাত্র প্রতি একজন শিক্ষক।
তবে কিছু ব্যতিক্রমী শিক্ষকও থাকতেন। তেমন একজনের পাল্লায় ইঞ্জিনিয়ারিং এর সবাইকেই প্রায় পড়তে হয়েছিল এককালে। সকলের ত্রাস সেই আর্মেনীয় য়িহুদি শিক্ষক ইয়াকব পাভলোভিচ আব্রামিয়ান।
সেই পরীক্ষা নেবার গল্প শুনলে যারা দেখেনি তারা অবাক হবে, যারা দেখেছে তাদের স্মৃতি সুখের হোক কি দুঃখের তারা আরেকবার শিহরিত হবে।