১ গান্ধীজি ও সাভারকরঃ লণ্ডনে আমিষ খাওয়া নিয়ে গান্ধীজিকে সাভারকরের ব্যঙ্গ বিক্রম সম্পত একজন প্রতিষ্ঠিত ইতিহাসবিদ। বর্তমানে উনি দিল্লির নেহেরু মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির সিনিয়র রিসার্চ ফেলো। তাঁর সাভারকরের জীবনী নিয়ে দুই খণ্ডে প্রকাশিত গবেষণা
[1] অনেকের নজর কেড়েছে। সাভারকরের প্রশংসক শিবির তাঁর লেখার গুণমুগ্ধ।
যদিও সাভারকরের কোন লেখাতেই ১৯০৬ সালে লন্ডন প্রবাসের প্রথম তিনমাসের মাথায় গান্ধীজির সঙ্গে দেখা হওয়ার উল্লেখ নেই, তবু বিক্রম এই প্রসঙ্গ নিয়ে কিছু পাতা খরচ করেছেন।
গান্ধীজি নিজের স্মৃতিকথায় লিখছেন যে ১৯০৬ সালের অক্টোবর মাসে কোন কাজে লণ্ডন প্রবাসের সময় উনি এবং ওঁর সঙ্গী জনৈক মিঃ অ্যালি (Mr. Alley) শ্যামজী কৃষ্ণবর্মার ইণ্ডিয়া হাউসে থাকতে গিয়েছিলেন। ওখানকার যত্নআত্তি ভালই এবং খরচ নামমাত্র, এবং খাওয়দাওয়া নিয়ে কোন বাধানিষেধ ছিল না, যার যেমন ইচ্ছে।
কিন্তু ইন্ডিয়া হাউস যে অনেকদূরে লণ্ডন শহরের একপ্রান্তে। অথচ যে কাজে এসেছেন তাতে অল্প সময়ে অনেক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করতে হবে। তাই তাঁদের বাধ্য হয়ে শহরের মাঝখানে একটি খরচসাপেক্ষ হোটেলে উঠতে হল
[2]।
সাভারকর জুলাই মাসের গোড়ায় ইণ্ডিয়া হাউসের বাসিন্দে হয়েছেন, তখন তিনি ২৩ বছরের আইনের ছাত্র। তাঁর সঙ্গে কি ৩৭ বছরের ওই ব্যারিস্টারটির স্বল্প সময়ের মধ্যে কোন আলাপ পরিচয় হয়েহিল? গান্ধীজির উপরোক্ত স্মৃতিকথায় সাভারকরের কোন উল্লেখ নেই।
বিক্রম সম্পত যদিও বলছেন যে দুজনের সাক্ষাতকার বা কথাবার্তার কোন রেকর্ড পাওয়া যায় নি, কিন্তু তাঁর গ্রন্থে উনি হরীন্দ্র শ্রীবাস্তবের সাম্প্রতিক লেখা থেকে একটি আখ্যান (anecdote) উদ্ধৃত করেছেন
[3]।
বইটিতে শ্রীবাস্তব লিখছেন –হ্যাঁ, দেখাসাক্ষাত হয়েছিল বইকি। ঝাঁসিওয়ালে পণ্ডিত পরমানন্দ, নামক এক প্রাক্তন বিপ্লবী হরীন্দ্রকে জানিয়েছেন যে সেই সাক্ষাতকারের উনি প্রত্যক্ষদর্শী।
সাভারকর তখন রান্না করতে ব্যস্ত, গান্ধীজি রাজনৈতিক আলোচনা শুরু করলে সাভারকর তাঁকে থামিয়ে দিয়ে আগে খেয়ে নিতে বলেন। একজন চিৎপাবন ব্রাহ্মণকে চিংড়িমাছ রান্না করতে দেখে গান্ধীজি বিচলিত হলেন এবং নিজে নিরামিষাশী হওয়ায় সেই রান্না খেতে পারবেন না বলে জানিয়ে দিলেন।
সাভারকর তখন ব্যঙ্গ করে বললেন—বেশ, আমাদের সঙ্গে বসে যদি খেতে না পারেন তাহলে একসংগে কাজ করবেন কী করে! আর এটা তো সেদ্ধ মাছ, আমরা তো ব্রিটিশদের কাঁচা চিবিয়ে খেতে চাই
[4]!
মজার ব্যাপার হল, এ’নিয়ে সাভারকর কোথাও কিছু বলেন নি। অথচ, ভারতে হিন্দুত্ব রাজনীতির উত্থান নিয়ে কাটাছেঁড়া করা আরেকজন লেখক নীলাঞ্জন মুখোপাধ্যায়ও ওই প্রসঙ্গ তুলেছেন।
[5] তাঁর তথ্যসূত্র হল The Economist পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধ
[6]। কিন্তু সেই প্রবন্ধেও কোন সূত্র দেওয়া নেই।
এ’ব্যাপারে গান্ধীজি নিজে কী বলছেন?
উনি শংকররাও দেবকে লেখা একটি চিঠিতে স্পষ্ট করেছেন যে সাভারকরের সঙ্গে ওনার লন্ডনে একবারই দেখা হয়েছিল, সেটা ১৯০৯ সালে
[7]।
কিন্তু সম্পত এবং হরীন্দ্র যে একজন বয়স্ক বিপ্লবী ঝাঁসিওয়ালে পণ্ডিত পরমানন্দের প্রত্যক্ষদর্শীর বয়ানের উল্লেখ করছেন!
খুঁটিয়ে দেখলে পাওয়া যাচ্ছে যে
ঝাঁসিওয়ালে পণ্ডিত পরমানন্দ অনেক কমবয়েসি বিপ্লবী যিনি কখনই লণ্ডন যান নি।ওঁর জন্ম হয়েছিল বুন্দেলখণ্ডের সিক্রৌধা গাঁয়ে, ৬ জুন ১৮৯২ সালে। অর্থাৎ ১৯০৬ সালে ওঁর বয়েস ছিল ১৪ বছর। উনি তখন এলাহাবাদে কায়স্থ পাঠশালা স্কুলের ছাত্র। তখন থেকেই বিপ্লবীদের সঙ্গে সম্পর্ক হয় এবং পড়াশুনো ছেড়ে দিয়ে সালে ১৯০৮ ঝাঁসিতে বিপ্লবী কাজকর্মে ঝাঁপিয়ে পড়েন। লাহোর ষড়যন্ত্র মামলায় ওঁর ফাঁসির হুকুম হয়, পরে শাস্তি দ্বীপান্তরে বদলে যায় এবং আন্দামানে গিয়ে ১৯১৬ সালে ওঁর সাভারকরের সঙ্গে প্রথম দেখা হয়। উনি ছাড়া পান ১৯২২ সালে
[8]।
উনি কখনও মুচলেকা দেন নি। এর পরেরও বিভিন্ন আন্দোলন, লবণ সত্যাগ্রহ, ভারত ছোড়ো আন্দোলন –ইত্যাদিতে অংশগ্রহণ করে প্রায় তিরিশ বছর ইংরেজের জেলে কাটিয়ে ছিলেন। শেষ জীবনে দিল্লিতে গোল ডাকঘরের কাছে ‘স্বাধীনতা সেনানী ভবনে” থাকতেন।
অথচ ওঁ
র নামে লণ্ডনে ১৯০৬ সালে কোন ঘটনায় প্রত্যক্ষদর্শীর বিবরণ ছাপা হচ্ছে। এটা কী ধরণের ইতিহাস চর্চা সে বিচার পাঠকেরা করবেন।
টাইমস্ অফ ইন্ডিয়ার ডেপুটি এডিটর, ইতিহাসের গবেষক ও সাভারকরের জীবনী লেখক বৈভব পুরন্দরে বলছেন যে সাভারকরের সঙ্গে গান্ধীজির লণ্ডনে যে প্রথম এবং একমাত্র দেখা হয়েছিল সেটা অক্টোবর ১৯০৯ সালের বিজয়া দশমীতে। সেই ঘটনার বিস্তৃত বিবরণ পুরন্দরে লিপিবদ্ধ করে গেছেন।
[9]১ জুলাই, ১৯০৯ সালে লণ্ডনে মদনলাল ধিংড়া (সাভারকরের নির্দেশে) কার্জন-উইলিকে হত্যা করেন। বিভিন্ন সমাবেশে এবং পত্রিকায় প্রবন্ধ লিখে সাভারকর এই হত্যার সমর্থন করেন।
গান্ধীজি লণ্ডনে নামলেন ন’দিন পরে-- ১০ জুলাই, ১৯০৯। নিন্দা করে বললেন—এ যে ভয়ংকর কাণ্ড! তারপরে ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকায় প্রবন্ধ লিখে বললেন—এটি কাপুরোষিত কাজ, তবে ধিংড়া করুণার পাত্র। আসল দোষী যারা ওকে পেছন থেকে উসকেছে। -- একদিন ঈশ্বরের দরবারে ওদের বিচার হবে’
[10]। তখনও দু’জনের মধ্যে দেখা হয় নি।
তবে দেখা হল অক্টোবর মাসে, বিজয়াদশমীর উপলক্ষে--স্থানীয় ভারতীয়রা সেবার লণ্ডনের বেইজওয়াটার এলাকায় নিজামুদ্দিন নামের ভারতীয় রেস্তোরাঁয় ভোজসভার আয়োজন করেছিলেন। গান্ধীজি সবার অনুরোধে সভাপতিত্ব করতে রাজি হলেন। মুখ্য বক্তা বিনায়ক সাভারকর। উপস্থিত প্রায় একশ’ জনের মধ্যে অন্যতম ছিলেন আসফ আলি।
ওঁর কথায় –গান্ধীজি খুব সংক্ষিপ্ত ভাষণ, মাত্র দশ বারোটা বাক্য, বলে সাভারকরকে বলতে দিলেন। সাভারকর বললেনও ৪৫ মিনিট ধরে।
তবে সাভারকর এবং গান্ধীজি দুজনেই ওই সভায় হিন্দু-মুসলিম ঐক্যের উপর জোর দিয়েছিলেন। লণ্ডন প্রবাসের সময় বিশেষ করে ১৮৫৭ সালের মহাবিদ্রোহ নিয়ে বইটি লেখার সময় থেকেই সাভারকর হিন্দু-মুসলিম ঐক্য কাম্য এবং বাস্তবে সম্ভব বলে বক্তব্য রাখতেন
[11]।
এ’ব্যাপারে সাভারকর সেই সময় পুণের ‘কাল’ পত্রিকায় (মারাঠি) পাঠানো ডেসপ্যাচে ঘটনাটির উল্লেখ করে গান্ধীজি সম্বন্ধে বলেছিলেন—দক্ষিণ আফ্রিকার ব্যারিস্টার নেতাটি একজন খাঁটি দেশভক্ত।
[12](সাভারকর, লন্ডনচি বাতমিপত্রে, পৃঃ ১৪০-৪১; পুরন্দরের বইয়ে পৃঃ ৮৮)।
এবং অন্যেরা যাই বলুক, সাভারকর নিজে কখনও গান্ধীজির সঙ্গে ১৯০৬ সালে ইন্ডিয়া হাউসে দেখা এবং কথাবার্তার বিষয়ে কিছু বলেন নি।
[1] Sampat, Vikram “Echoes from a Forgotten Past” and “Savarkar: A Contested Legacy”.
[2] Collected Works of Mahatma Gandhi, Vol. 5, published by Gandhi Ashhram, Sewagram. Quoted by Sampat in his Savarkar, Echoes from a Forgotten Past, p-133.
[3] Vikram Sampat, ‘Savarkar, Echoes from a Forgotten Past’, 1883-1924; P-133, Penguin, digital version, 2019.
[4] Harindra Srivastava; Five Stormy Years: Savarkar in London, p- 29.
[5] Nilanjan Mukhopadhyay, The RSS: Icons of The Indian Right, Chennai, 2019. Pp-53-54.
[6] The Economist, Christmas Special issue, 17 December, 2014.
[7] Collected Works of Mahatma Gandhi, Vol. 50, p. 50, published by Gandhi Ashram, Sewagram.
[8] অশোক কুমার পাণ্ডেয়, “সাবরকর, কালা পানী অউর উসকে বাদ”, প্রথম সংস্করণ, দিল্লি, রাজকমল প্রকাশন, ২০২২। পৃঃ ৪০-৪১।
[9] Purandare, “Savarkar, The True Story of The Father of Hindutva”, p. 87.
[10] Gandhi, Collected Works, Vol. 9, pp. 302-303, 310.
[11] Purandare, “Savarkar, The True Story of The Father of Hindutva”, p. 87.
[12] সাভারকর, ‘লণ্ডনচি বাতমিপত্রে’, পৃঃ ১৪৩।