
#পাঠপ্রতিক্রিয়া
বই - গোরা নকশাল
লেখক -- কল্লোল লাহিড়ী
প্রকাশক - গুরুচণ্ডা৯
প্রথম প্রকাশ -- ২০১৭
মূল্য ৬০ টাকা
"একজন কিশোর ছিল, একেবারে একা
আরও একজন ক্রমে বন্ধু হল তার।
দুয়ে মিলে একদিন গেল কারাগারে;
গিয়ে দেখে তারাই তো কয়েক হাজার !"
জেলখানার কবিতা
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়
একটা ছোট্ট লাল টুকটুকে বই, বাংলা চটি সিরিজের বই, একটি গুরুচণ্ডালী প্রকাশনা। বইটির পিছনের মলাটে লেখা আছে, এটি এক নিঃশ্বাসে পড়ে ফেলার মত উপন্যাস নয়। অথচ একটি দুপুর, একটি বিকাল জুড়ে হু হু করে পড়ে ফেললাম বইটি, অব্যক্ত অনুভূতিতে।
একটি বালকের দৃষ্টিতে, বালকের জবানীতে যে উপন্যাস শুরু , আটের দশক জুড়ে যে বড় হয়ে উঠছে, গঙ্গার ধারে চটকল ও শ্রমজীবী মানুষের সুখ দুঃখ,সমস্যা ও লড়াইএর পটভূমিকায়, পূর্ববঙ্গের ছিন্নমূল উদ্বাস্তু পরিবারের সাংসারিক টানাপোড়েনে লালিত যার শৈশব কৈশোর, তার বয়ানে উপন্যাসটি একটু একটু করে পাঠককে আকর্ষণ করতে থাকবে পাতার পর পাতায়।
দিনবদলের স্বপ্নদেখা, শারীরিক ভাবে ক্ষয়ে যাওয়া এক সন্তান যখন বইটির চতুর্থ পাতায়, উপন্যাসের রঙ্গমঞ্চে প্রবেশ করে, সমগ্র রচনাটিতে একটি আলাদা মাত্রা যোগ হয়ে যায়। একটু একটু করে বালক টুকনুর সাথে ভাব হয়ে যায় গোরা নকশালের। একটু একটু করে লালিমাযুক্ত হতে থাকে কাহিনিটি, সমৃদ্ধ হয়ে ওঠে, ভাষায়, বর্ণনে, চরিত্রে, আদর্শবাদিতায়, মূল্যবোধে, মনুষ্যত্বে আর দুরন্ত গতিশীলতায়।
বইটির বক্তব্যের আকূতি, লেখার স্টাইল, সমস্তরকম জীবনবোধকে ছুঁয়ে ছুঁয়ে যাওয়া এই সবকিছু আমার ভালো লেগেছে। লেখক তাঁর নিজস্ব ভঙ্গিতে, তীব্র গতিতে, অন্তরের ভালোবাসায় উপন্যাসটিকে তিল তিল করে গড়ে তুলেছেন পাঠকের তোয়াক্কা না করে। কাহিনি বুননের সময় কোথাও এতটুকু আপোস করেননি তিনি, যখন যেমন খুশি বিচরণ করেছেন, যে কোনো সময়কালে, যেকোনো চরিত্র চিত্রণে, আর তাঁর এই বেপরোয়া আচরণ উপন্যাসটিকে অপূর্ব সুন্দর করে তুলেছে অধ্যায়ে অধ্যায়ে। পাঠককে আকর্ষণ করেছে তীব্রভাবে।
এইখানে এই বই নিয়ে খুব বেশি কিছু বলতে যাওয়া ধৃষ্টতা হবে, উপরন্তু পাঠকের পাঠের মজা নষ্ট করা উচিত নয়। এ শুধু পড়ে দেখার বই, অনুভব করার কথন, এক বিকেল জুড়ে এ বই পড়ে উঠলে মন ভরে থাকবে বহুক্ষণ। রাতে শুতে যাবার সময় মনে পড়ে যাবে, গোরা নকশাল ঘুমের ওষুধ খেত না, পাছে সে ঘুমিয়ে পড়ে আর দেখতে না পায় দিনবদল।
অনেক দিন পড়ে 'চিলিতে গোপনে' বইটির উল্লেখ পেয়ে আমার নিজের সংগ্রহের বইটি শেল্ফ থেকে টেনে বের করি, ২০০৯ এর বইমেলায় কেনা। আবার করে পড়তে ভালো লাগছে খুব। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এর ' ক্ল্যাণ্ডেস্টাইন ইন চিলি' বইটির যিনি ভাষান্তর করেছিলেন সেই শ্রদ্ধেয় মানুষ টির আরোগ্য কামনা করছি এই মুহূর্তে।
শেষে বলি, বইটির ছাপা খুব পরিচ্ছন্ন, কিন্তু হয়তো আকারে আরেকটু বড় হলে পড়তে, হাতে ধরতে সুবিধা হতো।
লেখক ও প্রকাশককে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
ভাস্বতী দাশগুপ্ত
কলকাতা ২৬