এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • তিলোত্তমার মা এবার বিজেপিতে

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ১৯ মার্চ ২০২৬ | ৭২২ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • তিলোত্তমার মা বিজেপির প্রার্থী হচ্ছেন, আশ্চর্যেরও কিছু নেই, ঝুলি থেকে নতুন করে বেড়াল বেরোনোরও কিছু নেই। সন্দেশখালি থেকে আরজিকর, অপারেশন সিঁদুর থেকে এসআইআর,  সব কটাই বিজেপির প্রোজেক্ট। এর প্রথম তিনটে অবশ্যই একদম আকাশ থেকে বানানো হয়নি। সন্দেশখালিতে জমিদখল হয়েছিল, আরজিকরে সরকারি হাসপাতালে নৃশংসতম হত্যা হয়েছিল সরকারি চিকিৎসকের, পহেলগামে জঙ্গীরা দাঁড় করিয়ে খুন করেছিল পর্যটকদের। কিন্তু "শেখ শাজাহানের হারেমে পিঠে বানানো", "আমি সোমা বলছি" আর তৎসংলগ্ন অজস্র মিডিয়া-মিথ্যা, এবং অপারেশন সিঁদুরে করাচি-লাহোর দখল করে নেবার অনন্ত গুলবাজি, এইগুলো একটা খুব নির্দিষ্ট প্যাটার্ন। একটা ঘটনা ঘটে, তারপর সেটাকে ঘিরে গোদি-মিডিয়া অজস্র অলীক গল্প নির্মাণ করতে শুরু করে, ভদ্দরলোকেরা জেনে অথবা না জেনে মিথ্যেগুলো বলতে শুরু করেন, সত্যটা ঢাকা পড়ে যায়, তারপর পুরোটাকেই বিজেপি  কাজে ব্যবহার করে। আরজিকর একেবারেই ব্যতিক্রম না। এই নারীদিবসের দিনই এক লেখিকা লিখেছেন দেখলাম, "জানতে পারি একটা মেয়ে ধর্ষিতা হয়েছে সেখানে তিনটি ছেলে আর একটি মেয়ে যুক্ত ছিল, সেই মেয়েটিই নাকি ধর্ষিতার হাত মুখ চেপে ধরে ছিল"। এতদিন পরেও, তিনি এইভাবে গুজব রটাচ্ছেন, কারণ এটা মধ্যবিত্ত জনমানসে একদম গেঁথে দেওয়া হয়েছে। ইনি জেনে করছেন, না গুজবের শিকার বলতে পারবনা, ঠিক যেমন বলতে পারবনা, খ্যাতনামা ডাক্তার, উকিল, সমাজকর্মীরা বিজেপির পালে হাওয়া দিতে জেনেবুঝে মিথ্যে বলেছিলেন, নাকি নেহাৎই গুজবের শিকার। কোনো সম্ভাবনাই উড়িয়ে দিতে পারিনা আজকাল। 

    তবে একটা কথা বলতে পারি, এইভাবে একটা ঘটনা ঘিরে, মিডিয়াকে কার্যত কিনে নিয়ে, এক-আধটা নয়, অজস্র গুজবের ফানুস দিনের পর দিন উড়িয়ে যে জনমানসে ছাপ ফেলা যায়, এটা একটা পরীক্ষা হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল ওরা। সেই পরীক্ষায় আমাদের বুদ্ধিজীবীরা খুবই সাহায্য করে ওদের সাফল্যমন্ডিত করতে পেরেছেন। তারপর ওরা কেউটে ধরতে বেরিয়েছে। দেখবেন, প্রথম তিনটে আলোড়নের কেন্দ্রে বাস্তব কিছু ঘটনা ছিল। তারপর এই এসআইআর নিয়ে যেটা শুরু হল, তার কেন্দ্রে কোনো ঘটনা নেই, পুরোটাই গুজব। ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, এক কোটি কুড়ি লাখ রোহিঙ্গা, বস্তি ফাঁকা হয়ে যাচ্ছে, সীমান্ত ভিড় - প্রতিটা একদম ডাহা গুল। আমাদের শাইনিং ভদ্রলোকর গোদি-মিডিয়ার পিছনে দৌড়তে দৌড়তে এর মধ্যে এতটাই মেরুদন্ডহীন হয়ে পড়েছিলেন, যে, কেউ মিডিয়ার দিতে আঙ্গুল তুলতেই পারেননি এসব নিয়ে। কেউ কেউ অবশ্য ওই শিবিরে চুপচাপ ঢুকে বসেই আছেন। সব মিলিয়ে ব্যাপার হল, বোতল থেকে দৈত্য বেরিয়ে গেছে। এখন আর ঘটনা-ঘিরে-গুজব না, পরীক্ষা করে দেখা গেছে, শুধু বিশুদ্ধ-গুজবও চলবে বাজারে।তাইই চলছে। এই সাফল্যের পিছনে আরজিকরের প্রবল ভূমিকা আছে। যাঁরা উদ্যোগী হয়ে গুজবগুলো ছড়িয়ে দিয়েছিলেন, তাঁদের আছে। যাঁরা এখনও দেখি "অভয়া বিচার পেলনা" বলেন, তাঁদেরও আছে। সঞ্জয় রাই কি তবে খুনি না? খুনে কি অন্য কেউ জড়িত? কারা তারা?  তাঁরা কিছুই স্পষ্ট করে বলেন না। শুধু ধোঁয়াশাটা বজায় রাখেন। এর ফলও বিজেপিই ঝুলিতে ভরবে। আশা করি তিলোত্তমার মায়ের মতো এঁদেরও কেউ কেউ কোনোদিন পুরষ্কৃত হবেন। বা, হয়তো হয়েই গেছেন, কে জানে।

    পুঃ উনি বামদেরও প্রবল গাল দিয়েছেন দেখলাম, যারা ওঁকে এতদিন পক্ষীমাতার মতো আগলে রেখেছিল। এমনকি বক্তব্যে অসঙ্গতি আছে বললেও, ঝাঁপিয়ে পড়ত, "অসম্মান" হয়েছে বলে। এবার আন্দাজ করছি, তারা, নরম স্বরে, "উনি ভুল করছেন" ন্যারেটিভ ছড়াতে শুরু করবেন। নাঃ, নারাণ বাবু ভুল করেননি, তিলোত্তমার মা ভুল করেননি, আপনাদের নেতারাও ভুল করেননি, গোদি-মিডিয়াকে ব্যবহার করে বিজেপির ঘরে ফসল তোলাটাই উদ্দেশ্য ছিল, সেটা সফল। ভুলটা আপনারা করেছেন, লিঙ্গ রাজনীতির নামে করেছেন, গোদি-মিডিয়াকে ভগবান ভেবে করেছেন, এবং এখনও বিজেপির প্রতি নরম হয়ে করছেন। কারো কারো ক্ষেত্রে অবশ্য ভুল না, ইচ্ছাকৃতই। বাকিরা ভুলটা স্বীকার করুন। সংশোধন করার ওটাই প্রথম রাস্তা।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 2402:3a80:198b:d084:678:5634:1232:***:*** | ১৯ মার্চ ২০২৬ ২০:০১739251
  • আপনিও কোনো ভুল করেননি, সঠিক(!!!) পথ বেছে নিয়েছেন! 
  • দীপ | 2402:3a80:198f:bdb8:878:5634:1232:***:*** | ২০ মার্চ ২০২৬ ০০:০১739256
  • তবে আপনি একা নন, আরো অনেকেই নিজের নিজের ধান্দায় নেমে পড়েছেন।
    আমেরিকার আরেক গেছোদাদাও কাজ শুরু করে দিয়েছেন!
  • aranya | 2601:84:8582:8580:203c:601b:2aa2:***:*** | ২০ মার্চ ২০২৬ ০০:১৭739258
  • 'নাঃ, নারাণ বাবু ভুল করেননি, তিলোত্তমার মা ভুল করেননি, আপনাদের নেতারাও ভুল করেননি, গোদি-মিডিয়াকে ব্যবহার করে বিজেপির ঘরে ফসল তোলাটাই উদ্দেশ্য ছিল, সেটা সফল'
     
    - অন্যদের কথা জানি না, তবে তিলোত্তমার মা র  উদ্দেশ্য ছিল 'গোদি-মিডিয়াকে ব্যবহার করে বিজেপির ঘরে ফসল তোলা', এটা অন্যায় অভিযোগ, মানতে পারছি না। 
     
    উনি সন্তান হারিয়েছেন, নিহত  তিলোত্তমার দেহ খুনের জায়গায় সামনে থেকে দেখেছেন,  খুন হওয়ার আগে অব্দি হাসপাতালে মেয়ের সাথে কার কি কথা হচ্ছে, কে কেমন আচরণ করছে, তা ওনারই সবচেয়ে ভাল জানার কথা। 
    এবং উনি মনে করছেন শুধু সঞ্জয় দায়ী নয়, আরও এক বা একাধিক মানুষ এই ঘটনায় জড়িত। 
     
    এটা হতেই পারে যে উনি ভাবছেন বিজেপিতে যোগ দিলে ওর মেয়ের মৃত্যুর ঠিকঠাক তদন্ত হবে এবং সঠিক বিচার পাওয়া যাবে, যেগুলো, ওনার ধারণা অনুযায়ী , এতদিন হয় নি। 
     
    'যাঁরা এখনও দেখি "অভয়া বিচার পেলনা" বলেন, তাঁদেরও আছে'
     
    - আমি নিজেও মনে করি যে মেয়েটি বিচার পায় নি। আমার এই মনে করা কি , লেখকের কথা মত, বিজেপিকে সাহায্য করছে? হতে পারে। তাতে কিছু যায় আসে না। প্রতিটি মানুষেরই অধিকার আছে, সত্য কি, সে সম্বন্ধে নিজে সিদ্ধান্ত নেওয়ার 
  • r2h | 165.***.*** | ২০ মার্চ ২০২৬ ০০:৩১739259
  • অরণ্যদা এই লাইনগুলিতে তোমার কথার উত্তর আছে বোধহয় -
     
     
    "...এইগুলো একটা খুব নির্দিষ্ট প্যাটার্ন। ... অথবা না জেনে মিথ্যেগুলো বলতে শুরু করেন, সত্যটা ঢাকা পড়ে যায়, তারপর পুরোটাকেই বিজেপি  কাজে ব্যবহার করে। 
    ... ভুলটা আপনারা করেছেন ..."
     
    বিচার পায়নি -হ্যাঁ এমন বিভৎস হত্যার কি প্রকৃত ন্যয় বিচার কোনভাবেই হতে পারে? তবে তোমার কাছে, বিচার না পাওয়া বলতে প্রকৃত অপরাধী শাস্তি না পাওয়ার ধারনা, এমন মনে করি, আর এই ধারনা যেসব বক্তব্য, রিপোর্টিং, প্রচারের ওপর দাঁড়িয়ে, সেসবের বিশ্বাসযোগ্যতা আগে বিতর্কিত ছিল, আর এখন একেবারেই আর নেই - এও বলা যেতে পারে।

    মেয়েটির পিতা মাতা, তাঁদের কোনভাবে দোষ দেওয়ার কোন প্রশ্ন নেই, তাঁদের বিপর্যয় ও মানসিক অবস্থার কথা কল্পনা করতেও ভয় হয়। কিন্তু তাঁরা যে এখন বলছেন সিপিয়েমই তৃণমূলের দোসর - তা শুনেও কি মনে হয় তাঁরা ব্যবস্থিতচিত্তে কথা বলছেন?

    এ তর্কের শেষ নেই যদিও। এমন ভয়ানক দুঃখজনক একটি হত্যাকান্ড নিয়ে একটি সম্ভাবনাময় নাগরিক অসন্তোষ এই পথে গেল, এ মহা পরিতাপ।
  • r2h | 165.***.*** | ২০ মার্চ ২০২৬ ০০:৪১739260
  • এবার অপরাধী কে, সেটাও অনেক বড় প্রশ্ন তো বটেই। যে নিজ হাতে খুন করলো, সে যেমন অপরাধী, তেমনই এমন একটি প্রমানিতভাবে অপরাধমনস্ক লোকের হাসপাতাল থেকে পুলিশ আবাসনে অবাধ যাতায়াতে যারা মদত দিয়েছে, তার অন্যান্য কুকর্মের সঙ্গী যারা, গোটা নিরাপত্তা ব্যবস্থা - সবই দায়ি। এই সব কটি ব্যাপার নিয়ে লাগাতার প্রশ্ন করে যাওয়া যেত। পুরো ব্যাপারটাই আইঅন শৃংখলা, নিয়ম, নিরাপত্তার ভয়াবহ ছিদ্র সব দেখিয়ে দেয়। পুলিশমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে এইসব দপ্তরের নীতি ও নিয়মনির্ধারকরা- কারোরই এই দায় এড়াতে পারার কথা না। কিন্তু সেসব না করে মিডিয়া, রাজনৈতিক দল, সোমা, সুশীল সমাজ - সবার ঐ ব্যোমকেশ ব্যোমকেশ খেলা, আর তাতে জনগণের ভেসে যাওয়া- পুরো ব্যাপারটাই অতি দুঃখজনক।
  • aranya | 2601:84:8582:8580:203c:601b:2aa2:***:*** | ২০ মার্চ ২০২৬ ০১:০২739261
  • হুতো, কলকাতা পুলিশ কিভাবে তদন্ত করেছে, কিভাবে মৃতদেহ হ্যান্ডল বা সৎকার করেছে , সিবিআই এতদিন কিভাবে তদন্ত করছে, অভয়ার বাবা মা-র অভিযোগ - এসবই তো গত প্রায় দেড় বছর ধরে ফলো করছি, আরজিকরে এবং কলকাতার অন্যান্য কলেজে ডাক্তার বন্ধু যারা আছে, তাদের সাথেও কথা হয়। সৈকতের আরজিকরের ​​​​​​​ওপর ​​​​​​​গুরুতে ​​​​​​​লেখা ​​​​​​​সিরিজও ​​​​​​​, ​​​​​​​প্রতিটি ​​​​​​​পর্ব ই পড়েছি। 
    আমার ধারণা এই খুনের তদন্ত কখনই ঠিকভাবে ও নিরপেক্ষ ভাবে হয় নি। কেন এই ধারণা, তা নিয়ে বিস্তারিত লেখার ইচ্ছা নেই। 
    'তিলোত্তমার মা র  উদ্দেশ্য ছিল 'গোদি-মিডিয়াকে ব্যবহার করে বিজেপির ঘরে ফসল তোলা' - এটা খুবই অন্যায় ও ন্যক্কারজনক অভিযোগ, আমার মতে। 
    লেখকের উচিত এই অভিযোগ উইথড্র করা, এইটুকুই 
  • &/ | 151.14.***.*** | ২০ মার্চ ২০২৬ ০১:০৪739262
  • আমি অরণ্যদার সঙ্গে সহমত পোষণ করছি কারণ আমার ধারণাও তাই এবং মতও তাই।
  • :|: | 2607:fb90:bd57:43ad:6df6:8662:990e:***:*** | ২০ মার্চ ২০২৬ ০২:৫৮739264
  • উনি কি ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তিলোত্তমার (ফার্স্ট নেম) মা (লাস্ট নেম) এই হিসাবে? 
  • r2h | 165.***.*** | ২০ মার্চ ২০২৬ ০৪:০০739265
  • অরণ্যদা, আমি এই লেখাতে ''তিলোত্তমার মা র উদ্দেশ্য ছিল 'গোদি-মিডিয়াকে ব্যবহার করে বিজেপির ঘরে ফসল তোলা' ' -এমন দাবি পাই নি, যা পেয়েছি তা হল মিডিয়া ইত্যাদি প্রতিষ্ঠানগুলির উদ্দেশ্যপ্রনোদিত এজেন্ডায় মানুষ বুঝে বা না বুঝে যোগ দিয়েছে।
    তবে ঐ আরকি, যার যার ইন্টারপ্রিটেশন।

    পুলিশ প্রশাসন বিচারবিভাগ কোন রাজ্যেই কিছু ধোয়া তুলসী পাতা না, পবতেও না। তো সেসব কিছু না। তবে অন্য ধারনার ধুঁয়ো দেওয়ার জন্য যা যা বলা হয়েছে তা ন্যক্কারজনক।
  • aranya | 2601:84:8582:8580:203c:601b:2aa2:***:*** | ২০ মার্চ ২০২৬ ০৪:১৫739267
  • 'নাঃ, নারাণ বাবু ভুল করেননি, তিলোত্তমার মা ভুল করেননি, আপনাদের নেতারাও ভুল করেননি, গোদি-মিডিয়াকে ব্যবহার করে বিজেপির ঘরে ফসল তোলাটাই উদ্দেশ্য ছিল, সেটা সফল'
     
    - এই লাইন সম্বন্ধে আমার ইন্টারপ্রিটেশন - ''তিলোত্তমার মা র উদ্দেশ্য ছিল 'গোদি-মিডিয়াকে ব্যবহার করে বিজেপির ঘরে ফসল তোলা' '
     
    তোমার ইন্টারপ্রিটেশন কি? @হুতো 
  • r2h | 165.***.*** | ২০ মার্চ ২০২৬ ০৪:২৫739268
  • আমার কাছে এটা একটা যৌগিক বাক্য, সংযোগকারী অব্যয়টা কী হবে তার ব্যক্তিনির্ভর।
  • aranya | 2601:84:8582:8580:203c:601b:2aa2:***:*** | ২০ মার্চ ২০২৬ ০৪:২৯739269
  • ও আচ্ছা। 
    অনলাইন এইসময়ে পড়লাম - 
     
    'নির্যাতিতার বাবার কথায়, ‘আমাদের লক্ষ্য একটাই, সুবিচার পাওয়া। সঙ্গে মানুষের জন্য কাজ করা। দেখা যাক। লড়াই করব। আশা করি জিতব। আমার মেয়ের ন্যায় বিচারের যে লড়াই, সে লড়াই কিছুটা সহজ হবে বলে মনে করছি। এই আশাতেই নির্বাচনে অংশ নিচ্ছি আমরা। সঙ্গে মানুষের জন্য কাজ করে যাব।’

    নির্যাতিতার মা বলেন, ‘বিজেপির প্রার্থী হয়ে লড়তে চাই। আমি দেখলাম নারী সুরক্ষা এ রাজ্যে নেই। এমনকী এ সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। তাই তৃণমূলের মূল উপড়ে ফেলতে বিজেপির সঙ্গে আছি।’
     
    কিছুটা অংশ বোল্ড করলাম। অভয়ার বাবা মা-র কথা কেউ বিশ্বাস করবে কিনা, তা অবশ্য ব্যক্তিনির্ভর
  • r2h | 165.***.*** | ২০ মার্চ ২০২৬ ০৪:৪৩739270
  • হ্যাঁ সে তো বটেই, নারীসুরক্ষার ক্ষেত্রে বিজেপি ইতিবাচক কিছু করবে -সেই বিশ্বাস তো অবশ্যই ব্যক্তিনির্ভর।
  • r2h | 165.***.*** | ২০ মার্চ ২০২৬ ০৭:২৫739272
  • তবে দিনের শেষ অরণ্যদার সঙ্গে আমার কোন ঝগড়া নাই এবং বাক্য গঠন বিষয়ে আমার বক্তব্যকে কিঞ্চিৎ কুতর্ক মনে হলে সে অভিযোগও মাথা পেতেই নিচ্ছি।
    সন্তানহারা পিতা মাতার কোন কাজের দিকেই আঙুল তুলতে আমিও অন্তত পারবো না- তাঁরা কেন কী ভেবে কী করছেন তা বোঝার ক্ষমতা আমার নেই, তা যেন কারওরই না হয়, এই কামনাই করতে পারি। তাঁদের কখনও কোন দুরভিসন্ধি ছিল - এমন কথা ভুলেও ভাবি না। স্বার্থান্বেষী গোষ্ঠীগুলি তাঁদের নিজেদের আখের গোছানোর কাজে ব্যবহার করেছে- এমন মনে করি, আর এ বিষম পরিতাপ।

    আমার মত সাধারন মানুষ এইসব স্বার্থান্বেষী গোষ্ঠীর কার্যকলাপ অসহায় ভাবে দেখি, এই দুঃখ ও বিফল আক্ষেপ।
  • dc | 2402:e280:2141:1e8:b942:53ee:8fd2:***:*** | ২০ মার্চ ২০২৬ ০৮:০০739273
  • র২্হ এর লাস্ট পোস্টের সাথে একমত, আগেরগুলোর সাথে না :-) আর সৈকতবাবুর লেখাটার ফোকাস অন্যরকম হওয়া উচিত ছিল মনে হয়, বিশেষ করে হেডিংটা অন্য হওয়া উচিত ছিল। 
     
    তিলোত্তমার মা-বাবার নাম জানিনা, ওনাদের নিজেদের নাম দিয়ে যদি সম্বোধন করতে পারতাম তো ভালো লাগতো। ওনাদের মনে হয়েছে মেয়ের হত্যার সঠিক বিচার হয়নি, সেটা মনে করার ওনাদের ১০০% অধিকার আছে। হয়তো এটা ঘটনা যে সঞ্জয় রাই একমাত্র খুনি, কিন্তু ঘটনার দিন আর তার কয়েকদিন পর অবধি রাজ্য সরকার, পুলিশ, আর তিনো নেতারা নানাভাবে সন্দীপ ঘোষ, আর আরও দুয়েকজনকে আড়াল করার চেষ্টা করেছে এটাও ফ্যাক্ট। কাজেই তিলোত্তমার মা-বাবার অন্যরকম কিছু মনে হতেই পারে, আর সেকথাই ওনারা বারবার বলেছেন, যে ওনাদের ন্যায়বিচার চাই। সেই চাওয়াটাও, আর তার জন্য সব রকম চেষ্টা করাটাও, ১০০% ওনাদের অধিকার। আমাদের, যাদের এই অবস্থায় পড়তে হয়নি, আদৌ ওনাদের জাজ করা সম্ভব না।  
     
    আমার মতে সম্পূর্ণ দোষ বিজেপির (বা হয়তো সিপিএমের) নেতাদের, যারা ওনাদের এক্সপ্লয়েট করছেন। লেখাটার ফোকাস সেরকম হওয়া উচিত ছিল।  
     
    "আশা করি তিলোত্তমার মায়ের মতো এঁদেরও কেউ কেউ কোনোদিন পুরষ্কৃত হবেন। বা, হয়তো হয়েই গেছেন, কে জানে।" - এইটা কুরুচিকর মনে হলো। তিলোত্তমার মা-বাবাকে আর কোন পুরষ্কার দেওয়া সম্ভব বলে মনে হয়না, ওনারা নিজেরাও বোধায় সেভাবে ভাবেন না (আমার আন্দাজ)। আবারও, ওনাদের নাম দিয়ে লিখতে পারলে ভালো হতো। 
  • aranya | 2601:84:8582:8580:203c:601b:2aa2:***:*** | ২০ মার্চ ২০২৬ ০৮:০৭739274
  • 'স্বার্থান্বেষী গোষ্ঠীগুলি তাঁদের নিজেদের আখের গোছানোর কাজে ব্যবহার করেছে- এমন মনে করি, আর এ বিষম পরিতাপ' 
    - একমত। 
  • NiPa | 2a0b:f4c2::***:*** | ২০ মার্চ ২০২৬ ০৯:২২739275
  • গুরু থেকে পরের বইমেলায় একটা বই হোক।
  • কুণাল ঘোষ | 2a14:c380:c70:88::***:*** | ২০ মার্চ ২০২৬ ০৯:৩২739276
  • এত কথা বলছেন একবার আমাকে ক্রেডিট দিন। ওই ব্যাটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো কলতান মীনাক্ষীর সাথে মিলে বডি আটকাতে গিয়েছিল। কেন রে বাবা, নান্টু গুণ্ডা বডি তাড়াতাড়ি পোড়াতে নিয়ে যাচ্ছিল, তুই কেন তার মধ্যে নাক গলাতে যাস? গেলি তো গেলি, তাড়াহুড়ো করে পোড়ানো আটকাতে পারলি?
     
    তারপর পুলিশকে দিয়ে কেস দেওয়ালাম। আর একটা হনুমান বিকাশ উকিল, সে আবার কোর্টে কেসটা আটকে দিল। বামেরা আবার সেই কলতানকে পানিহাটিতে ক্যান্ডিডেট করে দিল। এ বাবা, লোকাল মেয়ে খুন হয়েছে সেই সেন্টিমেন্টে এই লোকটা জিতে যাবে নাকি? দিদিকে গিয়ে বললাম, তোমার দাদাকে ধরে কিছু একটা কর। দিদি তখন দাদাকে ধরে অভয়ার মাকে দাদার দলের হয়ে দাঁড় করাল। এবারে দুই সেন্টিমেন্টে দুদিকে ভোট ভাগ হয়ে নান্টু গুণ্ডার ছেলে ভোট জিতবে, আর পুরস্কারপ্রাপ্ত বুদ্ধিজীবীরা বলে বেড়াবে আসলে তৃণমূল কিছুই করেনি। মেয়েটা নিজে নিজেই খুন হয়ে গেছে।
     
    অন্যের ব্যাপারে নাক গলান!! দেখ কেমন লাগে।
     
    আরো দুটো পেছন পাকা আছে। সেই যে আইএসআইয়ের দুই প্রফেসর ধনঞ্জয় কাণ্ড নিয়ে বুদ্ধকে বাঁশ দিয়েছিল, সেই দুটো আবার অভয়া কাণ্ড নিয়ে ওই রকম শুরু করেছে। ভেবেছে দিদির পোষা বুদ্ধিজীবীরা ওদের তখন তোল্লা দিয়েছিল, এখনো বুঝি দেবে। বলেনা মাস্টারি করলে মাথায় গোবর হয়।
     
    দাঁড়া না, ইলেকশন যাক। তোদেরও হবে।
  • কালনিমে | 2402:3a80:1cd1:b3ca:f4e1:e8be:a4b4:***:*** | ২০ মার্চ ২০২৬ ১৩:৩৭739291
  • অভয়ার মায়ের শোকের প্রতি সহানুভূতি রেখেও কিছু কথা বলা উচিত মনে করছি। এটা কিছুটা প্রত‍্যাশিত ছিল- তবে কাল এবিপি আনন্দ দেখলাম ভদ্রমহিলা বলেছেন সিস্টেম হাতে পেলে তিনি বিচার ছিনিয়ে আনবেন- এরকম কিছু ।
     
    রিজওয়ানউর এর দাদা রুকবানুর এভাবেই জিতেছিল। হয়ত ইনিও জিতবেন। তবে ওনার কাছে যেটা বিচার- তাতে পুলিশ, সিবিআই, মুখ‍্যমন্ত্রী তো বটেই- জুডিশিয়ারি অব্দি জেলে গেলে তবেই ওর মনোমত হবে। 
     
    অবশ্যই প্রথম থেকেই এটা পলিটিক্যাল লড়াই ছিল - কারো লবি, কারো প্রমোশন কারো অন‍্য কিছু - মূলত - তৃববিরোধিতা - যা হোক ঘোলাজলে যে যা মাছ ধরে।
     
    তবে সৈকতের মূল বক্তব্যের সুর টা ভুল - অভয়ার বাবা মা ব্রেনওয়াশড নিশ্চয়ই এমন লোকেদের সাথে আছেন যারা এদের ফেস ব‍্যবহার করছে অথ বিজেপি । 
  • দীপ | 2402:3a80:198b:6cfa:678:5634:1232:***:*** | ২০ মার্চ ২০২৬ ১৭:১৫739296
  • শিশুপুত্রকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন। হাসপাতালের পাঁচতলায় যাবেন বলে লিফটে উঠেছিলেন। জীর্ণ, বেসিক সেফটি চেকও না থাকা লিফটটা উপর দিকে কিছুটা উঠে নীচে নেমে আসে। তারপর সজোরে বেসমেন্টে গিয়ে ধাক্কা খায়। দুঘণ্টা পর আটকে থাকার পর তাঁর মৃতদেহ বের করে আনা হল।
     
    আবার আর জি কর। এসেছিল একসঙ্গে, কিন্তু ওই বাচ্চাটার আর বাবার সঙ্গে বাড়ি ফেরা হবে না। 
     
    লিফটে কোনো অপারেটর ছিল না। থাকে না। এটা কিন্তু ট্রমা কেয়ার সেন্টারের লিফট। যেখানে রোগীর বা পরিজনদের প্রায়ই সাহায্য প্রয়োজন হতে পারে। আজ এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর হাসপাতালের বিদ্যুৎ বিভাগ এবং পূর্ত বিভাগের থেকে রিপোর্ট চাওয়া হচ্ছে। এতদিন ট্রমা সেন্টারের মত গুরুত্বপূর্ণ অংশের রক্ষণাবেক্ষণ তবে কীভাবে হত? 
     
    দুটো ঘন্টা ভেতরে আটকে থাকতে কেন হয়েছিল জানেন? কারণ পিডব্লিউডির কাছে নাকি চাবি। মৃত অরূপের বৃদ্ধ বাবা বারবার অনুরোধ করেছেন, ফোন করতে বলেছেন দফতরে, কর্মীরা তাঁকে ধমকেছে, বলেছে চুপ করুন.. উনি বলেছেন ভেতরে আমার ছেলেটা মরে যাচ্ছে.. প্লিজ ফায়ার ব্রিগেডে ফোন করুন ওরা ভেঙে দেবে.. হাতুড়ি নিয়ে এসে ভেঙে দিন.. কর্ণপাত করেনি কেউ.. 
     
    চল্লিশ বছরের ছেলেকে হারিয়ে কাঁদছিলেন বাবা... 
     
    একটা রাজ্য আর কত পাপ সইবে? 
     
    লিখেছেন হিন্দোল গাঙ্গুলী।
     
    অবশ্য এরপরেও সাফাই গাইবার লোকের অভাব হবেনা!
    বিচিত্র দেশ বটে!
  • dc | 2402:3a80:435:65c2:2446:372f:8929:***:*** | ২০ মার্চ ২০২৬ ১৭:৪২739297
  • এখন কয়েকদিন দীপচাড্ডি এই কয়েকটা টইতে ঘ্যানঘ্যান করে কপিপেস্ট করে যাবে। 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২০ মার্চ ২০২৬ ১৯:২০739299
  • দেখুন, বিজেপির প্রার্থী হলেন বিজেপির প্রার্থী। তাঁদের তো রাজনৈতিক প্রশ্ন, এমনকি সন্দেহের সামনেও পড়তে হবে। হাজার হলেও উন্নাও, হাথরাসের দলের প্রার্থী। বিজেপি কোনো সুবিধা হিসেব না করে আদর্শের ভিত্তিতে প্রার্থী ঠিক করেছে, এ বিশ্বাসযোগ্য নয়, আর উনিও জানতেননা যে কেন্দ্রীয় সরকারের এজেন্সি তদন্ত করেছে তাও না। ফলে, জেনেশুনেই প্রার্থী হয়েছেন। শুনতেই হবে। 
     
    অন‍্য একটা অপশনও হতে পারে, যদিও কথা শুনে আদৌ তেমন লাগলনা, কিন্তু হতেও পারে, এসব প্রসেস করতে পারেননি। সেক্ষেত্রে এমন লোক আদৌ বিধানসভায় লড়ার যোগ্য কিনা ভাবতে হবে। 
     
    আমার অবশ‍্য এই দ্বিতীয়টা অর্থাৎ স‍্যানিটি হারিয়েছেন বলে মনে হয়নি। আপনাদের যদি সহানুভূতির জন‍্য বিজেপির হয়ে বলার ইচ্ছৈ হয়, তো বলতেই পারেন। নারায়ণ ব‍্যানার্জি বিজেপি হবার যুক্তি খুঁজৈ পেয়েছেন, অন্য অনেকেই পাবেন, ঠিকই আছে।
  • chaluni | 2a12:a800:2:1:45:80:158:***:*** | ২০ মার্চ ২০২৬ ২১:৩৮739306
  • পার্ক স্ট্রিট
    কামদুনি
    সন্দেশখালি
    আর জি কর
    কসবা
    ...
  • dc | 2402:e280:2141:1e8:b9a9:6671:af94:***:*** | ২০ মার্চ ২০২৬ ২২:০৮739308
  • "অন‍্য একটা অপশনও হতে পারে, যদিও কথা শুনে আদৌ তেমন লাগলনা, কিন্তু হতেও পারে, এসব প্রসেস করতে পারেননি। ...আমার অবশ‍্য এই দ্বিতীয়টা অর্থাৎ স‍্যানিটি হারিয়েছেন বলে মনে হয়নি"
     
    আমার এই খবরটা জেনে (মানে আপনার টই পড়ে) এই সম্ভাবনার কথাই প্রথমে মনে হয়েছে। তবে আমি একে স্যানিটি হারানো বলবো না, আমার মতে ওনারা যে ভয়ংকর শক পেয়েছেন, ট্রমার মধ্যে দিয়ে গেছেন, তারপর ওনাদের মনে হয়েছে মেয়ের জন্য "বিচার" যে কোন মূল্যে পেতেই হবে, দরকার হলে শয়তানের সাথেও রফা করতে হবে। আবারও বলি, ওনাদের মনে হয়েছে সঠিক বিচার হয়নি, সেটা মনে হওয়ার অধিকার ওনাদের আছে। আর ওনারা বিজেপিকে শয়তান মনে করেন কিনা জানিনা, এটা আমার কথা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমার মনে হয় ওনারা যা ডিসিশানই নিন না কেন, তার সমালোচনা করার অধিকার আমাদের কারুর নেই, কারন ঐ লস আমাদের হয়নি। আমি ওনাদের অন্য বিজেপি প্রার্থীদের সাথে ইকুয়েটও করবো না। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মত। 
     
    ডিসক্লেমারঃ আমি সাইকোলজিস্ট নই, কাজেই ওনাদের মানসিক অবস্থার ব্যপারে যা কিছু বললাম সে সবই আমার আন্দাজ। 
  • কী বলেছেন অভয়ার মা? | 2409:40e6:38:9e9f:a00f:7eff:fe6e:***:*** | ২১ মার্চ ২০২৬ ০২:২২739316
  • কী বলেছেন অভয়ার মা ?
    অভয়ার মা বলেন, "সিপিএম যেভাবে আমার মেয়েকে ভোটের ময়দানে নিয়ে এসে নিজেদের পায়ের নীচের জমি শক্ত করছে, ভোট কাটাকাটি করে তৃণমূলকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আন্দোলনে আসা দরকার। আমি নিজেই ফোন করে কাল জানিয়েছি যে প্রার্থী হতে চাই।"
  • কী বলেছেন অভয়ার বাবা? | 2409:40e6:38:9e9f:a00f:7eff:fe6e:***:*** | ২১ মার্চ ২০২৬ ০২:২৬739317
  •  'কলতান যখন এসেছিল, বারবার বলেছি, আমার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে রাজনীতি করতে দেব না। কিন্তু তারা সেই এই জায়গাটাই তুলে ধরার চেষ্টা করছে। সেই জায়গাটার বিরোধিতা করতে গিয়েই আমরা রাজনীতিতে আসতে বাধ্য হলাম।' সঙ্গেই তিনি বলেন, 'বামপন্থী দলগুলি আন্দোলন করেছে। বিচারের জন্য কী করেছে। বিচার যাতে আমরা না পাই, সেই কাজটা করেছে। বিচার যাতে সহজ হয়, আমরা পাই, সেই কাজটা করেনি। এখনও তারা বিরোধিতা করে যাচ্ছে, বাধা দিয়ে যাচ্ছে। বিচার যাতে না মেলে। ৩৪ বছর ধরে বামপন্থীরা রাজ্যকে যে পরিস্থিতি দিয়ে গিয়েছে, পরবর্তীকালে তারাই ভোটকাটাকাটির অঙ্কে, তৃণমূলকে ক্ষমতায় এনে রাজ্যকে সেই অবস্থায় রেখেছে।' 
  • নাড়ু ডাক্তার কী বলেছিলেন? | 2409:40e6:38:9e9f:a00f:7eff:fe6e:***:*** | ২১ মার্চ ২০২৬ ০২:৩১739318
  • শোকের আবহে নষ্ট হয়ে গিয়েছে মানসিক স্থিতিশীলতা। ঠিক থাকছে না কথার! একসময় একরকম ভাবছেন তো পরক্ষণেই অন‌্যরকম মেজাজ। এমন মানসিক অস্থিরতা, বিপর্যয়ের কারণে আরজিকরের মৃত তরুণী চিকিৎসকের মা-বাবাকে সমস্ত আন্দোলন থেকে সরে আসার পরামর্শ দিলেন সিপিএম মনোভাবাপন্ন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ‌্যায়। আরজি করের পরবর্তী সময়ে একাধিক আন্দোলনে দেখা গিয়েছে নারায়ণবাবুকে। সেই সুবাদে অভয়ার মা-বাবাকে অত‌্যন্ত কাছ থেকে দেখেছেন তিনি। ইদানিং তাদের একাধিক বক্তব‌্য দেখে-শুনে নিশ্চিত নারায়ণবাবুর স্পষ্ট অভিমত, ‘‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে ভুগছেন ওঁরা।’’ 
     
    গত বছর অগস্টে।
  • নাড়ু বনাম অভয়ার মা বাবা | 2409:40e6:38:9e9f:a00f:7eff:fe6e:***:*** | ২১ মার্চ ২০২৬ ০২:৪২739319
  • ৪-৫ মিনিট থেকে এটা ভাল করে শুনুন।


    ভাল সামারি দিয়েছেন মাধবেন্দ্র। 
    পানিহাটি থেকে বিজেপির সম্ভব্য প্রার্থী ছিলেন নারায়ন ডাক্তার। সেই খবর পেয়ে খানিক রেগে যান অভয়ার মা। ওঁনার বক্তব্য অনুযায়ী,  দুদিন আগেই সিপিএম থেকে বিজেপি হয় নারায়ন ব্যানার্জি আর তাকেই প্রার্থী করতে হবে পানিহাটিতে? আমিই দাঁড়াবো। উনি তো সিপিএম। এখানে জিততে পারবেন না। ফোন করি কৌস্তভ কে। কৌস্তভ বলে, আগে বললে না কেন? তারপর কৌস্তভ দিল্লিতে ফোন করে। হোয়াটসঅ্যাপে আমাকে একটা এপ্লিকেশন পাঠাতে বলে। আমি পাঠাই। রাতে আমার কাছে দিল্লি থেকে ফোন আসে এবং কথা হয়।

    অভয়ার বাবার সিপিএম এর ওপর রাগের কারন, উনি সিপিএম কে বলেছিলেন, পানিহাটি, খড়দা আর ব্যারাকপুর এই তিনটি কেন্দ্র ছেড়ে রাখুন। কিন্তু সিপিএম সেখানে প্রার্থী ঘোষনা করে দিয়েছে।

    অত:পর সিপিএম এর সারা রাজ্যে প্রার্থীতালিকা দেখে অভয়ার বাবার মনে হয়েছে, সিপিএম এমনভাবে প্রার্থী বিন্যাস করেছে যাতে করে তৃনমুল জিতে যায়!

    তাহলে হাতে যে দুটো পেন্সিল রইল তা হল

    ১) নারান ডাক্তারের টিকিট কেটে দিলেন অভয়ার মা। জানি না অন্য কোথা থেকে আর টিকিট পাবেন কিনা ডাক্তার। যদি না পান, আবার ঘুমিয়ে পড়ার চান্স আছে। তখন আবার উদ্বাস্তু হয়ে যাবার ভয় থাকবে ডাক্তারের।
    ২) ব্যাপারটা পুরোটাই রাজনৈতিক। আর অন্য কিছু কপচে লাভ নাই।

    তথ্যসুত্র: বাংলাস্ফিয়ার চ্যানেলে অভয়ার বাবা-মার ইন্টারভিউ। '
  • অনামিকা | 2409:40e3:407a:50b0:8000::***:*** | ২১ মার্চ ২০২৬ ১১:৫৪739333
  • বাপরে, ন্যারেটিভের পর ন্যারেটিভ নামছে খালি- বিরক্ত লাগছে এবার দেখে, এতো তো আর কোন ধর্ষণের ঘটনায় দেখলাম না, পার্ক স্ট্রিট কামদুনি দিল্লি আসিফা বানতলা গেল তল, আর জি কর বলছে কতো জল (কত গ্রাম বীর্য?) । শহুরে ইন্টারনেট ব্যবহারকারী মধ্যবিত্তের পুরো সাঁকো নড়ে গেছে দেখছি- আজকাল ইন্টারনেটের এই প্রসার দেখে মাথা ধরে যায়, খালি মনে হয় আগেকার দিনগুলোতে অন্তত এইসব লোকাল ঘটনাগুলো লোকালাইজড থাকতো ভালো হতো, এতো গ্লোবালাইজড হয়ে নাড়াঘাঁটা কাটাছেঁড়া হতো না- সমাজটা পুরো ঘা দগদগে হয়ে গেল এই করতে করতে, একটা ঘা সারতে না সারতে নতুন ঘা তৈরি হয়, আবার পুরনো ঘা টা ও শুকিয়ে খোসা পড়বে, তার সুযোগ ও দেয় না, যখন তখন খুঁচিয়ে রস রক্ত বের করে আনে উফফ।
  • Es | 2001:df1:c500:100e:bf26:14c:6d02:***:*** | ২১ মার্চ ২০২৬ ২০:৫৬739342
  • যাঁরা চটি চাটা কমিয়েও তাদের কি কষ্ট 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন