রেনবো জেলির দু'চার কথা : সৌকর্য্য ঘোষাল
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১৭ জুন ২০১৮ | ৮৮২ বার পঠিত | মন্তব্য : ১৮
রেনবো জেলি আমার বুকের ভেতরকার গলিগুলো চুপচাপ ঘুরে, ফুল কোড়ানোর মত নরম আর রঙীন। এই ছবিটা বানানোর প্রক্রিয়া বা অভিজ্ঞতা নিয়ে পত্রপত্রিকায় কথা বলেছি বিস্তর। কিভাবে মৌসুমি ভৌমিকের রেফারেন্সে মহাব্রতকে পাওয়া, কিভাবে তিনমাস অক্লান্ত পরিশ্রমসাধ্য ওয়ার্কশপের পর মহাব্রতর ঘোঁতন হয়ে ওঠা, কিভাবে পুরো স্ক্র্যাপ দিয়ে রোবট বানানো, কিভাবে ধার করে আর স্ত্রীর গয়না বন্ধক রেখে প্রোডাকশন করা, সাড়ে চোদ্দ দিনের শিডিউলে পুরো ছবিটা শ্যুট করা...সব। কিন্তু যেটা বলা হয়নি সেটা হ’ল এই গোটা যুদ্ধটায় আমার বিকের ভেতরের ঘোঁতনকে আমি সামলেছি কী করে। সকালবেলা ঘুম ভাঙা প্রতিদিন, তাকিয়ে দেখতাম আলো হয়ে রয়েছে চারধার। বুকের ভেতরকার ঢিপঢিপ বলত আরো একটা দিন বয়ে গেল, ইন্টারেস্ট বাড়ল লোনের। কবে শ্যুট জানিনা কারণ ডেট দেয়নি সবাই। কম টাকার ছবি বলে সবার ডেট পাওয়ার প্রেফারেন্সও কম হয়। বুকের ভেতর থেকে ঘোঁতন বলত, “কী হবে রে রাজন?” আমি বালিশটা জড়িয়ে ধরে বলতাম, “কিছু হবে না, সব ঠিকঠাক হয়ে যাবে, দ্যাখ আর তো কটা দিন”।