কারাগার, দেশে ও বিদেশে : সন্দীপন দাশগুপ্ত
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১৯ জুলাই ২০০৯ | ৮৮৫ বার পঠিত
শারীরিক নির্যাতনের সাহায্যে বিচারাধীন কয়েদীদের পছন্দমত "স্বীকারোক্তি" দিতে বাধ্য করার বিষয়টি গত এক বছরে বহুল প্রচারিত - মার্কিন প্রশাসন, প্রচারমাধ্যম ও সংসদের কল্যাণে। মার্কিন দেশে অবশ্য, গ্রেপ্তার করার আগে বা পরে, বিচারাধীন বন্দীদের উপর শারীরিক নির্যাতনের ব্যাপারে বেশ কড়া নিষেধাজ্ঞা আছে, যা নেহাতই "ব্যতিক্রমী' ব্যাপারস্যাপার ছাড়া, সাধারণভাবে মেনেও চলা হয়। এই কয়েকমাস আগে আটলান্টার এক গাড়িচালক কয়েকজন পুলিশকে চাপা দিয়ে চলে যাবার চেষ্টা করে। তাকে তাড়া করে ধরে ফেলার পর, ঐ পুলিশরা লোকটির উপরে শারীরিক আঘাত করে। ভিডিও ফুটেজে দেখা যায়, সেই আঘাতগুলি মোটেই ঠান্ডা মাথার পুলিশী মার নয়, বরং রক্তমাংসের সাধারণ মানুষের মতই। কোনো ক্রমে প্রাণে বেঁচে যাবার পর সাধারণ মানুষের পক্ষে এই ধরণের আচরণই প্রত্যাশিত। কিন্তু কর্তৃপক্ষের কাছে এই অজুহাত ধোপে টেকেনি, বরং অ-পুলিশী আচরণের অভিযোগে তিনজন পুলিশ অফিসারকে চাকরি থেকে বরখাস্ত হতে হয়।