বিবাহের একাল-সেকাল এবং প্রি হিংটিং ফটোশ্যুট - পর্ব দুই : রানা সরকার
বুলবুলভাজা | কূটকচালি | ১৬ মার্চ ২০২৫ | ১৭৩১ বার পঠিত | মন্তব্য : ৩
আগে ছেলেরা বিয়ে করত আর মেয়েদের বিয়ে হত। মেয়েদেরকে ছোটবেলা থেকেই নানারকমের রাজপুত্রের গল্প শুনিয়ে চাগিয়ে দেওয়া হত। সে নাকি পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আসবে। সঙ্গে বলা হত যে মেয়েরা আধ হাত ঘোমটা টেনে দশভুজার মতো সংসারের সব কাজ করবে; সেবা করবে। যেন বিবাহেই তাদের মোক্ষ। আর ছেলেদের পছন্দ ছিল টুকটুকে বউ। “টুকটুকে বউ আনবে আমার ভাই / গলা ছেড়ে গান গেয়ে যাই”।
এখন অবশ্য বাইক একটা ব্যাপার হয়ে উঠেছে।
তখনকার দিনে কারুর বিয়ে না হলে মনে করা হত যে সে হতভাগ্য; তার জীবনের আর কোনও মানেই নেই। বিবাহিত কুলীনদের মধ্যে সে ম্লেচ্ছ! আবার কুলীন ব্রাহ্মণেরা একগাদা বিবাহ করতেন। কমল কুমার মজুমদারের অন্তর্জলী যাত্রার কথা মনে পড়ছে।
এখন অবশ্য আবার যারা ‘একবার’ বিয়ে করেছেন তাদেরকে অবাক চোখে দেখেন ‘চার-পাঁচবার’ বিবাহ করা মানুষজনেরা।
বিয়েতে গায়ে হলুদ একটা বিরাট ব্যাপার। সেইরকমই এক বিয়েতে বরকে হলুদ মাখাচ্ছে। একজন ইওরোপীয়ান গেস্ট ব্যাপারটা খুব আগ্রহ নিয়ে দেখছিলেন। শেষে নিজেকে আর সামলাতে না পেরে জিজ্ঞাসা করলেন, “হোয়াই হি হ্যাজ বিন স্মিয়ারিং উইথ স্পাইস? টারমেরিক, অয়েল?”
একজন উত্তর দিলেন, “হি হ্যাজ বিন ম্যারিনেটেড ফর রোস্টিং”।