কী করে সন্দেশটা খেতে হবে, শিখিয়েছিলেন লিয়াকতদা : মুকুল দাস
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ৩১ ডিসেম্বর ২০১৭ | ১১০০ বার পঠিত | মন্তব্য : ৮
বাউল-ফকিরদের তিন দিনের এক উত্সবে প্রাণের বাগান তখন জমজমাট। মনসার থানের পাশে এক গাছতলায় এক দল কিশোরকিশোরী হইহই করছে। দুপুরে খাওয়ার পর গানবাজনা তখন বন্ধ। বড়রা বিশ্রাম নিচ্ছে। এক শহুরে মা বলে উঠলেন, ‘ইস্, কী যে করছিস তোরা সব এই ধুলোময়লায়!’ বাচ্চারা খুব একটা পাত্তা দেয়নি। কিন্তু এক জিনস, ফুল শার্ট পরা ‘বুড়ো’ লোক মিটিমিটি হাসতে হাসতে সেই মা-কে জিজ্ঞেস করলেন, ‘ধুলোকে ময়লা বলছেন কেন?’ আমার শহুরে শিক্ষা সেই মায়ের শাসনে চমকায়নি। চমকালাম লিয়াকত আলির ওই প্রশ্ন শুনে। এ ভাবেই লিয়াকত আলির সঙ্গে পরিচয়। শহুরে মানুষের অভিজ্ঞতায় ধুলো আর ময়লা এপিঠ-ওপিঠ। কিন্তু প্রকৃতি যেখানে এখনও ‘আধুনিকতা’র ছোবলে ক্ষতবিক্ষত নয়, সেখানকার ধুলো যে ময়লা নয়, সেটা লিয়াকতই প্রথম শিখিয়েছিল আমাদের অনেককে।