প্রতিরোধের গঙ্গা : প্রিয়াঙ্কা বরপূজারি
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০১ অক্টোবর ২০১৩ | ১০০৮ বার পঠিত | মন্তব্য : ৫
কিছুদিন পর, ২০০৬ সালে তাঁরা নিজেরাই তৈরি করলেন বহিষ্কৃত হিতকারী সংগঠন – বিএইচএস। উচ্চবর্গ একে একটি চ্যালেঞ্জ হিসেবে নিল। ‘নিচুজাত’-এর ওপর কর্তৃত্ব করবার ‘অধিকার’ এর ওপর হস্তক্ষেপ যেন। শুরু হল তান্ডব। হত্যালীলা। সঞ্জীবকে রুখবার জন্য, ভয় দেখাবার জন্য খুন করা হল ওঁর ভাইকে। সঞ্জীব এলাকা ছাড়তে বাধ্য হলেন। এলাকাটিতে মাওবাদী প্রভাব ছিল। মাওবাদীরাও ভাবল সঞ্জীবের কাজের জন্য এলাকায় তাঁদের গুরুত্ব কমে আসবে, সংগঠনে যোগ দিতে আসা দলিত ছেলেমেয়েদের সংখ্যা কমবে। চাপ এল সেদিক দিয়েও।
কিন্তু বিএইচএস টিকে রইল। সদস্যসংখ্যা দশহাজার এবং ঊর্ধ্বগামী। ডোম-রা যাতে আস্তাকুড় ঘেঁটে খাবার না খান, তার জন্য প্রচার শুরু হল। লেখাপড়াও চলতে থাকল পাশাপাশি। বেশ কিছু ডোম ছেলেমেয়ে স্কুলে ভর্তি হল – অনেকেই তাদের পরিবারে প্রথমবার। কিন্তু চলার পথ সহজ নয়। উচ্চবর্গ ছেলেমেয়েদের পরিবার নিম্নবর্গের একই স্কুলে যাওয়া, মেলামেশা মেনে নিতে পারছিল না। শিক্ষক-শিক্ষিকারাও অনেকে ডোম পড়ুয়াদের উপেক্ষা করতেন।