শিখা এবং আনিসুলের মা : অনুরাধা কুন্ডা
বুলবুলভাজা | গপ্পো | ১৬ এপ্রিল ২০২৫ | ১৪০৭ বার পঠিত | মন্তব্য : ৮
দিনটা স্পষ্ট মনে আছে শিখার। বৌদি টাকাটা দিয়ে বলেছিল, অ্যাডভান্স নিয়ে আবার কামাই করা শুরু করো না। শিখা ভালোমানুষের মতো মুখ করে বলেছিল, একদম কামাই হবে না। আমার লোহার শরীর। যদি দু একদিন ছুটি নিই, আনিসুলের মা এসে ঠেকার কাজ চালিয়ে যাবে। তুমি চিন্তা করো না। এ তো আর ফ্ল্যাট বাড়ি না যে আনিসুলের মা ঢুকতে পারবে না।
বিকেলে শিখারা যখন গপ্পে বসেছিল একসঙ্গে, টিভিতে বারবার ডাক্তার মেয়েটার কথা বলছিল। তার বাপ মা বন্ধু বান্ধব সবাইকে দেখাচ্ছিল। শিখারা মুড়ি মাখা খেতে খেতে সাধারণত এইসময় "বাঁশরির বিয়ে" বা "নয়নতারা" সিরিয়াল দেখে। সেদিন কেউ সিরিয়াল দেখেনি। শিউলির মা বলেছিল, "মেয়েমানুষ ঘরে থাকাই ভালো, কোন দরকার ছিল ডাক্তার হবার?" শিখাও একরকম তাইই ভাবছিল। আর ভাবছিল , ডাক্তার মেয়েটা ডিউটি দিয়ে পেশেন্টদের ঘরেই থেকে গেলে পারত টেবিলে মাথা টাথা দিয়ে ঘুমিয়ে। প্রাণটা বেঁচে যেত। বড় বৌ বলেছিল, ছত্রিশ ঘন্টা ডিউটি মা, শরীরে সয় না। বেচারা ঘুমাতে গিয়েছিল।