এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • মুম্বই সাহিত্য উৎসব: কিছু সমকালীন চিন্তা- ভাবনাসৌম্য প্রতীক মুখোপাধ্যায়

    SoumyaPratik লেখকের গ্রাহক হোন
    ১৫ নভেম্বর ২০২৬ | ১৬৭ বার পঠিত
  • কোলাবার স্কাই লাইন বিন্দু বিন্দু আলোক কণায় ভরে উঠেছে। হাল্কা বাতাস ভেসে আসছে মেরিন ড্রাইভের দিক থেকে। মুম্বই সাহিত্য উৎসব বা মুম্বই লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনের শেষ হতে হতে রাত গড়িয়ে এসেছে। চারটি সেশানে ঢুকতে পেরেছি; ওর বেশী এই ক্ষুদ্র মস্তিষ্কে একদিনে আর নেওয়া সম্ভব নয়। ফেরার পথে ঠিক করলাম এই অভিজ্ঞতা ভাগ না করলেই নয়।

    উত্তর ভারত

    তিনজন প্যানেলিস্টের মধ্য সর্বকনিষ্ঠ, একমাত্র পুরুষ ও অ-মুসলিম কণ্ঠ সিদ্ধেশ গৌতমের। তিনি দলিত সম্প্রদায়ের মানুষ, আম্বেদকরের অনুগামী এবং বৌদ্ধ ধর্মাবলম্বী। তার ভাষ্য সমসাময়িক এবং ব্যক্তিগত অভিজ্ঞতার ফসল। স্বল্প সময়ের মধ্যে উত্তর প্রদেশ এবং দিল্লীর সমাজ ব্যবস্থার মোড়ক অনেকটা খুলে দিলেন তীক্ষ্ণ, জোরালো আর চাঁচাছোলা ভাষণে!

    তাঁর রূপক উপন্যাস, “The Blue Book”- সমার্থক তার বিচারধারার সাথে মিলিয়ে। তাঁর নিজের ঠাকুমার পরিচয় দিলেন দ্ব্যর্থহীন ভাষায় - housemaid! তাঁর লেখা পড়া এক ক্যাথলিক স্কুলে; কারণ বলতে গিয়ে তিনি তুলে ধরেছেন এক অমোঘ সত্য, গভর্নমেন্ট বা অন্য স্কুলে উচ্চবর্ণের কাছে অপমানিত হওয়ার ভয়েই ক্যাথলিক স্কুল বেছে নেওয়া। সমস্যার শেষ সেখানেই নয়। স্কুলের বাইরে সহপাঠীদের সাথে মেলামেশার সময়ে সহপাঠীদের কিছু কিছু জাতিগত, ধর্মসংক্রান্ত অবজ্ঞাসূচক আচরণ ও মন্তব্য তাঁকে অনেকটা বাধ্য করে তোলে চারপাশের থেকে বিচ্ছিন্ন করে ফেলতে। সিদ্ধেশ তাঁর বন্ধুদের কোনোদিন জন্মদিনে বাড়িতে ডাকতে পারেন নি, পাছে তারা কোনো কথায় তাঁর ঠাকুমাকে অজান্তেই হয়তো অপমান করে। তাঁর ভয় হয় বাড়িতে রাখা বুদ্ধের মূর্তি, আম্বেদকরের ছবি হয়তো তাদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠবে; এক ধরণের মানসিক বাধা এবং ভয় তাঁর স্বাভাবিক জীবনযাপনের প্রতিবন্ধক হয়ে পড়ে। পরিষ্কার হয়ে উঠে আজকের দিনেও উত্তর ভারতে জাতিগত, ধর্মগত পরিচয় কতটা গুরুত্বপূর্ণ।

    গাজালা ওয়াহব আর রক্ষনন্দা জলিলের মূল বক্তব্য অনেকটা একই। গাজালা বিশ্লেষণ করার প্রচেষ্টা করেছেন কেন ধীরে ধীরে ভারতের অর্থনৈতিক কর্মকান্ড উত্তর ভারত হতে অন্যত্র সরে গেল। মধ্যযুগের ভারতকে অন্ধকার যুগ বলায় তার ক্ষীণ আপত্তি। সিপাহী বিদ্রোহের পরবর্তী কালের ব্রিটিশ দমননীতি মুসলিমদের উপর বেশী প্রয়োগের কারণ হিসাবে তিনি বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরেছেন। সেই সময়ে পৃথিবীর চারিদিকে দেশীয় মুসলিম শক্তির সাথে ইংরাজ ও অনান্য সাম্রাজ্যবাদী শক্তির লড়াই চলছিল। তাই স্বাভাবিকভাবেই ইংরেজ উত্তর ভারতের তৎকালীন মুসলিম শাসকদের উপর বেশ খাপ্পা ছিলেন। প্রচ্ছন্ন ভাবে তখনকার শক্তিশালী হিন্দু রাজাদের (ইঙ্গিত গোয়ালিয়র কিংবা বরোদার শক্তিশালী রাজঘরানার দিকেই? ) নিষ্ক্রিয়তাকে তিনি কিছুটা দায়ী করেছেন সিপাহী বিদ্রোহের অসফলতার জন্যে। এই আরোপ কিছুটা বাস্তব মনে হয়, যখন কোথাও পড়ি যে সিরাজের পতনের পর শোভাবাজার রাজবাড়িতে ব্রিটিশ সেনাবাহিনীর সাফল্যের সেলিব্রেশন হিসাবে মহাসমারোহে দুর্গোৎসব পালিত হয়েছিল।

    ব্রিটিশ শাসনেই উত্তর ভারত তার গুরুত্ব হারিয়ে একসময়ের সমৃদ্ধশালী জনপদ থেকে “বিমারু” রাজ্যে পরিণত হয়। ব্রিটিশ শাসনের আগে উত্তর ভারতে দুর্ভিক্ষজনিত মৃত্যুর ইতিহাস প্রায় নেই বললেই চলে। গঙ্গা-যমুনা অববাহিকায় দুর্ভিক্ষজনিত গণহারে মৃত্যুর শুরু ব্রিটিশ আসার পরেই। তার আগে ধর্ম নির্বিশেষে সমস্ত শাসক প্রজাদের উপর যতই জোর জুলুম করুক না কেন, তাদের পেটে যাতে দু মুঠো অন্ন জোটে তার ব্যাবস্থা করতেন। ব্রিটিশদের ক্যাশ-ক্রপ নীতি, লুন্ঠন প্রবৃত্তি সেই বন্দোবস্তের উপর আঘাত হানে। সুপরিকল্পিতভাবে দেশজ শিল্পের বিনাশ ঘটানো হয়। ভাবলে অবাক হতে হয় ষোড়শ শতকে ফ্রান্সের রাজ পরিবারের পছন্দ ছিল উত্তর ভারতের বস্ত্রশিল্প, তার অপূর্ব নকশা ; দুঃখের বিষয় আজ আমরা ফ্যাশনের নামে প্যারিসের দিকে তাকিয়ে থাকি।

    এইসব ইতিহাসের মধ্যেই উঠে এসেছে গত দশ বারো বছরের তোলা পুরোদস্তুর রাজনৈতিক অভিযোগগুলি। অভিযোগ “সবকা সাথ সবকা বিকাশে” কিছু বিশেষ পকেটেই ঘটে চলেছে উন্নয়ন। অভিযোগ উঠে আসে - একটি বিশেষ সাম্প্রদায়িক গোষ্ঠীর মানুষ যে বিশেষ কিছু পেশার সাথে যুক্ত, সেগুলিকে সূচারুভাবে এমন একটি সিস্টেমে নিয়ে আসা, যে সেটির অস্তিত্ব সঙ্কটে পড়ে যায়। উন্নয়নের নামে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীর জায়গা বকলমে বেদখল হয়ে যায়। তুলনা করতে গিয়ে রূপক হিসাবে এসেছে সেই দেহাতি গ্রামের কথা, যেখানে ঠাকুরের উঁচু “শানদার” হাভেলির দূরে গ্রামের এক প্রান্তে প্রত্যন্ত মানুষেরা বাস করেন ক্লেদাক্ত পরিবেশে।

    প্রশ্নোত্তর পর্বে -দিল্লী পুলিশের কথা উঠে এল। গজালা সেটিকে বিশেষ পাত্তা দিলেন না। তার মতে পুলিশ মানসিকতায় এখনও ব্রিটিশ যুগে যেন পড়ে আছে। নিয়ম- ন্যায়- নীতি নয়, ক্ষমতায় যে থাকবে তার পদলেহন করাই যেন তার অঘোষিত ধর্ম। দল মত নির্বিশেষে সমস্ত শাসকেরও সেটিই দাবী পুলিশের কাছে।

    ভারতীয় দর্শন

    আলোচনার বিষয়বস্তু ভারতীয় দর্শনের উপর হলেও, সে যেন গঙ্গা যমুনার তীরেই আবদ্ধ থাকলো। আশা করা গিয়েছিল শশী থারুর মশাই দক্ষিণ ভারতীয় ও দ্রাবিড় দর্শন শাস্ত্র সম্বন্ধে বিশেষ কিছু বলবেন!

    আলোচনায় শশী থারুরের বক্তব্যে বারংবার উঠে আসছিল স্বামী বিবেকানন্দের কথা। ভারতীয় দর্শন ধর্মের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। সকল ধর্মের সারমর্ম যে “জীব সেবাই শিব সেবা”, “সব ধর্ম যেন এক একটা নদীর মতোন, যা একই সাগরে গিয়ে মিশেছে”- তারই প্রতিধ্বনি শুনতে পেলাম। পবন ভার্মা নিয়ে আসলেন ভক্তি আন্দোলনের কথা। নানক, তুকারাম থেকে তুলসীদাসের সম্প্রীতির বাণী প্রচারের কথা। উত্তর ভারত জন্ম দিয়েছে চারটি ধর্মের- হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ। বক্তাদ্বয় আশ্চর্য প্রকাশ করেন সেই মাটিতে অসহিষ্ণুষা, পরস্পরের প্রতি হিংসা সঞ্চারিত হয় কি করে! দুঃখপ্রকাশ করলেন সমস্ত শিক্ষা -দর্শন আজকের দিনে আমরা বোধহয় পুরো জলাজ্ঞলি দিয়ে বসেছি।

    অবধারিত ভাবে পবন ভার্মার কথায় চলে আসলেন শঙ্করাচার্য্য। শঙ্করাচার্য্যর দর্শনে শেখানো হয় - বিপক্ষকে বিপদে ফেলে তার উপর বিজয় পতাকা উড়ানো অনুচিত; আপাতদৃষ্টিতে কমজোর বিপক্ষকে লড়াই করার সমান সুযোগ দেওয়া, এমনকি যদি সে অক্ষম হয়- তাকে যথাসম্ভব সাহায্য পর্যন্ত করা, যাতে অন্তত কিছুটা level playing field সৃষ্টি হয়। মনে হয় না সত্তর আশি বছর আগেও আমরা এতটা নির্মম ও নির্লজ্জ ছিলাম। থাকলে হয়তো কংগ্রেস ও গান্ধী বিরোধী আম্বেদকরের হতে দেশের সংবিধান তৈরী করার ভার পড়তো না।

    খুবই তাৎপর্যপূর্ণভাবে উদাহরণস্বরূপ পবন বর্মা নিয়ে আসেন আদি শঙ্করাচার্য্য আর মন্দন মিশ্রর তর্কযুদ্ধের প্রসঙ্গ। ছোট্ট করে বললে কাহিনীটি অনেকটা এইরকম- ত্রিশ বছরের শঙ্করাচার্য্য যখন মিথিলায় সত্তর বছরের মন্দন মিশ্রর সাথে তর্কে অবতীর্ণ হন, তখন বয়জ্যেষ্ঠ হিসাবে মিশ্রজী তাঁকে বলেন এই যুদ্ধের বিচারকের নির্বাচন করতে। শঙ্করাচার্য্য আরও এক ধাপ উপরে উঠে মন্দন মিশ্রর ধর্মপত্নী বিদুষী ভারতী দেবীকে বিচারকের আসনে বসান। তর্কে মন্দন মিশ্র পরাজিত হন এবং সেই বিচার করেন ভারতীদেবীই। পরে আবার যখন ভারতী দেবীর সাথে শঙ্করাচার্য্য তর্ক যুদ্ধে লিপ্ত হন, তখন মন্দন মিশ্রকেই শঙ্করাচার্য্য বিচারকের আসন গ্রহণ করতে বলেন। দুই হাজার ছাব্বিশে এই ভাবনা মাথায় আসাও অকল্পনীয়; যদিও সম্প্রতি সেই প্রস্তাব ছুঁড়ে দেওয়া হয়েছে কিছুটা নাটকীয় ভাবে।

    গান্ধীর প্রাসঙ্গিকতা

    গান্ধীর প্রাসঙ্গিকতা বোঝাতে গিয়ে রামচন্দ্র গুহ মূলতঃ তার তথাকথিত বিরুদ্ধবাদীদের গান্ধীর সম্বন্ধে মূল্যায়নের কথা মনে করিয়ে দিয়েছেন। তাঁকে “জাতির জনক” আখ্যা দিয়েছিলেন কংগ্রেসের কেউ নন। কংগ্রেস থেকে বিতাড়িত সুভাষ বোসই আজাদ হিন্দ রেডিওতে প্রথম এই সম্বোধন করেন। গান্ধীর সাথে এক আশ্চর্যজনক বিরোধীতা ছিল আম্বেদকরের। অথচ কংগ্রেসের মধ্যে গান্ধী একাই প্রথম অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করেছেন। নিন্মবর্ণের সাথে ভগবানের নামের একাত্মতা ঘটিয়েছেন; পত্রিকার নাম হরিজন রেখেছেন। আম্বেদকরের পক্ষ থেকে বিরোধিতার সবথেকে জোরালো যুক্তি যে গান্ধী কোনোদিন সেই নিন্মবর্ণের দুঃখ দুর্দশাকে ব্যক্তিগত স্তরে অনুভব করেননি; গান্ধীর অনেকটাই নাকি লোক দেখানো হরিজনস্তুতি। গান্ধী যেখানে বর্ণাশ্রম প্রথার শুদ্ধিকরণে জোর দিয়েছেন, সেখানে আম্বেদকরের মত এই প্রথার বিলুপ্তির। এই প্রসঙ্গে রামচন্দ্র গুহ প্রশংসা করেছেন অভিজিৎ দীপকের, যিনি এক হাতে গান্ধী, অন্য হাতে আম্বেদকরের ছবি তুলে ধরে দুটি প্রায় সমধারার, আপাত যুযুধান শক্তি ও চিন্তাকে মেলানোর চেষ্টা করছেন।
    ,
    নারী কল্যাণের প্রেক্ষাপটে রামচন্দ্র গুহ মুক্ত কন্ঠে স্বীকার করেছেন যে এই বিষয়ে গান্ধীজি ব্যর্থ। আবহমান ধারণা, পুরাতন সংস্কার এবং পিতৃতন্ত্রের ঊর্ধ্বে তিনি উঠতে পারেন নি। আজকের দেশশাসন গোষ্ঠীর কখনো সখনো দেশে এবং বিশেষ করে বিদেশে- গান্ধী ভজনাকে তিনি "বিড়াল বলে মাছ খাব না, কাশী যাব " এর সাথে তুলনা করেছেন। বিদেশে গান্ধীর পরিচিতি এবং ইমেজ তাদেরকে বাধ্য করেছে অনিচ্ছা সত্ত্বেও তাঁর গলায় মালা পড়াতে- অনেকটা চাঁদ সদাগরের মনসা পূজার মত।

    সপ্তাহ খানেক বাদে চিন্তা করতে করতে মনে হচ্ছিল এই তিনটি সেশান যেন কোনো এক অদৃশ্য সুতো দিয়ে বাঁধা। কখনো কখনও মনে হয় এর কথা ওর ঘাড়ে চলে গেল না তো। ক্রিকেটের সেশানের বিষয়টি অপ্রাসঙ্গিক বলেই উহ্য রাখলাম ইচ্ছা করেই।

    এক একটি সেশানে ঢোকার জন্যে লম্বা লাইন, প্রায় শ খানেক মিটার জুড়ে। ভালো লাগলো দেখে নবীন প্রজন্মের সরব উপস্থিতি। তারাই বোধহয় এই উৎসবের বৃহত্তম জনগোষ্ঠী। যারা বইয়ের ভবিষ্যত নিয়ে সন্দিহান, এই সংবাদ তাদের কিছুটা আশ্বস্ত করতে পারে। আর যদি হাততালি নিশানি হয়, তাহলে অদূর ভবিষ্যতে হয়তো কিছু পরিবর্তন আমরা দেখতে চলেছি।

    পুনশ্চ: যে সেশনগুলির ভিত্তিতে লেখা

    North As We See It- At the Confluence of culture, identity and politics : Rakhshnda Jalil, Ghazala Wahab, Siddhesh Gautam.
    Deep Routes- Exploring the nuances of Ancient Indian Philosophy: Shashi Tharoor in conversation with Pawan Verma
    Gandhi Matters- The Intellectual Legacy of Mahatma: Ramchandra Guha
    Lines At Length - Rahul Bhattacharjee, Shashi Tharoor with Ayaz Memon

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হেঁয়ালি | ১৭ নভেম্বর ২০২৬ ০০:০৫744007
  • yes
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন।