এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বোধন

    Raktim C. লেখকের গ্রাহক হোন
    ১৩ নভেম্বর ২০২৬ | ২৪১ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • "শুনতে পাচ্ছিস না?"

    শর্মিষ্ঠা মাথা তুলল না। বাবার কথাগুলো যেন কানে বিষ ঢেলে দিচ্ছিল। উনুনের গুলের ওপর ঘষিগুলো একটা একটা করে সাজিয়ে রাখছিল ও।

    একটু আগেই স্কুল থেকে ফিরেছে। আজ সরকারপাড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ওদের বিদায় সংবর্ধনা ছিল। আজই আবার ফল বেরোনোর দিন। দিদিমণিরা সেজে এসেছিলেন। বাসন্তী শাড়িতে প্রভাদিকে দেখাচ্ছিল ঠিক মা সরস্বতীর মতো।

    শেষবারের মতো সুমিতাকে টপকে প্রথম হতে চেয়েছিল শর্মিষ্ঠা। হলো না। উল্টে দ্বিতীয় জায়গাটাও হাতছাড়া হলো। মঞ্চে দাঁড়িয়ে হাড়-জ্বালানো হাসি হাসছিল রুবেল।

    সরকারপাড়ার পাঠ চুকল।

    এবার?

    বাড়ি ফিরতেই বাবা সাফ জানিয়ে দিল, আর নয়। অনেক শখ পূরণ হয়েছে। ক্লাস এইট পাশই যথেষ্ট। মায়ের শরীরটা খারাপ, তাই রান্নার দায়িত্বটা আজ ওর ওপরই পড়েছে।

    মনটা বেশ খারাপ। একবার ইচ্ছে হলো উনুনে লাথি মেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিজেকে শান্ত করল। উনুনের ধোঁয়ায় মন গলে গালে ঝরে পড়ল।

    বাবার ভয়টা ও বোঝে। সরকারপাড়ায় পড়ার সুযোগ শুধু ক্লাস এইট অবধি। এরপর পড়তে হলে যেতে হবে শাহপুর, বাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার। এই গ্রাম থেকে আগে অনেক মেয়েই শাহপুরের স্কুলটায় পড়তে যেত। সবকিছু বদলে গিয়েছিল বছর পাঁচেক আগে, যখন স্কুল-ফেরত উমা আর বাড়ি ফেরেনি। দিন তিনেক পর ওর দেহটা পাওয়া গিয়েছিল দুধসাঁকোর পাড়ে। তারপর একইভাবে হারিয়ে গেল তৃপ্তি, বিপাশা। বিচার হলো না। আতঙ্কে কাঁটা হয়ে দিন কাটাতে লাগল আশপাশের গাঁয়ের লোকজন।

    সুমিতা অবশ্য চলে যাচ্ছে। ওর বাবা ওকে পিসির বাড়ি পাঠিয়ে দিচ্ছে। সেখানকার স্কুলে ভর্তির কাজও মোটামুটি সারা।

    অনুষ্ঠান শেষে স্কুলের গেটের বাইরে মুখোমুখি হয়েছিল দুজনে। সুমিতার হাতে প্রথম পুরস্কারের রঙিন মোড়ক।

    "তুইও চল!"

    কথাটা সুমিতা ছুঁড়ে দিয়েছিল দাক্ষিণ্য মেশানো ঔদ্ধত্য নিয়ে, যেন উত্তরটা আগে থেকেই জানে।

    শর্মিষ্ঠা এক মুহূর্ত চুপ করে তাকিয়ে ছিল। তারপর ঠান্ডা গলায় হিসহিসিয়ে বলেছিল, "ভালো করে পড়াশোনা করিস, সুমিতা। বড় হোস। আমারটা আমি ঠিক বুঝে নেব।"

    ঠোঁট উল্টে হাসতে হাসতে বাড়ির পথ ধরেছিল সুমিতা। একবারও পিছন ফিরে তাকায়নি। বড় নিষ্ঠুর ও। বড় স্মার্ট। বড় আধুনিক।

    উনুনের আগুন এখন গনগনে। হাঁড়িতে চাল ফুটছে। শর্মিষ্ঠা একদৃষ্টে চেয়ে আছে আগুনের দিকে।

    আমারটা আমি ঠিক বুঝে নেব।

    কথাটা বলার সময় ও নিজেও জানত না, কীভাবে।

    ঠিক তখনই উঠোনের এক কোণ থেকে ডাক এল, "এই বেলি, শোন!"

    রিনি। ওর প্রিয় বন্ধু রিনি। রিনির মতো নিঃস্বার্থ, মুক্ত বাতাস ওর জীবনে আর নেই। সম্পর্কে ওর পিসি, কিন্তু বয়সে ওর চেয়ে মাত্র এক বছরের বড়।

    "বেলি, শোন না!"

    "জ্বালাস না, রিনি। মনটা ভালো নেই, তুই এখন যা।" বাবার সামনেই বেশ রূঢ়ভাবে বলল শর্মিষ্ঠা।

    রিনি এবার এক ছুটে এসে ওর পাশে বসল। গম্ভীর গলায় বলল, "দাদা, আমার ভাইঝির সঙ্গে আমার কিছু কথা আছে। ওকে নিয়ে যাব।"

    প্রাজ্ঞ জনার্দনবাবু কিছুটা বিরক্ত হয়েই বললেন, "রান্না করছে যে।"

    "আমি মাকে বলে দিচ্ছি। বেলি আজ এইট পাশ দিয়েছে। ও আজ আমাদের বাড়িতে খাবে। তোমাদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি।" বলেই শর্মিষ্ঠার হাত ধরে টান দিল, "এখন আমরা আসি।"

    বাড়ি থেকে খানিক দূরেই বৃদ্ধ ঠাম্মার মতো কোল পেতে ছড়িয়ে বসে আছে ষষ্ঠীতলা। দুই কিশোরী জ্যোৎস্নায় ভেজা গ্রামের পথ ধরে এগিয়ে চলল সেদিকে।

    "আজ মুঙ্গলীকাকা তালার পুকুর থেকে এত্ত বড় কাতলা ধরেছে। মা রাঁধছে।"

    "তোরা আবার আমাদের পুকুরের মাছ ধরিয়েছিস? বাবা জানতে পারলে কিন্তু আবার ঝামেলা হবে।"

    "তোদের এগারোটা পুকুর মাছে ভর্তি। একটা নাহয় ধরলাম।"

    "বাড়িতে কেউ এসেছে?"

    "এসেছিল। আমাকে দেখতে।"

    "তোর বিয়ে?" উজ্জ্বল মুখে জিজ্ঞেস করল শর্মিষ্ঠা।

    "না রে, পছন্দ হয়নি আমাকে!" খিলখিল করে হাসল রিনি।

    কিছু কি আড়াল করে গেল? জানে না শর্মিষ্ঠা।

    ষষ্ঠীতলার বুড়ো বটগাছটার তলায় বাঁধানো বেদি। দিনের বেলা পাড়ার বউ-ঝিরা থানে সিঁদুর ঠেকিয়ে যায়, সন্ধে নামলে জায়গাটা ফাঁকা। ঝুরিগুলো জ্যোৎস্নায় রুপোলি সুতোর মতো ঝুলছে। দূরে একবার শেয়াল ডাকল।

    রিনি বেদির ওপর পা তুলে বসল। শর্মিষ্ঠা বসল ওর গা ঘেঁষে। অনেকক্ষণ কেউ কিছু বলল না।

    "কাঁদছিলি?" শেষে রিনিই জিজ্ঞেস করল।

    "ধোঁয়া লেগেছিল।"

    "হুঁ। ধোঁয়া।" রিনি আঁচলের খুঁট দিয়ে ওর গালটা মুছে দিল, ঠিক যেমন করে মায়েরা দেয়। "সুমিতা ফার্স্ট হয়েছে, না?"

    শর্মিষ্ঠা চমকে তাকাল। "তুই জানলি কী করে?"

    "গোটা গাঁ জানে। ওর মা বিকেলেই পুকুরঘাটে রাষ্ট্র করে দিয়েছে। তুই থার্ড?"

    "থার্ড।" কথাটা উচ্চারণ করতেই গলার কাছে আবার কী একটা দলা পাকিয়ে উঠল।

    রিনি হাসল না। ঝুরি থেকে একটা শুকনো পাতা ছিঁড়ে আঙুলে পাকাতে লাগল।

    "বাবা আর পড়তে দেবে না, রিনি।"

    "জানি।"

    "তাও জানিস?"

    "দাদার মুখ দেখেই বুঝেছি।"

    শর্মিষ্ঠা চুপ করে রইল। বাবার মুখটা ও কোনোদিন অমন করে পড়ে দেখেনি। রিনি দেখে। রিনি সব দেখে।

    "উমাদির কথা মনে আছে তোর?" হঠাৎ জিজ্ঞেস করল রিনি।

    শর্মিষ্ঠার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মনে আছে। উমাদির দুটো লম্বা বিনুনি ছিল, তাতে লাল ফিতে। স্কুল-ফেরত আমবাগানের ধারে দাঁড়িয়ে একদিন ওদের দুজনকে নুন-লঙ্কা মাখা কাঁচা আম খাইয়েছিল। তার তিনদিন পর…

    "দাদা ভয় পায়, বেলি। দাদার দোষ নেই।"

    "তুইও বাবার দিকে?"

    "আমি কারও দিকে না।" রিনি পাতাটা ছুঁড়ে ফেলল। "আমি শুধু বলছি, ভয় পাওয়া মানুষকে রাগ দেখিয়ে লাভ নেই।"

    শর্মিষ্ঠা অবাক হয়ে তাকাল। রিনি তো এমন করে কথা বলে না। রিনি বলে পুকুরের মাছের কথা, মেলার নাগরদোলার কথা, কোন বাড়ির বউ কার সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করল সেই কথা।

    "কী বলতে ডাকলি আমাকে?"

    রিনি একটু থামল।

    "জেদ করিস না, বেলি। দাদা তোর বিয়ের সম্বন্ধ দেখছে। বিয়েটা করে ফেল।"

    রক্তজবার মতো চোখ নিয়ে বাড়ি ফিরল শর্মিষ্ঠা। অঙ্কখাতাটা টেনে নিয়ে এক ঝটকায় ছিঁড়ে ফেলল কয়েকটা সাদা পাতা। হারিকেনের আলোটা বাড়িয়ে দিয়ে লিখতে বসল। সস্তা পাতায় ওর চোখের জল সাক্ষ্য দিতে থাকল।

    তারপর কেটে গেছে বেশ কয়েক মাস। বাড়ির পরিবেশ বেশ থমথমে। কয়েকটা পাত্রপক্ষ এসেও কনে না দেখে ফিরে গেছে। পুজোটা সামনেই। সংক্ষিপ্ত বিকেল পেরিয়ে সন্ধেটা কেমন যেন ঝুপ করে নামছে। দীর্ঘ বৈকালিক আড্ডার পর রিনিকে বিদায় দিয়ে বাড়ি ফিরছিল শর্মিষ্ঠা। বাড়ির সামনেটায় আসতেই চমকে উঠল। একটা অচেনা গাড়ি দাঁড়িয়ে রয়েছে বাড়ির কালীমন্দিরের সামনে। আবার কেউ দেখতে এল? অভিমানে পালাতে গিয়েও পালাল না। রাগত পায়ে হেঁটে বাড়ির চৌহদ্দিতে ঢুকল। আর ঢুকেই বুকটা হালকা হয়ে গেল ওর। বেতের চেয়ারের ওপর বসে এক দীর্ঘকায় প্রৌঢ়। ওকে দেখেই বাঁ হাতটা বাড়িয়ে দিলেন। ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল শর্মিষ্ঠা। এসেছে, অবশেষে চিঠির উত্তর এসেছে। সেদিনের সেই সন্ধের চোখের জলে ভেজা চিঠিটার উত্তর। এসেছে মামা।

    "হ্যাঁ, তারপর যেটা বলছিলাম জামাইবাবু। তাহলে কাল সকালেই নিয়ে যাই?"

    ইতস্তত করেও সম্মতি দিয়েছিল বাবা।

    আলো ফোটার আগেই উঠোনে গাড়ির ইঞ্জিন গরগর করে উঠল। মা আঁচলে চোখ মুছতে মুছতে হাতে একটা পুঁটলি গুঁজে দিল, তাতে নারকেল নাড়ু। বাবা দাওয়ায় দাঁড়িয়ে। মুখে কিছু বলল না। শর্মিষ্ঠা প্রণাম করতেই শুধু মাথায় হাতটা রাখল, অনেকক্ষণ। হাতটা কাঁপছিল।

    "সাবধানে থাকিস।"

    ষষ্ঠীতলার পাশ দিয়ে গাড়িটা বাঁক নিতেই শর্মিষ্ঠা দেখল, বটগাছের তলায় দাঁড়িয়ে রিনি। গায়ে চাদর জড়ানো, চুল শিশিরে ভেজা।

    "মামা, একটু থামাও!"

    গাড়ি থামতেই ছুটে নেমে গেল ও।

    দুজনে মুখোমুখি। কেউ কিছু বলছে না। শেষে রিনিই হাসল, সেই চেনা খিলখিল হাসি।

    "ভুলে যাবি না তো?"

    দুদিকে মাথা নাড়ল শর্মিষ্ঠা।

    "বিয়েতে আসবি?"

    "আসব।"

    তারপর গাড়িটা দিগন্তে হারিয়ে গিয়েছিল, রিনির শৈশবটুকু সঙ্গে নিয়ে, ওর বুকটা ফাঁকা করে দিয়ে।

    তারপর কেটে গেছে বছর পনের। নাম-না-জানা এক মফস্সল শহরের নামী স্কুলে বাংলা ক্লাস নিতে ঢুকলেন বাসন্তী শাড়ি পরা এক দিদিমণি। নতুন চাকরি, প্রথম ক্লাস। দীপ্ত ভঙ্গিতে হাজিরা খাতাটা হাতে তুলে নিলেন। মুখে স্মিত হাসি, খানিকটা গর্ব। নিজেরটা শেষ পর্যন্ত ঠিক বুঝে নিয়েছে ও।

    রোল নম্বর তিনে এসে বুকটা ছ্যাঁত করে উঠল। চোখদুটো অজান্তেই জ্বালা করে উঠল। অনেকখানি শ্বাস টেনে নামটা ডাকল, "উমা মণ্ডল।"

    উঠে দাঁড়াল মেয়েটি। দুদিকে লম্বা দুটো বিনুনি, লাল ফিতে দিয়ে বাঁধা।

    মনটা ক্লাস থেকে অনেক দূরে কোথাও হারিয়ে গেল শর্মিষ্ঠার।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • syandi | ১৩ নভেম্বর ২০২৬ ২৩:০২743967
  • ভাল লিখেছেন উত্তরণের গল্প। শেষের দিকটা বনফুলের 'বুড়িটা' নামক গল্পের ছোঁয়া পেলাম, বিষয়বস্তু আলাদা যদিও।
  • Raktim C. | ১৩ নভেম্বর ২০২৬ ২৩:০৬743968
  • ধন্যবাদ।
  • SHANTANU | ১৩ নভেম্বর ২০২৬ ২৩:১৮743969
  • বাহ্ ...
    যদিও দুর্ঘটনা গুলো এখনো ঘটে
    কিন্তু গ্রাম কেন্দ্রীক গোলাপ
    বেশ লাগে
  • Raktim C. | ১৩ নভেম্বর ২০২৬ ২৩:৪৮743972
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন।