নয় বছর পরে=========
(২০০৭সালে এবং চোদ্দ সালে এই পাতায় আলোচনার সময় যাঁরা সক্রিয় মতামত দিয়েছিলেন তাঁদের অনেকেই এখন গুরুর পাতায় সক্রিয় নন। কেউ কেউ অবশ্যই আছেন। ভাল লাগল ভাটপাতায় টিমের উপস্থিতি দেখে। স্যান এখন আসেন না। ট্যান অ্যান্ডর নামে লেখেন। ঈশান তো থাকবেনই। সিকি ও বৈজয়ন্ত নেই। তবু এই পুরনো টই উঠে আসায় মনে হোল সংক্ষিপ্ত আপডেট দিই)।
২০২২ সালে গিয়েছিলাম বিলাসপুরে সস্ত্রীক। আমার বন্ধু বর্মার ছেলের বিয়েতে। ছেলে এখন বড় হয়ে হাইকোর্টের উকিল হয়েছে। সম্বন্ধ করে বিয়ে। দুপুরবেলা আত্মীয়স্বজন ও অতিথিদের ঘরোয়া খাওয়াদাওয়ার সময় দেখা হোল মেয়ে এবং জামাইয়ের সংগে। এবং ওদের দুই বাচ্চা ছেলের সংগে।
বিবাহিত মেয়ে হিজাব পরে হাসিমুখে সব অনুষ্ঠানে সক্রিয়। জামাই স্মিতমুখে চেয়ার টেনে বসে আছে। মেয়ের চার কাকা এবং সমস্ত পরিবার হাজির। কারও কোন আপত্তি নেই--যেন এরকমটাই হওয়ার কথা ছিল। বর্মার মা গত হয়েছেন। ওনারই বেশি আপত্তি ছিল।
জামাইয়ের বাবাও ক্যান্সারে চলে গেছেন।
বর্মা জানালো বিয়ের কথাবার্তা পাকা হওয়ার সময় ও খোলাখুলি বলেছে। জামাই মুসলিম, কিন্তু ওর বড় ছেলের মত। এই আলোচনায় ও অংশগ্রহণ করবে এবং মতামত দেবে। পাত্রীপক্ষের কোন আপত্তি আছে কিনা। ওরা বলল--কোন আপত্তি নেই।
ভাবলাম এই ম্যাজিকের পেছনে কী কী ফ্যাক্টর সক্রিয়। একটা আগে থেকেই জানতাম।
আর্থিক স্বচ্ছলতা।
পিসিও বিজনেস সারা ভারতেই বন্ধ হয়ে যাওয়ায় জামাই নানান রকম চেষ্টা করে। মামার সংগে কাঠের কারোবারে যোগ দেয়া ইত্যাদি। সফল হয় আদালত প্রাঙ্গণে সরকারের স্ট্যাম্প ভেন্ডর হয়ে। বর্মার ছেলে বেশ গর্বিত মুখে জানালো--জামাইবাবুর এখন মাসিক আয় লাখটাকার কম নয়। মেয়ে মাস্টার্স করে একটি প্রাইভেট স্কুলে টিচার।
আমি মেয়েকে ও জামাইকে বললাম--পরে যখন বিলাসপুরে আসবো,তোদের সবাইকে নিয়ে কোন ভাল রেস্তোরায় ডিনার খাওয়াবো।
মেয়ের মুখে হাজার ওয়াটের আলো। --প্রমিস দাদা? ম্যাডাম ভী---
--প্রমিস।
আমি ওদের সবার দাদা। বর্মা,বর্মার ছেলেমেয়ে সবার। আর আমার স্ত্রী ওখানে স্কুল খুলেছিলেন। ওরা সেই স্কুলে পড়েছিল। তাই গিন্নি ওদের ম্যাডাম।
কিন্তু গ্রহের ফেরে কথা রাখা হয় নি। আমার ভীড়ে যাওয়া নিষেধ। বইমেলায় যেতে পারি না। আড্ডা দেয়া হয় না। ছত্তিশগড় দূর অস্ত !