রমজানের কথকতা : সেমিমা হাকিম
বুলবুলভাজা | ইদবোশেখি | ২০ এপ্রিল ২০২৫ | ৯৫৯ বার পঠিত | মন্তব্য : ৪
আমাদের বাড়িতে সেহরি হোক বা ইফতার, আয়োজন খুব সামান্য। রাত্রের জন্য যে ভাত/রুটি ও তরকারি করা হতো প্রথমেই তার থেকে কিছু অংশ তুলে রাখা হতো সেহরির জন্য। ভোর রাত্রে সেই খাবার স্টিমে গরম করে নিতেন মা। কিন্তু গ্ৰামের আত্মীয়দের মুখে শুনতাম তাঁদের রাত্রি দুটো আড়াইটায় উঠে নতুন করে রান্না চাপাতে হতো। ভাত, রুটি, তরকারি যে যেমন খাবে সব টাটকা রান্না করে দিতে হবে বাড়ির বৌদের। এক সহকর্মীর মুখে শুনেছিলাম তাঁদের বাড়ির পুরুষরা নাকি এগরোল সহ মোগলাই, বিরিয়ানি ইত্যাদি খাবার খেতে চান। বান্ধবীর মা-দাদি তাই করে দেন রাত জেগে। অথচ রমজান সংযমের মাস।