লওণ্ডা নাচের ইতিকথা : শুচিস্মিতা ও ঈপ্সিতা
বুলবুলভাজা | অন্য যৌনতা | ০৮ মার্চ ২০১১ | ২৫৩৭ বার পঠিত | মন্তব্য : ৬
আর পাঁচটা সমবয়েসী ছেলের মত নয় ওদের জীবনযুদ্ধ। কারণ ওরা আলাদা। ওরা ছেলে হয়েও পুরোপুরি ছেলে নয়। কেউ জানেনা কে বেঁধে দিয়েছে পুরুষ ও নারীর লিঙ্গনির্দেশিত ও সমাজনির্দিষ্ট ছক কাটা আচরণবিধি। তবে এটুকু বোঝা গেছে সেই সংহিতা অনুসারে এই ছেলেদের চলাফেরা বাচনভঙ্গী - সবই জ্ঞমেয়েলিঞ্চ। অতএব এদের নিয়ে মজা লোটাই যায়। ব্যঙ্গ-বিদ্রূপে কোণঠাসা করাই যায়। ওদের সামনে তখন আর কোন পথ খোলা থাকে না অনিবার্যের কাছে নতি স্বীকার করা ছাড়া। আইনকে বুড়োআঙুল দেখিয়ে অশিক্ষিত দাই বা হাতুড়ে ডাক্তারের কাছে গোপনে লিঙ্গচ্ছেদন (castration) করিয়ে বেশ কিছু ছেলে ভিড়ে যায় ওদের নিজেদের লোকের দলে - তথাকথিত স্বাভাবিক মানুষের সমাজ যাদের "হিজড়ে' বলে ডাকে। সমীক্ষা বলছে হাতুড়ে চিকিৎসকের হাতযশে এদের মধ্যে পঞ্চাশ শতাংশই অকালে পৃথিবীকে বিদায় জানায়। আর বাকিরা মেয়ের পোষাকে নাচের দলে যোগ দিয়ে খুঁজে পেতে চায় নিজেদের মুক্তির পথ।
অর্কেস্ট্রা কোম্পানিগুলো ভাড়া নেয় এদের। চুক্তিতে লেখা থাকে একটা মোটা টাকার অঙ্ক। সাথে খাকা-খাওয়া ফ্রি। কিন্তু সেই টাকার খুব সামান্য অংশই এরা নিজের চোখে দেখতে পায়। ইউপি-বিহারের বিয়েতে বিয়েতে এদের ভাড়া খাটিয়ে কম টাকা রোজগার করে না এদের অন্নদাতারা। তবু এদের নির্ভর করতে হয় প্রতিটা নাচের শেষে বকশিসের ওপর। তিনমাস ধরে টানা নেচে রোজগার হয় হাজার ছয়েক মত। তার ওপর যদি ভাগ্য থাকে ভালো, যদি চেহারা হয় সুন্দর, নাচের ঠমকে যদি জাগে নেশা - তাহলে এই ছয়টা কখনো কখনো বারো হয়ে যেতে পারে। তবে মেহনতের এই রোজগারে এদের নিজের ভাগ খুবই সামান্য। এমনকি শূন্য হাতে বিদায় নেওয়াও বিরল নয়। বিয়ের মরসুম শেষ হলে দল ভাঙার পালা। যারা সদ্য পেশায় ঢুকেছে তারা প্রথম রোজগারের স্বাদ নিয়ে ঘরে ফেরে। অভিজ্ঞ নাচিয়েরা থেকে যায়। ইউপি-বিহার ছেড়ে এবার তারা দেশের অন্যান্য প্রান্তে ঘুরে বেড়ায় পরিযায়ী পাখির মত। স্থানীয় নাচাগানায় অংশ নেয়। মনোরঞ্জনের বিকিকিনি চলে সেখানেও।