একে ঠিক আত্মজীবনী বলা যাবে কি? : উপল মুখোপাধ্যায়
বুলবুলভাজা | বাকিসব : মোচ্ছব | ১৬ এপ্রিল ২০২৫ | ১৪৬৪ বার পঠিত
কলেজের কথা মনে পড়তে অরূপের কথা, তার পোর্টিকোর কথা আর মামাদের বা মামাতো ভাইবোনদের কথা মনে পড়ছে কেন কে জানে? মেজোমামার সঙ্গে অরূপকে রিলেট করানো যাবে কি? কী করে যাবে সেটাই তো বুঝতে পারছি না। এটা ঘটনা যে মেজোমামার টিবি হয়েছিল কিন্তু সেতো অল্প বয়েসে মারা যায়নি। দীর্ঘদিন পেন্দ্রারোর বলে একটা জায়গায় সেনিটোরিয়ামে ছিল।তখন স্টেপ্টোমাইসিন বেরিয়েছে, সেই ওষুধ আর সেখানকার হাওয়ায় মেজোমামার আর মরা হয়ে ওঠেনি। সে বেঁচে ফিরে এলো তবে ছেড়ে যাওয়া ডাক্তারিটা আর পড়তে ঢুকলো না কোনো কারণে। পরে সে সিনেমা করতে গেল, মানিক ব্যানার্জির পুতুল নাচের ইতিকথা কিন্তু সেটাও হয়ে উঠলো না করা।