বনপলাশীর ট্র্যাজিক বসন্তোৎসব : অতনু বিশ্বাস
বুলবুলভাজা | গপ্পো | ১৭ মার্চ ২০২২ | ১৩৫৩ বার পঠিত
সরু রাস্তাটা একটা বাঁক নিতেই সামনে দিগন্ত প্রসারিত খোলা আকাশ। আর তাতে যেন আগুন ধরেছে। পলাশের রঙে। একেই তো বলে বসন্তোৎসব। শয়ে শয়ে পলাশ আর তার লাল ফুলে রাঙা হয়ে আছে পৃথিবী। লাল বেনারসিতে পৃথিবী যেন বিয়ের কনে। প্রিয়দর্শীর চোখে-মুখে মুগ্ধতা ঝরে পড়ে। খানিক দূরে ঝিরঝিরে নদীটা বয়ে চলেছে। জল কম, কিন্তু যেটুকু আছে তা একেবারে কাঁচের মত স্বচ্ছ। নদীর ওপারে মাঠ আর মাঠ। খানিকটা হলদেটে সবুজ। খানিকটা লাল মাটি। বড্ড বেশি পরিষ্কার আর চকচকে আকাশটা। মাটির সঙ্গে মিশেছে অনেক দূরে কোথাও। খুব বেশি লোক এখনো খোঁজ পায়নি এই অপার্থিব জায়গাটার। এখনো তাই নদীটা তিরতিরে, পলাশে আগুন, আর বাতাসে এমন স্বচ্ছতা।