পাহাড়ে, বসন্তে : হিমাদ্রী ভট্টাচার্য
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২৭ জুলাই ২০০৮ | ৯২৪ বার পঠিত
এপ্রিল মাসের শুরুতে আমরা পাহাড়ে যাই। তখনও পাহাড়ে গোলমাল এতটা বেড়ে ওঠেনি। গোর্খাল্যান্ডের দাবীতে নতুন করে আন্দোলন সবে দানা বাঁধতে শুরু করেছে। খবরের শিরোনামে আসাও শুরু হয়েছে। এই উত্তাল হয়ে ওঠা পাহাড়ে খবর আমরা পাই মূলত: খবরের কাগজের মারফত। পাহাড়ের বাস্তবতা কি, সেখানে মানুষ কি ভাবছেন, রাজনৈতিক নেতারাই বা কি ধরণের চিন্তাভাবনা করছেন, সত্যি বলতে কি, এ সম্পর্কে আমাদের, সমতলের মানুষদের তেমন কোনো ধারণা নেই। পাহাড় যেন এক অজানা অঞ্চল, যার সঙ্গে আমাদের যোগাযোগ নেই। পাহাড়ের পটভূমিকা আমাদের অজানা, অনেকটা অবোধ্যও বটে। কলোনি আমলের মতো, পাহাড় যেন, আজও দেশের মধ্যে একটুকরো বিদেশ।