দুনিয়ার সকল ফিল্ম-গোষ্ঠী ও সিনেমাপ্রেমী বন্ধুদের কাছে একটি আবেদন : সাহরা কারিমি
বুলবুলভাজা | আলোচনা : রাজনীতি | ১৮ আগস্ট ২০২১ | ২৭২১ বার পঠিত
একজন চিত্রপরিচালক হিসেবে, বিগত বহুবছরের পরিশ্রমে, আমি এদেশে ফিল্ম-শিল্পের যে পরিকাঠামো তৈরি করতে সক্ষম হয়েছিলাম – আশঙ্কা হয়, তা অচিরেই ধ্বংস করে ফেলা হবে। পুরোদস্তুর তালিবান শাসন শুরু হলেই তারা সব ধরনের শিল্প ও চারুকলার চর্চাকে নিষিদ্ধ ঘোষণা করবে। আমি এবং আমার সকল সতীর্থ তাদের চক্ষুশূল হয়ে উঠব এবং আমাদের সবার নাম তাদের হিট লিস্টে উঠে যাবে। নারীর সকল অধিকার কেড়ে নিয়ে তাদের ঠেলে দেওয়া হবে অন্তপুরের অন্ধকারে, তাদের সমস্ত অভিব্যক্তির কণ্ঠরোধ করা হবে। ইতিপূর্বের তালিবান শাসনে একটি মেয়েও স্কুলে ছিল না। গত কুড়ি বছরে ৯০ লক্ষেরও বেশি আফগান মেয়েরা স্কুলে যেতে শুরু করেছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, যে ‘হেরাত’ শহরের (যা ইতিমধ্যে তালিবান দখলে চলে গেছে) বিশ্ববিদ্যালয়ে মোট ভর্তির প্রায় ৫০%-ই ছিল মেয়েরা। এমন সব সাফল্যের খবর কিন্তু বাকি দুনিয়ার কাছে পৌঁছয়নি।
মাত্র গত কয়েক সপ্তাহে তালিবানরা অসংখ্য স্কুল ধ্বংস করেছে আর তার ফলে প্রায় ২০ লক্ষ মেয়েরা আবার স্কুল-ছাড়া।