একক প্রদর্শনী : সমীর দাশগুপ্ত
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২৮ নভেম্বর ২০০৬ | ৯৩০ বার পঠিত
কলকাতার গ্যালারি-কালচারের একটি আপাতনির্দোষ লক্ষণ সন্মন্ধে ঘরোয়া আলোচনায় ঘুরে ফিরে বিরূপ মন্তব্য শোনা যায় বটে, কিন্তু সে-সন্মন্ধে বস্তুত কারো মাথাব্যথা নেই বলেই মনে হচ্ছে। শহরের কয়েকটি বাণিজ্যিক গ্যালারি কিছুদিন পরপর বেশ সাজিয়ে গুজিয়ে একেকটা প্রদর্শনী করেন। তাতে বিক্রিবাটা খারাপ হয় না, কিন্তু লক্ষ করলে দেখা যাবে দশ-বারোজন নির্দিষ্ট শিল্পীর কাজ নিয়েই এইসব পুনরাবৃত প্রদর্শনী আয়োজিত হয়ে চলেছে। আরো লক্ষণীয় যে গোটা পাঁচেক প্রতিদ্বন্দ্বী গ্যালারি- যেখানে এরকম ঘটনা ঘটছে- মূলত অভিন্ন শিল্পীতালিকা অনুসরণ করে চলেছে। নতুন নাম কদাচ চোখে পড়ে। আবার অজ্ঞাত কারণে একদা প্রশংসিত কিছু শিল্পী প্রায় চিরতরে বর্জিত হন। আলাদা আলাদা গ্যালারিগুলি যদি ভিন্ন তালিকা নিয়ে বিক্রির বাজারে নামত, তবে বহুগুণ বেশি শিল্পী বাণিজ্যিক পৃষ্ঠপোষকতা লাভ করতেন, এবং তার ফলে সামগ্রিকভাবে কলকাতার শিল্পীদের সর্বভারতীয় ছবির বাজারে বিস্তৃতি ঘটত, ছবির বাজারও বৈচিত্রের স্পর্শ পেত।