মাঠের কান্না ও আমি যেদিন একাকার : মৌসুমী বিশ্বাস
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১৬ মার্চ ২০১৯ | ১১৮১ বার পঠিত | মন্তব্য : ১৩
আমার তখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ। দাদার হঠাত মৃত্যু। পড়া ছেড়ে ঘরে ফেরা। সংসার আর চলে না। আমার মাথার উপর এসে পড়ল সব। মাত্র দুই বিঘা জমি তখন সম্বল। প্রাইভেট পড়িয়ে পয়সা এনে চলে না সংসার। পাশাপাশি চাষীদের দেখে চাষ শুরু করলাম। কোদাল হাতে প্রথম দিন চোখের জলে ভিজে গেল জমি। পয়সা নেই, রোদে থাকতে পারি না ঘণ্টার পর ঘণ্টা, চাষের পদ্ধতি জানি না, সবটাই প্রতিকূল।
শুরু করলাম চাষের বই পড়া। শুনতে শুরু করলাম আকাশবাণীর চাষের আলোচনা রেডিওতে। সেখানে জানলাম জমির মাটি পরীক্ষা প্রথম কাজ। মাটি নিয়ে গেলাম। ল্যাবরেটরিতে। সেখানে লোকজন আমাকে দেখে খুব অবাক। আমি নিজেই চাষী পরিচয় দেওয়ায় তারা খুব অবাক।