স্মৃতিতে শিলাইদহ : মেঘ অদিতি
বুলবুলভাজা | অপর বাংলা | ০৮ আগস্ট ২০১১ | ১২৮৫ বার পঠিত
কুষ্টিয়া শহর থেকে মাত্র কুড়ি মিনিটের পথ শিলাইদহ কুঠিবাড়ি। দেখতে দেখতে গ্রামের রাস্তার আঁকাবাঁকা পথ ধরে ঢুকতে থাকলাম প্রাচীন শহর কুমারখালী উপজেলায় অবস্থিত শিলাইদহ কুঠিবাড়ির দিকে। একসময় গ্রামটির নাম ছিল খোরশেদপুর। এই গ্রাম ঠাকুররা কিনে নেওয়ার আগে এখানে একটি নীল কুঠি ছিল। প্রবাদ এই যে সেই কুঠিতে শেলী নামের এক নীলকর সাহেব ছিল। পদ্মা ও গড়াই নদীর সঙ্গমস্থলে একটি দহ সৃষ্টি হয়েছিল, সেই দহর সঙ্গে শেলীর নাম জুড়ে গ্রামটির নাম দাঁড়ালো শেলীদহ বা শিলাইদহ। ঠাকুরদের জমিদারী দেখাশোনা করার জন্য সেকালে শিলাইদহ, পতিসর ও শাহাজাদপুরে কুঠিবাড়ি ও কাছারিবাড়ি নির্মিত হয়,এরই একটি কুঠিবাড়ি এই শিলাইদহ কুঠিবাড়ি। কবিগুরু ১৮৯৯ ও ১৮৯০ সালে জমিদারী পরিদর্শনে এলেও ১৮৯১ সালে শিলাইদহে জমিদারী পরিচালনার দায়িত্ব নেন। কুঠিবাড়ি পৌঁছানো মাত্রই আমাদের জানানো হল কুঠিবাড়িতে ঢোকার আগে কুষ্টিয়া পৌরসভার মেয়রের নির্দেশে কুঠিবাড়ির কাছাকাছি অন্য একটি ভবনে আমাদের জন্য দুপুরের খাবারের যে আয়োজন করা হয়েছে তা সেরে নিতে। পেটে খিদে থাকলেও মন কিন্তু পড়ে আছে কুঠিবাড়ির দিকে। কোনোরকম দুগাল খেয়েই দৌড়ে ঢুকেছি সেখানে।