একটি অতিবাস্তবিক গল্প : মলয় রায়চৌধুরি
বুলবুলভাজা | ইস্পেশাল : পুজো ২০১০ | ০১ অক্টোবর ২০১০ | ১৩৩৯ বার পঠিত
বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ও প্রখ্যাত সমকামী দেওতা খান্নার সেলাই করা উজ্জল লাল নিল সবুজ আর খয়েরি রঙের পোশাকে ওনাদের দেখে কে! পোশাকের ফেব্রিক ও নরম টেক্সচার পালক পালক| ঠোঁটে লাইক-মি লাল গোলাপী এমনকি কালচে লিপস্টিক, পোশাকের সঙ্গেই ম্যাচিং করা। দশ বারটি তরুণীর বকবকিয়ে দল যাকে বলে জেনারেশন এক্স, ডাবল এক্স, ট্রিপল এক্স, ওনাদের যিনি নেতৃস্থানীয়া, তাঁর নাম কমলেকামিনী দেবী। না, দেবী - দেবতা কাটেগরির দেবী নন ! হাজব্যান্ড মাত্রেই তো ড্যুড আর তাই হস্তান্তরযোগ্য বলে, উনি বরেদের পদবির মালিকানা সেই কবেই ত্যাগ করেছেন।