সলিলদা : আমার বন্ধু-শিক্ষক : বাসুদেব ঘটক
বুলবুলভাজা | আলোচনা : শিক্ষা | ২২ জুন ২০২১ | ৩১০৬ বার পঠিত
সলিলদা মনে হয় একটা সত্যকে জীবনের ধ্রুব করে নিয়েছিলেন, সেটা হল --- 'শিক্ষা আমার ব্রত'। বাচ্চাদের ইংরাজি শেখাতেন কিন্তু তাদের সঠিক উন্নতির জন্য, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাবতেন। 'কোমা গাতা মারু' নামে একটি জাহাজ ব্রিটিশ আমলে বজবজের কোন একটা ঘাটে ভেড়ে, সেখানে বিদ্রোহী জাহাজিদের সঙ্গে ব্রিটিশের যুদ্ধ হয়, অনেকে শহিদ হন। তাদের স্মৃতিস্তম্ভ দেখাতে সলিলদা বাচ্চাদের নিয়ে চললেন। রবীন্দ্রনাথের জোঁড়াসাঁকোর বাড়ি দেখাতে একবার বাচ্চাদের নিয়ে গেলেন। আই এস আই তে ডাইনোসরের একটা ফসিল আছে সেটা দেখাতে একবার নিয়ে গেলেন। সর্বত্রই ওঁর বন্ধুবান্ধব ছিলেন, তাঁরা এই সব কাজে সলিলদাকে সাহায্য করতেন। সলিলদা বাচ্চাদের ইংরাজি গান শোনাতেন ইংরাজি সিনেমা দ্যাখাতেন। আবার সুমনের গানও শোনাতেন। ছাত্র-ছাত্রীদের সঙ্গে সলিলদার কোনো দূরত্ব ছিল না।