জোনাকি এবং ডোরেমিরা : পার্থসারথি গিরি
বুলবুলভাজা | গপ্পো | ১৮ অক্টোবর ২০২১ | ৩২৫০ বার পঠিত | মন্তব্য : ৪
সত্যবতী চাঁপাডাল ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এক টুকরো জিরো ডিগ্রি পাড়বে ভেবেছিল সন্ধের মুখে। তখন আকাশ পিঙ্গল বর্ণ। সত্যবতীর তলপেটে রজঃকালীন ব্যথা মাঝে মাঝে চাগাড় দিচ্ছিল। চাঁপা ডালে-ডালে আঁধার এলে চম্পকনগরে নৈশকালীন আয়োজন। পাতায় দালানে খোলাছাদে পরাগধানীতে প্রাত্যহিক নিজ হস্তাক্ষরের উৎসব শুরু হয়। রোজ রোজ উৎসব। রোজ রোজ নির্বাক কার্নিভাল। দিনমান গেলে একশরীর সহস্রারে সহস্রধারে ফেটেফুটে শালুকে ক্রিসান্থিমামে কুচি কুচি শরীরে ভেঙে ভেঙে উতল ফ্লেমিংগো। খোলাছাদে ঝুঁকে পড়া ডাল থেকে টুপ টুপ চাঁপা ঝরে আর-- আর মাংসখেকো হায়নার মতো ক্ষুধিত শরীরেরা এক শরীরকে উদ্দেশ করে খিস্তি মারে, শিঁষ দেয়, কোমরে পাক মারে বলে সে এক নকটার্নাল বৈকি!