বাঙালি মুসলমান নারীর ইতিহাস : জয়িতা বাগচী
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০৭ মার্চ ২০১১ | ১২৯০ বার পঠিত
নতুন নারী-নির্মাণের কাজটি বাঙালি হিন্দুরা এর একশো বছর আগে করেছিলেন। আকিমুন এই তথ্যটি দিলেও তার ইতিহাসটি সম্পূর্ণ অগ্রাহ্য করেছেন। শিক্ষিত সহধর্মিণীর জন্য এক প্রজন্মের পুরুষের চাহিদা তৈরি হওয়া মাত্র হিন্দু পরিবারের গুরুজনেরা তাঁদের মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে, তাদের জন্য মেম গভর্নেস রেখে বিটোফেন সম্পর্কে শিখিয়ে, খোলা গাড়িতে স্বামীর পাশে বসে হাওয়া খাওয়ার উপযুক্ত করে তুলেছিলেন - এ চিত্র আদৌ ঐতিহাসিক নয়। একটু মনোযোগ দিয়ে ইতিহাস পাঠ করলেই আকিমুন বুঝতেন যে অন্দরমহল থেকে মহিলাদের সদরে আসার পথ তৈরি করার জন্য কয়েক প্রজন্মকে হিন্দু সমাজের নানান অর্গল ভাঙতে হয়েছে। সে লড়াই যে সব সময়ে পুরুষের উদারতার কারণেই সম্ভব হয়েছিল, তাও নয়।