শেষ পেগের আগে : কাজল শাহনেওয়াজ
বুলবুলভাজা | ইস্পেশাল : উৎসব ২০১৪ | ১৯ অক্টোবর ২০১৪ | ১১৩৩ বার পঠিত | মন্তব্য : ১
ড্রাগের জীবন আর মদ্যপানের জীবন একেবারেই আলাদা! মদ্যপানের একটা সামাজিক লেনদেন আছে। তবে ঢাকা আর দেশের বাদবাকি শহরগুলির মধ্যে এক বিরাট ড্রিংকিং-ডিভাইড শক্ত ভাবে প্রতিষ্ঠিত। ঢাকায় থেকে ভাবাই যায় না বাইরের বিভাগীয় শহরগুলির (চট্টগ্রাম স্পেশাল) কী নিদারুণ অবস্থা... জেলা বা উপজেলা তো আবছা... ধনী বা গোছানো কর্পোরেট তরুনদের কথা আলাদা... কিন্তু বাকি মদ্যবিত্তদের কত যে নিপিড়নের আর না পাওয়ার ভিতর দিয়ে যে দিন যাপন করতে হয়! তবে কয়েকটা হটস্পট আছে... একটু যোগাযোগ করলে কেরুর একনম্বর বাংলা মদ পাওয়া যেতে পারে... যা এক কথায় অপূর্ব! আমি যে কয়টার কথা জানি: প্রথমেই স্বয়ং দর্শনা (যেখানে কেরুর ফ্যাক্টরি), কুষ্টিয়া, পার্বতীপুর...বগুড়া/ময়মনসিংহ/টাঙ্গাইল। তবে এই জিনিসটাই বহুহাত ঘুরে প্রান্তিক জনপদে গিয়ে কি হয়, তার একটা নমুনা পাইছিলাম কফিল এর সঙ্গে গিয়ে... কিশোরগঞ্জের করিমগঞ্জের সদর থেকে ৩/৪ কিলোমিটার দূরে এক নির্জন গ্রামে বসে পান করতে গিয়ে! কই মিল গেটের মিষ্টি গন্ধযুক্ত দেশি সখি... আর কই পলিথিনে আনা কলের পানির সঙ্গে কয়েক ফোঁটা হোমিওপ্যাথি গন্ধ। চেনা লোকের কাছ থেকে আনা বলে এতে সে ঘুমের ঔষধ মেশায় নাই। কিন্তু কোনই মেরিট নাই।