আমার ক্যুইয়র সত্ত্বা আর আমি : ঋষভ
বুলবুলভাজা | অন্য যৌনতা | ০৩ জুলাই ২০২২ | ২৭৬৪ বার পঠিত | মন্তব্য : ৪
ইংরেজিতে ক্যুইয়র কথাটার সাধারণ মানে “অদ্ভুত” বা “উদ্ভট”। এই শব্দটার সাথে এক দীর্ঘ ইতিহাস জড়িয়ে আছে। ইতিহাসে দেখা যায় যে ক্যুইয়র কথাটা ইংরেজি সাহিত্যে এবং কথ্য ভাষায় ব্যবহার হতো যা কিছু অদ্ভুত তার প্রিফিক্স হিসেবে। বিংশ শতাব্দীর গোড়ায় এই শব্দটি ব্যবহার হতে লাগল অপমানসূচক ভাবে, গাল হিসেবে, বুলি করার জন্য - এবং মূলত সমকামী-রূপান্তরকামী মানুষদের জন্য।
এটার মানে এই নয় কিন্তু যে ক্যুইয়র ব্যাপারটা বিদেশী। আমাদের বিরুদ্ধে অনেক সময়েই শুনি, যে আমাদের আন্দোলনটা নাকি গভীর একটা চক্রান্ত। রাজনৈতিক অবস্থানের ওপর নির্ভর করে নানান ন্যারেটিভ বেরোয়। সনাতনপন্থীরা বলেন যে আমরা নাকি ভারতীয় সংস্কৃতির কেউ নই, আদপে আমরা পশ্চিমি ষড়যন্ত্রের সভ্যতা দুর্বলকারী সংস্কৃতিভাঙানি কাপুরুষ।