শহর থেকে নন্দীগ্রাম : আত্রেয়ী দাশগুপ্ত
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২৩ এপ্রিল ২০০৭ | ৯১৩ বার পঠিত
"কেন এসেছেন আবার আপনারা? কি করবেন? কিছু করতে পারবেন? ঐ হারামজাদাগুলোর ফাঁসি দিতে পারবেন? এখোনো যে দিনরাত গুলি বোমা চালাচ্ছে ঐ হারামীগুলো' -- শীর্ণকায়া বৃদ্ধা, লম্বা আঙ্গুল নেড়ে নন্দীগ্রামে আমাদের অভ্যর্থনা জানালেন। তাঁর অর্ধোন্মাদ তীক্ষ্ম গলা আরো একবার শুনলাম প্রজিত-অমিতাভ-সিতাংশুর তথ্যচিত্র "উন্নয়নের জন্যে'র শেষে। কেন গেছিলাম? কেন যাচ্ছি এই প্রশ্ন বার বার করেছি নিজের কাছে। তিন সপ্তাহের কোলকাতা ভ্রমণ, প্রতিবারের মত আত্মীয় স্বজনের বাড়ি নেমন্তন্ন, কিছু নাটক, সিনেমা, কেনাকাটা, বন্ধুর বাড়ির বারান্দায়ে রাত ভোর মদ/সিগারেট, বাইরে খাওয়া, কিছু দায়িত্ব, সামাজিকতা এই দিয়েই তো শেষ হতে পারত। আর বার বার মনে হয়েছে এ কি মিউজিয়াম দেখতে যাওয়া?