অশ্রাদ্ধজ ভূত - কতিপয় আধিভৌতিক প্রশ্ন : অশোক মুখোপাধ্যায় (নান্দীমুখ)
বুলবুলভাজা | আলোচনা : সমাজ | ০৮ জানুয়ারি ২০২৩ | ১৭৫৩ বার পঠিত | মন্তব্য : ১
বরানগর নিবাসী, কলিকাতাস্থ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট-এর ভাষাতত্ত্ব বিভাগের জনৈক বিশিষ্ট ভূতপূর্ব অধ্যাপক তাঁহার পিতা মাতার মৃত্যুর পর যথাবিহিত শ্রাদ্ধশান্তি করান নাই। নিজ পল্লীতে তিনি ও তাঁহার পরিবার “নাস্তিক” বলিয়া পরিচিত। ইহাতে উক্ত ভদ্রলোকের ঊর্ধ্ব পিতৃপুরুষের (জেনানাকুলও তাহার অন্তর্ভুক্ত বলিয়া গণ্য করিতে হইবে) দেহত্যাগী আত্মাসমূহের পিণ্ডলাভ ঘটে নাই, তাহারা জল পায় নাই। সুতরাং ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হইয়া তাহারা পুরাতন লোকালয়ে আসিয়া যে কথঞ্চিত দৌরাত্ম্য করিবে, ইহাতে বিস্ময়ের কিছু মাত্র নাই। তথাপি, যাঁহারা ইহাতে সত্যই বিস্মিত হইতেছেন, তাঁহাদিগকে আমি পুরাতন শাস্ত্রসমূচয় পুনর্বার পাঠের জন্য সনির্বন্ধ অনুরোধ করিতেছি।
সমস্যা আরও জটিলতর হইয়া উঠিয়াছে, শোনা যাইতেছে, সেই পূর্বাত্মাগণ সংশ্লিষ্ট লোকালয়ে আগমন করিয়া তাহাদিগের নিজস্ব আপন আপন পুরাতন আস্তানা খুঁজিয়া পাইতেছে না। ফলত, তাহারা ক্ষুন্নিবৃত্তির তাড়ণায় এবং তৃষ্ণা নিবারণার্থ যত্র তত্র প্রবেশ করিতেছে, অপরাপর অনাত্মীয়গণকেও নাকি যারপরনাই বিরক্ত করিতেছে। স্বাভাবিক।