ইন নদীর শহরে : অংশু ভট্টাচার্য
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২১ জুলাই ২০২০ | ২৭৪২ বার পঠিত | মন্তব্য : ২
তবে ডিনার পর্বের এখনও বাকি আছে। অর্ডার নিয়ে সুন্দরী ওয়েট্রেস চলে যাবার পর আবার শুরু হল আলাপ। বিষয় থেকে বিষয়ে ভাসছি যেন বানের জলে কলার ভেলার মতন। এরই মধ্যে কিঞ্চিৎ পানীয়। এ বিষয়ে ভাষার অবতার বোধগম্যতা সমস্যা হয়নি অবশ্য। এবং তারপর অপূর্ব ক্রিম ও গাজরের স্যুপ। যদি অভয় দেন তো বলি, ইউরোপীয় কন্টিনেন্টালস্যুপ এখনও চিনে স্যুপকে দশ উইকেটে ইনিংসে হারাবে। তা চিনেরা সারা পৃথিবী যতই তাদের খাবারে ছেয়ে ফেলুন না কেন। তারপর একসময় প্রধান পদটিও এসে গেল। অবশ্য মাছ বাদে তাতে আছে চটকে মাখা আলু সেদ্ধ আর একজামবাটি সালাদ, যার অনেকগুলো পাতা যে খাদ্য আগে জানতাম না। সেদ্ধ মাছটি একাই যদিও কাফি ছিল। ট্রাউট জাতীয় কোনো মাছ, বিঘৎ খানেক সাইজ। ইন নদীতে প্রায় সারা বছরই পাওয়া যায় এমনটাই শুনলাম। অস্ট্রিয়ান জার্মান নামটাও শুনেছিলাম, কিন্তু ওইটুকু মাছের অত বড়ো খটোমটো জার্মান নাম মনে রাখার মতো এলেম আমার নেই।