লীলাবতীর মানসকন্যা : সুশান কোনার
বুলবুলভাজা | আলোচনা : বিজ্ঞান ও প্রযুক্তি | ০৮ মার্চ ২০২০ | ২৪১৬ বার পঠিত | মন্তব্য : ২
নারীর বিদ্বান (বিদুষী) হয়ে ওঠার পথটি কখনোই সহজ ছিলনা, আজও নেই। অদূর ভবিষ্যতেও যে অবস্থার খুব পরিবর্তন হবে এমন আশা এখনও করা যাচ্ছে না। কারণ মানবসমাজে নারী-পুরুষের বৈষম্যের মূল অতি গভীর। অন্য অনেক প্রাণীই যূথবদ্ধ হয়ে থাকলেও মানবসমাজ প্রথম থেকেই স্বতন্ত্র - নারী-পুরুষের ভূমিকার দিক থেকে। এর কারণ নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। সকলে যে একমত এমনও নয়। কিন্তু এটা অনস্বীকার্য যে মানুষের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যই এর প্রাথমিক কারণ। মানুষ এক নখ-দন্ত-লোম-পালক-বিহীন প্রাণী। প্রাকৃতিক শীতাতপ, ঝড়-ঝঞ্ঝা বা শ্বাপদের আক্রমণ - কোনকিছু থেকেই নিজেকে রক্ষা করতে সমর্থ নয় তার শরীর।