গোধূলি গগনে নব পত্রালিকা : শিবাংশু দে
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০৯ মে ২০২০ | ৪৫৫৫ বার পঠিত | মন্তব্য : ১৫
রবীন্দ্রসঙ্গীত অপ্রগলভ মানুষের শিল্প। গত দু'দশক ধরে আমাদের দেশে জীবনযাপনের চালিকাশক্তি হলো বাজার অর্থনীতি। প্রতিটি মানুষ, প্রতিটি জীবনের মূল্য ধরা হয় বাজারে তাদের চাহিদা কতোটা রয়েছে, সেই মাপে। ইংরিজিতে একটা শব্দ রয়েছে ' স্ট্রিট স্মার্ট' । বাংলায় বলা হয় ' চালাকচম্বা '। বিশেষণটির মধ্যে হয়তো কিঞ্চিৎ কৌণিক ব্যঙ্গ থাকে। কিন্তু আমরা লক্ষণটিকে এ যুগের জাগতিক সাফল্যের চাবিকাঠি মনে করি। আমাদের সন্তানদের উদ্বুদ্ধ করি এই 'গুণ'টি আয়ত্ব করতে। তারাও সেভাবে বেড়ে ওঠে। জাগতিক সাফল্য কতোটা আসে তার বিচার সব সময় করে ওঠা যায়না। কিন্তু তাদের উদ্বৃত্ত সময়ে গভীরতর চিন্তার পরিসরটি কমে যায়। উদাহরণ হিসেবে 'রবীন্দ্রসঙ্গীত' নামক চিন্তার অঙ্গনটির কথা ভাবা যেতে পারে। এই শিল্পটি যতোটা 'সরল' বোধ হয়, সেটা বোধ হয় ততোটাই কঠিন। 'কঠিন' বলতে বোঝাচ্ছি ফাঁকি দিয়ে এর তল পাওয়া যায়না। এই ধারাটি গাইতে যাওয়ার আগে তাকে পড়তে হয়। সযত্নে, সাবধানে, ভালোবেসে। প্রতিটি শব্দ থেকে, নির্মাণ থেকে উঠে আসে নতুনতর অর্থ, ব্যঞ্জনা, তাৎপর্য। বিশ বছর বয়সে যে গানটি যেভাবে পড়েছিলুম, ষাট পেরিয়ে তার অর্থ বা ব্যঞ্জনা আমার কাছে আলাদা হয়ে গেছে।