সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের জমানায় ইসলাম : মুসতাইন জহির
বুলবুলভাজা | | ৩০ জানুয়ারি ২০১১ | ১৩৬৮ বার পঠিত
লেখক বইয়ের ব্যাক-কভারে পাঠকের কাছে একটা আহ্বান রেখেছেন বিজ্ঞাপন আকারে। কষ্ট উপশমের জন্য এই উপাখ্যান পড়ে বেদনা ভাগাভাগি করতে। বলেছেন, আমরা প্রতিনিয়ত আমাদের মুসলমান এবং বাঙালি এই দুই পরিচয় নিয়ে রক্তাক্ত হই। কেন হই, কারা করে? তিনি উল্লেখ করছেন, সেটা হই আমরা আবার দুইদিক থেকে। বাইরের দিক থেকে উন্নত বিশ্বের মানুষ আর ভেতরের দিক থেকে "আমাদের পাহাড়সম জাতীয় অজ্ঞতা, পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে উঠতে মানুষের অনীহা, ধর্মের নামে প্রতারিত হওয়ার জন্য উন্মুখ হয়ে থাকা'ই কারণ-পদার্থের অন্যতম। দু:খের মধ্যে আরো কী আছে সেটা দেখতেই প্রলুব্ধ হয়েছিলাম বইমেলা থেকে বইটি কিনতে। সাথে সবিস্তারে কাহিনীকল্পনার রসায়নে কি উত্তর তিনি তৈরি করেছেন সেটা পরখ করে দেখারও ইরাদা ছিল বৈকি। "ইতিহাস', "ধর্মতত্ত্ব' আর "দর্শনের' উপাদান মিশিয়ে বর্তমনকালের হাড়িতে বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের যে খিচুড়ি পরিবেশিত হয়েছে তাতে এই জনগোষ্ঠীর দেহে সত্যিকার আঘাতের ক্ষতবিক্ষত রক্তচিহ্ন, আত্মমর্যাদা ও অধিকার আদায়ের লড়াইগুলো উধাও হয়ে গেছে। সমস্ত আয়োজন ঘিরে রেখেছে "অজ্ঞতার পাহাড়' প্রদর্শনের কাফেলা আর "ধর্মের নামে প্রতারিত হওয়ার জন্য উন্মুখ' থাকা মুসলমানদের আমেরিকান ইসলামের নির্বিচার ভোক্তা বানানোর উপদেশ। প্রকল্পের দিক থেকে এটা সাম্রাজ্যিক খায়েশেরই উত্তম বহি:প্রকাশ।