স্বাস্থ্যবিমা: দুই বিড়ালের যুদ্ধ : বরুণ কাঞ্জিলাল
বুলবুলভাজা | আলোচনা : স্বাস্থ্য | ২৮ ডিসেম্বর ২০২০ | ২৭৪৬ বার পঠিত | মন্তব্য : ২
স্বাস্থ্য বাজারের সওদাগররা – অর্থাৎ কিছু বেসরকারি হাসপাতাল - এই সার্বজনীন বিমা ব্যবস্থার পুরো ফয়দা তোলার জন্য নানারকম রাস্তা নিতে পারে যার সবগুলিই খুব স্বচ্ছ বা সৎ নয়। বস্তুত এরকম ব্যবস্থায় চিকিৎসার ব্যয় আরও দ্রুত ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ হাসপাতাল বা রোগী কারোরই খরচ কমানোর কোন উৎসাহ থাকে না। উভয়েই জানে সরকার টাকা দিচ্ছে; সেক্ষেত্রে একটি অসাধু হাসপাতাল প্রয়োজনের তুলনায় বেশি চিকিৎসা দেখিয়ে বিল ফাঁপিয়ে তুলতে পারে রোগীর অজান্তেই বা রোগীর প্রচ্ছন্ন সমর্থনে। এই দুর্নীতির রাস্তা বন্ধ করা খুবই কঠিন, বিশেষত যেখানে নিয়ন্ত্রক সংস্থাগুলির অস্তিত্ব খুব দৃশ্যমান নয়।