ছায়া : পার্থজিৎ চন্দ
বুলবুলভাজা | কাব্য | ০২ মে ২০২৩ | ২৪৬৫ বার পঠিত | মন্তব্য : ১
তোমার ভেতর একটি পতঙ্গ আছে, অবাক ডানার
হাসিমুখে সারাদিন ফুলে ফুলে ঘোরে। কিন্তু তুমি জানো বি-কিপার
সরল মেশিন হাতে বন্দরের দিকে গেছে। লুব্ধ ক্ষারের মেশিন
অতি দ্রুত প্রহরকে খায়, জলযান খায়, ভাষাভঙ্গি খায়
মাতাদোর ও ষাঁড়ের মধ্যে পড়ে থাকা চিৎকার
হামাগুড়ি দিয়ে মেশিনের পেটের ভেতর ঢোকে
তবু পতঙ্গ তোমার বিকেলবেলায় অর্কিড-হাউস ঘুরে
পাইনের দিকে আসে।