আমার পুজো : দেবশ্রুতি রায়চৌধুরী
বুলবুলভাজা | ইস্পেশাল : পুজো ২০০৬ | ০১ অক্টোবর ২০০৬ | ১৩৫৭ বার পঠিত
সাত তলার অ্যাপার্টমেন্ট থেকে দুড়দাড় করে লিফ্টের দিকে এগোতে এগোতে আকাশ দেখার চেষ্টা করি আমি -- আর রোজের মতো আরও একবার বুঝতে পারি কার্পেটে মোড়া এই করিডোরে কোথাও এমন ফাঁক নেই, জানলা তো দূর অস্ত, যেখান দিয়ে একফালি আকাশ দেখা যায়! অথচ দেশে থাকতে পুজো মানেই তো আগে আকাশের দিকে চোখ রাখা- ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর হিসেবে আকাশের রং গাঢ় বা হাল্কা হওয়ার হিসেব কষে নেওয়া- শরতের আকাশের "নীলত্ব" আর বাঙালির "পুজোত্ব"কে এক করে দেওয়ার সে অভ্যেস বিলেতের এই এত বছরের বসবাসের অভ্যেসেও অনভ্যাস হয়ে ওঠে না কোন তাগিদে? ভাবতে ভাবতে পেন্টন রাইসের রাস্তা বেয়ে কিংস ক্রসের মোড়ে চলে এসেছি। কখন, টের পাই নি। টের পেতে চাইও নি বোধহয়! বৃষ্টিভেজা, মেঘকালো লন্ডনের সকালে সকালের কোনো রংই লাগে নি