পিপীলিকাভূকের পিছনে : জেরাল্ড ডারেল
বুলবুলভাজা | ইস্পেশাল : পুজো ২০১০ | ০১ অক্টোবর ২০১০ | ৮৫৬ বার পঠিত
আমাদের রুপুনুনি যাওয়ার একটা প্রধান উদ্দেশ্য ছিলো একটা দৈত্য পিপীলিকাভূককে পাকড়াও করা, কারণ শুনেছিলুম এগুলোকে গায়ানার জঙ্গলের থেকে খোলা মাঠে ধরাটা অপেক্ষাকৃত সহজ।
তাই কারানাম্বো পৌঁছোবার পর তিন দিন ধরে আমরা পিঁপড়েখোর ছাড়া আর কিছু নিয়েই হ্যাজাইনি; শেষ অবধি ম্যাকটার্ক ভরসা দিলো যে সে ব্যাপারটা নিয়ে দেখছে। সেইমতো একদিন সকালে ব্রেকফাস্টের পরপর একটি বেঁটেখাটো আমেরিন্ডিয়ানের আচমকা উদয় হলো, এদের চিরাচরিত নি:শব্দ ভঙ্গীতে। লোকটার ব্রোঞ্জরঙা মঙ্গোলীয় মুখের কালো, চেরা চোখদুটোয় একটা লাজুক চাউনি না থাকলে নির্ঘাৎ শয়তান বলে মনে হতো।