প্ + র্ + এ + ম্ + অ : চন্দ্রিল ভট্টাচার্য
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০৩ জুন ২০০৮ | ১৬২৭ বার পঠিত
প্রেম আবিষ্কৃত হয় ১১৭৪ সালে। ত্রুবাদুর-চূড়ামণি আন্দ্রিয়াস ক্যাপেলানাস সংজ্ঞা দেন, 'বিপরীত লিঙ্গের মনুষ্যের সন্দর্শন ও তাহার সৌন্দর্য্য সম্পর্কে অহোরাত্র চিন্তনের ফলে হৃদয়ে যে বিশেষ জন্মগত বেদনা অনুভূত হয়, তাহাই প্রেম। ইহার কারণে উভয় লিঙ্গের মনুষ্যেরই প্রধান আকাঙ্ক্ষা হইয়া দাঁড়ায় অপরের আলিঙ্গন ও পরস্পরের পূর্ণ সম্মতিক্রমে প্রণয়ের অন্যান্য প্রকরণ অভ্যাস'। অর্ক চট্টরাজের 'মধ্যযুগের চারণকবি' গ্রন্থে অনূদিত এই বিখ্যাত সংজ্ঞা নিয়ে পরে যখন ধুন্ধুমার সেমিনার হল 'অ্যাকাডেমিক সেন্টার'-এর ব্যবস্থাপনায়, মনীশ পাড়ুই বললেন, 'জন্মগত হলে সে অনুভূতিকে আবার বিপরীত লিঙ্গের 'সন্দর্শন'-এর অপেক্ষা করতে হল কেন?