খেলার পুতুল কিংবা লকডাউন মনোলগ : এমদাদ রহমান
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০১ মে ২০২০ | ৩০১২ বার পঠিত
মৌসুমি ভৌমিক একা একাই গেয়ে যান বৃষ্টির গান আর আমি জানলা দিয়ে দূরে, বহুদুরে, আলো-অন্ধকারে, মধ্যরাতের নিঃসঙ্গ বার্চ কিংবা ওক গাছগুলির দিকে তাকাতে তাকাতে মনে করতে চেষ্টা করছিলাম- ‘রাত্তিরে, বুনোহাঁস যখন আকাশে ওড়ে’ লাইনটি কবে কখন কার লেখায় পড়েছিলাম!
অথচ আমার এখন মুস্তাফা সিরাজের ‘অলীক মানুষ’ নিয়ে ভাবার কথা, কিন্তু আমি কবেকার পড়া গল্পের লাইন নিয়ে ভাবছি! আর এদিকে মৌসুমী ভৌমিক গেয়ে চলেছেন বৃষ্টির গান। অথচ আমি সারাদিন ধরে ভাবছিলাম জীবন খুলে সব বনুয়া পাখি উড়িয়ে দেব আর কবি হুইটম্যানের মতো মাঝরাতে তাদের দেশান্তর দেখব…হঠাৎ লকডাউন হয়ে যাওয়ায় সব কিছু যেন স্তব্ধ হয়ে গেছে। চার দেয়ালে থমকে গেছে সব কথা।