জিন সাম্রাজ্যবাদ বিষয়ক কিছু বক্তব্য : অভ্র চক্রবর্তী
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০৫ জুন ২০১৯ | ২৩৮৫ বার পঠিত | মন্তব্য : ১০
১৯৩৫ খ্রীষ্টাব্দে বিখ্যাত সোভিয়েত বিজ্ঞানী ভ্যাভিলভ তাঁর বিখ্যাত গবেষণায় পৃথিবীর নয়টি অঞ্চলকে চিহ্নিত করেছিলেন যেগুলিকে জিনসম্পদের উৎস বলা চলে। ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়া, চীন, ইরাকঅঞ্চল, দক্ষিণ আমেরিকার চিলি ও আন্দিজঅঞ্চল, মেক্সিকো—অঞ্চলগুলি ছিল এরকম। পরবর্তীতে মার্কিন বিজ্ঞানী হারল্যান-এর গবেষণাতেও (১৯৭১খ্রীষ্টাব্দ) এই ব্যাপারটা প্রমাণিত হয়। মানুষ যতরকমের শস্য বা প্রাণী ব্যবহার করে, তার কতগুলো নির্দিষ্ট উৎসকেন্দ্র রয়েছে অর্থাৎ সেন্টার অফ অরিজিন। মানে জিনসম্পদ সারা পৃথিবী জুড়ে সমানভাবে ছড়িয়ে নেই। জিনসম্পদের সাথে খনিজ তেল বা কয়লার পার্থক্য রয়েছে। সেগুলি একান্তই প্রকৃতির দান। মানে, পৃথিবীর কোথায় খনিজ তেল বা কয়লা আছে, সে ব্যাপারে মানুষের কোনও হাতই নেই; তবে এগুলি উত্তোলনের প্রযুক্তি তার করায়ত্ত হতে পারে। জিন সম্পদ কিন্তু নিছক প্রকৃতির দান শুধু নয়।