অস্তিত্বের আহ্বান : অচিন্ত্য দাস মজুমদার
বুলবুলভাজা | অন্য যৌনতা | ০৩ মে ২০২০ | ৪১৬০ বার পঠিত | মন্তব্য : ১৪
কিন্তু এত খাপছাড়া নিত্যনতুন সৃষ্টির সমাহারে বেচারা মানবকূল একেবারে থৈ পায় না। নিজেদের ক্ষুদ্র সীমায়, সীমিত বোধের ছাঁচে সবকিছুকে ফেলে তবে নিশ্চিন্ত বোধ করে। এই অজ্ঞান জাতির বোধে এটুকু কুলোয় না যে, একজন মানুষের সঙ্গে অন্যজনের একটা আঙ্গুলের ছাপও যেখানে মেলে না, সেখানে কোনো একজন গোটা মানুষকে বেশীরভাগের মতো করে মিলিয়ে দেখার চেষ্টা হীন মুর্খামো ছাড়া আর কিছু নয়। অবশ্য স্বয়ং সৃষ্টিকর্তাকেই যাঁরা বেঁধে-ছেঁদে ফুল-বাতাসায় নামিয়ে এনে কেবল স্বার্থসিদ্ধির যন্ত্রে পরিণত করেছে, সেখানে তাঁর সামান্য সৃষ্টি আর কত মর্যাদা আশা করতে পারে...! আমরা যাঁরা অন্তরাত্মার আহ্বান শুনে নিয়ম-নিগরের তোয়াক্কা না করে সগর্বে নিজেদের অস্তিত্বের কথা জানান দিই, তাঁরাই এই মানবসভ্যতার কাছে বেখাপ্পা, অদ্ভুতুড়ে, কিম্ভুতকিমাকার এক মুর্তিমান দ্রীঘাংচু।