উইকিলিক্স! উইকিলিক্স! : অচিন্ত্যরূপ রায়
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২০ ডিসেম্বর ২০১০ | ১২০৫ বার পঠিত
ওবামা মুখে যতই স্বচ্ছতার কথা বলুন না কেন, গোপনীয়তাই তাঁর সরকারেরও প্রধান অস্ত্র। সে গোপনীয়তার বেড়া যারা ভাঙ্গে, তাদের ক্ষমা নেই। লৌহ যবনিকা শুধু লাল ছাপ-মারা দেশগুলিরই একচেটিয়া সম্পত্তি নয়।
সুতরাং জুলিয়ান অ্যাসেঞ্জ শত্রুপক্ষের লোক, এবং / অথবা স্পাই। মার্কিন স্টেট ডিপার্টমেণ্টের প্রাক্তন আফিসার ক্রিশ্চিয়ান হুইটনের মতে উইকিলিক্সের পুরো টিমটাকেই "শত্রু সৈন্য' হিসেবে চিহ্নিত করা উচিত। তাদের বিরুদ্ধে "নন-জুডিসিয়াল অ্যাক্শন' নেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি। ওবামা প্রশাসন পরিষ্কার জানিয়ে দিয়েছে অ্যাসেঞ্জের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ আনার কথা ভাবা হচ্ছে। সেনেটর ডায়েন ফেইনস্টাইন বলেছেন ১৯১৭ সালের এসপিওনেজ অ্যাক্টে বিচার হওয়া উচিত অ্যাসেঞ্জের। (উল্লেখ করা যেতে পারে, উড্রো উইলসনের সময় এই আইন চালু করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের বিরোধীদের মুখ বন্ধ করার জন্য। ১৯১৮ সালে সোশ্যালিস্ট কর্মী ইউজিন ডেব্সকে এই আইনে গ্রেফতার করা হয়েছিল। কারণ, যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছিলেন ডেব্স।) প্রতিটি "লিক'-এর জন্য অ্যাসেঞ্জকে দশ বছরের জেল দেওয়া হোক, বলেছেন ফেইনস্টাইন। অর্থাৎ ২৫০০০০ তথ্য ফাঁসের জন্য ২৫ লক্ষ বছর জেল খাটতে হতে পারে উইকিলিক্স প্রতিষ্ঠাতাকে!